ঢাকায় তিন দিনব্যাপী ইয়ুথ ট্যুরিজম এক্সপো, থাকবে ক্যারিয়ার সামিট। ছবি : সংগৃহীত দেশের অভ্যন্তরীণ পর্যটনশিল্পের প্রসার, তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ততা এবং পর্যটন খাতের বিভিন্ন অংশীজনের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী প্রথম বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো, বাইট ২০২৬।
আগামী ১৯ থেকে ২১ নভেম্বর রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তন এ মেলা অনুষ্ঠিত হবে। ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) আয়োজিত এ এক্সপো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক সময়ের আলো।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক উদ্বোধন করবেন। এছাড়া, প্রধানমন্ত্রীর যুব ও কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী, পর্যটন মন্ত্রনালয়ের সচিব, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান উদ্বোধনী পর্বে থাকবেন।
আয়োজকরা জানিয়েছেন, প্রথম দিন সকাল ১০টায় সবার জন্য মেলা সবার জন্য উন্মুক্ত করা হবে। দুপুর ১২টায় হবে উদ্বোধনী অনুষ্ঠান, বেলা ২টা ৪৫ মিনিটে ‘ট্যুরিজম ক্যারিয়ার সামিট’, বিকাল ৫টায় ‘ট্যুরিজম ইনফ্লুয়েন্সার মিটআপ’ এবং দিনের শেষ আয়োজন হিসেবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সংগীত পরিবেশন করবেন শিল্পী তাসরিফ খান।
দ্বিতীয় দিন শুক্রবার (২০ নভেম্বর) পর্যটন খাতের ব্যবসায়িক যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। এ দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী ও মেলা চলবে। পাশাপাশি অনুষ্ঠিত হবে ট্যুরিজম বিজনেস নেটওয়ার্কিং, পর্যটন গন্তব্য ও ভ্রমণপণ্যের প্রদর্শনী, দর্শনার্থীদের অংশগ্রহণমূলক কার্যক্রম।
শনিবার (২১ নভেম্বর) মেলার শেষ দিনে প্রদর্শনী ও মেলার পাশাপাশি প্রদর্শকদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ, অংশীদারদের অভিজ্ঞতা বিনিময় ও সম্মাননা প্রদান এবং গ্র্যান্ড র্যাফল ড্র অনুষ্ঠিত হবে। বিকাল ৫টায় আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এ আয়োজন।
আয়োজকদের প্রত্যাশা, দেশের পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, পেশাজীবী, উদ্যোক্তা ও তরুণ পর্যটনপ্রেমীদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে এ এক্সপো অভ্যন্তরীণ পর্যটনশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের অভ্যন্তরীণ পর্যটনকে উদযাপন, প্রচার ও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) আয়োজিত এ এক্সপোর আহবায়ক হিসেবে সভাপতি মো. ইমরানুল আলম। তিনি বলেন, দেশীয়ভাবে কোনো পর্যটন মেলা সেভাবে হয় না। যা হয় তা আন্তর্জাতিক জায়গাগুলোকে কেন্দ্র করে। কিন্তু এবার অভ্যন্তরীণ স্পটগুলো নিয়েই হবে দেশের বৃহত্তম পর্যটন মেলা। সেখানকার সুযোগ-সুবিধা জানান দিতে দেশের মধ্যে একটি বিপ্লব ঘটাতে চাই। বিশেষ করে, এখন পর্যটন খাতে হাজার হাজার উদ্যোক্তা তরুণ। সেই তারুণ্যকে কাজে লাগিয়ে সরকার, প্রশাসন, উদ্যোক্তা ও পর্যটকদের মধ্যে এক ধরণের সেতুবন্ধন কাজ করবে এই মেলা।
জানা গেছে, এবারের ইয়ুথ ট্যুরিজম এক্সপোতে ৫৮টি স্টল থাকবে। প্রতিটি থাকবে বিশেষায়িত স্টল। সাগর, হাওর, পাহাড়, লেক, গ্রামীন ইকো ট্যুরিজম নিয়ে যে যেভাবে কাজ করে, তাদের স্টলগুলো থাকবে সেইভাবে বিশেষয়াতি।
আয়োজক ইমরানুল আলম বলেন, এই মেলা হবে সরকারের জন্য একটা প্রেসার ইভেন্ট। দেশের বিভিন্ন স্পট ধরে ধরে সেসব এলাকার যোগাযোগসহ কী কী সমস্যা সেগুলোও তুলে ধরে তা উন্নয়নের জন্য সরকারকে চাপ দিতে পারবে।
সময়ের আলো/জেডআই