ছবি : সংগৃহীততীব্র তাপপ্রবাহ, দাবানল ও বন্যার মতো জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ তরুণদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে। যুক্তরাজ্যের লাখো শিশু-কিশোর বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে তারা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, অসহায়ত্ব ও হতাশায় ভুগছে। বিশেষজ্ঞরা এ অবস্থাকে ‘ক্লাইমেট অ্যাংজাইটি’ বা জলবায়ু উদ্বেগ হিসেবে ব্যাখ্যা করছেন।
ব্রিটিশ সায়েন্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশটির মাধ্যমিক পর্যায়ের প্রায় দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী—সংখ্যায় ৩৪ থেকে ৩৬ লাখ—পরিবেশগত উদ্বেগের সঙ্গে সম্পর্কিত মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ অনুভব করে।
গ্লুচেস্টারশায়ারের ২১ বছর বয়সী রেবেকা ফুলফোর্ড বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা তরুণদের ওপরই বেশি। অথচ পরিবর্তন আনার ক্ষমতা তাদের সবচেয়ে কম।
উইল্টশায়ারের ১৮ বছর বয়সী এলসি ব্রিউয়ার ও ২১ বছর বয়সী ডিলান মার্টচ-হ্যারি ২০২৬ সালের রেকর্ড তাপপ্রবাহ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে সংবাদ পড়ার কারণে উদ্বেগে ভুগছেন। ব্রিউয়ার বলেন, কখনো কখনো নিজেকে অসহায় মনে হয়। তিনি প্রশ্ন তোলেন, এমন কী করতে পারেন, যা সত্যিকার অর্থে পরিবর্তন আনবে।
তবে বিষয়টি এড়িয়ে গেলে কোনো পরিবর্তন আসবে না বলেও মনে করেন তিনি। ব্রিউয়ারের মতে, ব্যক্তি ও কমিউনিটি পর্যায়ের উদ্যোগ গুরুত্বপূর্ণ হলেও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের বড় পরিসরের সিদ্ধান্তই প্রকৃত পরিবর্তন আনতে পারে।
বিশ্ববিদ্যালয়ে পরিবেশবিজ্ঞান পড়ার সময় জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব সম্পর্কে জানতে পারেন মার্টচ-হ্যারি। ২০২২ সালে পাকিস্তানের ভয়াবহ বন্যার উদাহরণ দিয়ে তিনি বলেন, ওই সময় দেশটির প্রায় এক-তৃতীয়াংশ পানিতে ডুবে গিয়েছিল। তার মতে, স্বেচ্ছাসেবামূলক কাজ, কেনাকাটার আগে প্রয়োজন বিবেচনা এবং দৈনন্দিন কর্মকাণ্ডে সচেতনতার মাধ্যমে প্রত্যেকেরই নিজের দায়িত্ব পালন করা উচিত।
ব্রিস্টলের বাসিন্দা লরেন ডিকেন পরিবেশ ও শিক্ষা নিয়ে কাজ করা তরুণদের সংগঠন ‘অ্যানাদার ওয়ে’-এর কমিউনিটি এনগেজমেন্ট সহকারী। তার মতে, জলবায়ু উদ্বেগ একটি যৌক্তিক প্রতিক্রিয়া, যা ব্যক্তি ভেদে ভিন্নভাবে প্রকাশ পায়। দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে তাপমাত্রা বাড়লে তার শারীরিক অবস্থার অবনতি হয়। ফলে এবারের তাপপ্রবাহ তার জন্য বেশ কঠিন ছিল।
ডিকেন বলেন, এবারের গরমে অনেকেই প্রথমবারের মতো বুঝতে পেরেছেন, জলবায়ু পরিবর্তন বাস্তব এবং এটি তাদের নিজেদের, স্বজনদের ও ঝুঁকিতে থাকা মানুষের জীবনে প্রভাব ফেলছে। তরুণদের সঙ্গে কাজ করার পাশাপাশি তিনি মাসে একবার এমন আয়োজন করেন, যেখানে জলবায়ু উদ্বেগে ভোগা ব্যক্তিরা নিজেদের অনুভূতি নিয়ে কথা বলার সুযোগ পান।
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত মনোবিজ্ঞানী অধ্যাপক ড্যান ও'হেয়ার বলেন, জলবায়ু উদ্বেগ শুধু ভয় বা দুশ্চিন্তার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে ক্ষোভ ও ক্রোধের মতো অনুভূতিও যুক্ত হতে পারে। জলবায়ু পরিবর্তনের শারীরিক প্রভাব মানুষের মানসিক অবস্থাকেও প্রভাবিত করে। তাই শারীরিক ও মানসিক অভিজ্ঞতাকে আলাদা করে দেখার সুযোগ নেই।
তিনি অভিভাবকদের প্রতি শিশুদের জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ ও অনুভূতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তার মতে, এসব অনুভূতি স্বীকৃতি না পেলে শিশুরা নিজেদের বিচ্ছিন্ন মনে করতে পারে।
মানসিক সুস্থতা নিয়ে কাজ করা দাতব্য সংস্থা মেন্টাল হেলথ ইউকে বলছে, তরুণদের ছোট ছোট দলভিত্তিক উদ্যোগে যুক্ত হওয়া উদ্বেগ কমাতে সহায়ক হতে পারে। এ ছাড়া গ্লুচেস্টারশায়ারভিত্তিক সংগঠন ক্রিয়েটিভ সাসটেইনেবিলিটির ‘দ্য গ্রেট বিগ ক্লাইমেট সার্কাস’ প্রকল্প তরুণদের আনন্দদায়ক কর্মকাণ্ডের মাধ্যমে প্রকৃতির সঙ্গে নতুন করে সংযুক্ত করার চেষ্টা করছে।
উডল্যান্ড ট্রাস্টের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্যে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের প্রায় এক-তৃতীয়াংশ (৩৩ শতাংশ) জলবায়ু পরিবর্তনের খবর শুনলে ভীত হয়। এ পরিস্থিতিতে তরুণদের মানসিক চাপ আরও না বাড়িয়ে সচেতনতা তৈরিতে কাজ করছে প্রকল্পটি। এর প্রকল্প ব্যবস্থাপক অনার বিনিং বলেন, তারা জলবায়ু সংকটের শুধু ভয়াবহ দিক তুলে ধরেন না, কারণ অনেক তরুণ এরই মধ্যে এ নিয়ে উদ্বেগে ভুগছে।
প্রকল্পটির সঙ্গে যুক্ত লিও বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো খাদ্য ও পানির সংকট। তার মতে, সুস্পষ্ট লক্ষ্য ও দৃশ্যমান প্রভাবসহ ধারাবাহিক উদ্যোগ তরুণদের উদ্বেগ কমাতে পারে।
ক্রিয়েটিভ সাসটেইনেবিলিটির কার্যক্রমবিষয়ক প্রধান অ্যাডাম গেইন বলেন, বেড়ে ওঠার সময়ে শিশুদের মধ্যে জলবায়ু উদ্বেগ তৈরি হলে তা তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জলবায়ু বিষয়ে শিক্ষার ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, একদিকে মানুষকে সঠিক তথ্য ও বাস্তবতা জানানো, অন্যদিকে এর মানসিক প্রভাব কমানো—দুটির মধ্যে ভারসাম্য রাখা কঠিন।
ব্রিস্টল ক্লাইমেট অ্যান্ড নেচার পার্টনারশিপের লিজি টেস্তানি তরুণদের নিজেদের করণীয় এবং ইতোমধ্যে নেওয়া উদ্যোগগুলোর দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। তার মতে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইতিবাচক উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়া এবং নিজের মানসিক সুস্থতার যত্ন নেওয়া জরুরি।
সংস্থাটি প্রতি মাসে ‘গ্রিন মিঙ্গলিং’ নামে আয়োজন করে। এতে শহরের বিভিন্ন এলাকার মানুষ একত্র হয়ে পরিবেশবান্ধব ও সুস্থ জলবায়ু বজায় রাখার উপায় নিয়ে মতবিনিময় করেন।
সময়ের আলো/জেডি