প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১০:০০ পিএম আপডেট: ২৭.১০.২০২৬ ১০:৫৮ পিএম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত সভা শেষে শিক্ষামন্ত্রী। ছবি : সময়ের আলো প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশর গড়ার জন্য নিরলসভাবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার। তার জীবন থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে।
তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার আদর্শ থেকে অনেক কিছু শিখতে পারেন। এই আদর্শকে তুলে ধরে বিএনপি এবং আমাদের প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আগামীর বাংলাদেশর গড়ার জন্য তিনি নিরলসভাবে কাজ করছেন।
যথাসময়ে বই উৎসব হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০১ সালে আমরা দায়িত্ব পাওয়ার পর ২০০২ সালের জানুয়ারিতে বই দিয়েছিলাম। সেই ধারাবাহিকতা আমরা ধরে রেখেছিলাম ২০০৬ সাল পর্যন্ত। আবার আমরা এসেছি, যথাসময়ে বিতরণ হবে। বইয়ের যে কোয়ালিটি, সে কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ হবে না। সুন্দর বই আমরা কোমলমতি শিক্ষার্থীদের পৌঁছে দেবো।
মন্ত্রী আরও বলেন, আমরা ৪টি নতুন বই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করেছি। চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও খেলাধুলা এবং ষষ্ঠ শ্রেণিতে লার্নিং উইথ হ্যাপিনেস আনন্দময় শিক্ষা এবং আমার কারিগরি শিক্ষা। সেই সাথে জেলা শহরগুলোর জন্য কীভাবে ট্রাফিকের ব্যবস্থা শিখতে হয়, সেই বইও দিচ্ছি ক্লাস পঞ্চম এবং ৬ষ্ঠ শ্রেণিতে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ,বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনিসুর রহমান প্রমুখ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এনএন