প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:০৭ পিএম আপডেট: ১৫.১১.২০২৬ ১২:০৮ পিএম
মানুষের মধ্যে সহনশীলতার চর্চা ও এ বিষয়ে সচেতনতা বাড়ানোই দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য। ছবি : সংগৃহীত আগামীকাল ১৬ নভেম্বর আন্তর্জাতিক সহনশীলতা দিবস। ১৯৯৬ সাল থেকে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। মানুষের মধ্যে সহনশীলতার চর্চা ও এ বিষয়ে সচেতনতা বাড়ানোই দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য। পাশাপাশি অন্যের সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সমাজে অসহিষ্ণুতা ও বৈষম্যের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরিতেও দিনটি গুরুত্ব বহন করে।
১৯৯৫ সালের ১৬ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে ‘সহনশীলতা নীতির ঘোষণাপত্র’ গ্রহণ করে। ঘোষণায় সহনশীলতার মূল্যবোধ ও গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে একটি আন্তর্জাতিক দিবস পালনের আহ্বান জানানো হয়। এর ধারাবাহিকতায় ১৯৯৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৫১/৯৫ নম্বর প্রস্তাব গ্রহণ করে ১৬ নভেম্বরকে আন্তর্জাতিক সহনশীলতা দিবস ঘোষণা করে।
ইউনেস্কোর মতে, মানবসমাজ স্বভাবতই বৈচিত্র্যময়। এই বৈচিত্র্যের মধ্যে ভিন্ন মত ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক যোগাযোগ, বোঝাপড়া ও সম্প্রীতি বজায় রাখতে সহনশীল মনোভাব জরুরি। সমাজে বিভিন্ন ধর্ম, ভাষা, সংস্কৃতি ও জাতিসত্তার মানুষের সহাবস্থান সংঘাতের কারণ হওয়া উচিত নয়। বরং সহনশীল পরিবেশ এসব বৈচিত্র্যকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে সমাজের অন্তর্নিহিত সক্ষমতা ও অগ্রগতির পথকে আরও শক্তিশালী করে।
সময়ের আলো/মহু