প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:০২ পিএম
সরদার এম জাহাঙ্গীর হোসেন। ছবি : সংগৃহীত চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (প্রথম সচিব) হিসেবে যোগ দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরদার এম জাহাঙ্গীর হোসেন। গত ১৪ নভেম্বর তিনি দূতাবাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দলীয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাতে জানা গেছে, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ২২ সেপ্টেম্বর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। পরে মন্ত্রণালয়ের অধীনে প্রায় এক মাসের কূটনৈতিক প্রশিক্ষণ শেষে ৭ নভেম্বর চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন।
সরদার এম জাহাঙ্গীর হোসেন ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (চীন) ছিলেন।
গত জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসনে নির্বাচন করার লক্ষ্যে তিনি দলীয়ভাবে কাজ করেন এবং মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে পরে দলের সিদ্ধান্তে তা প্রত্যাহার করে নেন।
শিক্ষাজীবনে তিনি চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটির ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ স্কুল’-এর অধীনে পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ডিপ্লোমেটিক রিলেশনস বিষয়ে অধ্যয়ন করছেন। তার দাবি, চীন সরকারের আয়োজিত একটি লিডারশিপ প্রোগ্রামে ৬২টি দেশের প্রতিনিধির মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। এ জন্য তাকে সনদ ও বিশেষ পুরস্কার দেওয়া হয়।
আন্তর্জাতিক অঙ্গনে কাজের পাশাপাশি দেশে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামেও তিনি সরব ভূমিকা রেখেছেন। বিগত এক যুগেরও বেশি সময় ধরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে চীন সরকার এবং চীনা কমিউনিস্ট পার্টির সাথে দেশ ও দলের পক্ষে কাজ করে আসছেন তিনি।
চীনের সাথে দলের পক্ষে কূটনৈতিক যোগাযোগ রক্ষার কারণে বিগত সরকারের আমলে তাকে গুম ও গ্রেফতাররের মতো নির্যাতনের শিকার হতে হয়েছিল। পাশাপাশি নিয়মিত জাতীয় দৈনিক পত্রিকায় কলাম লেখা এবং বিভিন্ন টেলিভিশন টকশোতে অংশগ্রহণের মাধ্যমে নিজের সাংগঠনিক ও কূটনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি দলের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রেখেছেন।
বেইজিং দূতাবাসে দায়িত্ব গ্রহণের পর সরদার এম জাহাঙ্গীর হোসেন বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করার প্রত্যয় জানিয়েছেন। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
সময়ের আলো/কেএইচও