এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের প্রতিনিধিদল। সংগৃহীত ছবি ২০২৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। এই সফরে মূল সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। সেই ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে সোমবার (১৬ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের প্রতিনিধিদল।
পরিদর্শনকালে মাঠের পাশাপাশি স্টেডিয়ামের ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম, সুইমিংপুলসহ অন্যান্য অবকাঠামো ঘুরে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা। স্টেডিয়ামের সার্বিক সুযোগ-সুবিধা দেখে তারা মুগ্ধতা প্রকাশ করেছেন।
এ সময় ইংল্যান্ডের প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। এ ছাড়া উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান।
২০২৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। মূল সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কথা রয়েছে জো রুট, হ্যারি ব্রুক ও জোফরা আর্চারদের। সেই প্রস্তুতি ম্যাচের ভেন্যু চূড়ান্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবেই আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে ইসিবির প্রতিনিধিদল।
পরিদর্শন শেষে প্রতিনিধিদলের সদস্যরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বললেও স্টেডিয়ামের সুযোগ-সুবিধা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন সৈয়দ আব্দুল বাতেন।
তিনি বলেন, ‘২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে। তাদের অনুশীলন সেশন ও প্রস্তুতি ম্যাচের জন্য আমরা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের এই মাঠটি দেখিয়েছি। তারা ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম, সুইমিংপুলসহ সবকিছু ঘুরে দেখেছেন। বসুন্ধরার সুযোগ-সুবিধা অসাধারণ। তারা দেখে খুব খুশি হয়েছেন, বলা যায় অভিভূত।’
আনভীর ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামোগত সক্ষমতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘এ ধরনের সুযোগ-সুবিধা খুব বেশি জায়গায় পাওয়া যায় না। মাঠ থেকে শুরু করে ড্রেসিংরুম, সম্প্রচার, মিডিয়া, মেডিক্যাল, দর্শকদের সুযোগ-সুবিধা এবং সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা—সবকিছুই তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন। তারা বেশ সন্তুষ্ট।’
ইংল্যান্ডের প্রতিনিধিদলের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়ায় আশাবাদী এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসানও। তিনি বলেন, ‘প্রতিনিধিদল এখানকার ড্রেসিংরুমসহ অন্যান্য সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেছে। ফিরে গিয়ে তারা হয়তো নিজেদের বোর্ডকে বিস্তারিত জানিয়ে একটি প্রতিবেদন তৈরি করবে। তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, এখানকার সুযোগ-সুবিধা নিয়ে তারা উচ্ছ্বসিত। আমরা আশাবাদী, নির্দিষ্ট সময়ে ইংল্যান্ড দল এখানে প্রস্তুতি ম্যাচ খেলবে। এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই।’
এর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলও বাংলাদেশ সফরে এসে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। এবার ইংল্যান্ড দলের প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছে।
সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের আধুনিক অবকাঠামো ও সুযোগ-সুবিধার সক্ষমতা তুলে ধরার আরেকটি সুযোগ পাবে এবিজি স্পোর্টস সিটি।
সময়ের আলো/ইউএমএইচ