শেকৃবির মাঠ উদ্ধারে প্রশাসনকে ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলন জোরদার করেছেন শিক্ষার্থীরা। মাঠটি উদ্ধারে প্রশাসনকে তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়ার

2026-10-27T20:36:32+00:00
2026-10-27T20:36:32+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
শেকৃবির মাঠ উদ্ধারে প্রশাসনকে ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:৩৬ পিএম 
ছবি : সংগৃহীত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলন জোরদার করেছেন শিক্ষার্থীরা। মাঠটি উদ্ধারে প্রশাসনকে তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি জরুরি সিন্ডিকেট সভা আহ্বান ও আইনি লড়াই শুরুর দাবি জানিয়েছেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি এবং মাঠে চলমান এশিয়া প্যাসিফিক বাণিজ্য মেলা বন্ধের দাবি তাদের।  

মঙ্গলবার (২৭ অক্টোবর) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে গণজমায়েত করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা। বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে পুরোনো বাণিজ্য মেলার মাঠে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে মাঠে চলমান মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ বন্ধ করে দেন শিক্ষার্থীরা।

পরে মাঠের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদফতরের লাগানো সাইনবোর্ড ভেঙে ক্যাম্পাসে নিয়ে আসেন আন্দোলনকারীরা। সয়েল টেস্টের নমুনা সংগ্রহের কাজে ব্যবহৃত দুটি গাড়িও বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিয়ে আসেন তারা। সাইনবোর্ডটি প্রশাসনিক ভবনের সামনে রেখে প্রতীকী প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এ সময় তারা স্লোগান দিয়ে বলেন, ‘আজ থেকে এই বিশ্ববিদ্যালয় ও প্রশাসনিক ভবনও গণপূর্তের অধীনে।’ প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান তারা। 

আন্দোলনরত শিক্ষার্থী মো. আশিক আহমদ বলেন, তারা মাঠে চলমান সয়েল টেস্টের নমুনা নিয়ে ক্যাম্পাসে ফিরেছেন। প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করে তিনি বলেন, চোখের সামনে বিশ্ববিদ্যালয়ের মাঠ নিয়ে যাওয়া হলেও প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। আগামী তিন দিনের মধ্যে সিন্ডিকেট সভা ডেকে জোরালো আইনি লড়াই শুরুর ঘোষণা দিতে হবে এবং মাঠটি বিশ্ববিদ্যালয়ের—এ বিষয়ে প্রশাসনকে নিশ্চিত করতে হবে।

স্নাতকোত্তরের শিক্ষার্থী ওয়াসিউল হাসান সরকার জানান, গবেষণা মাঠ রক্ষার আন্দোলনে সংহতি জানিয়ে শিক্ষার্থীরা স্নাতকোত্তরের সব ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।

বাণিজ্য মেলার মাঠ-সংক্রান্ত কমিটির আহ্বায়ক ড. সালাউদ্দিন আহমেদ বলেন, কমিটির সিদ্ধান্ত বারবার জানানো হলেও সে অনুযায়ী কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, বাণিজ্য মেলার মাঠ-সংক্রান্ত একটি কমিটি রয়েছে। মাঠের বিষয়ে করা রিটের ব্যাপারে ওই কমিটি এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। সিদ্ধান্ত পাওয়ার পর আইন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হবে। এ বিষয়ে কমিটির সঙ্গে সেদিন বা পরদিনের মধ্যে বৈঠক করার কথা জানিয়ে তিনি বলেন, সিদ্ধান্ত অনুযায়ী যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে, মেলা কমিটির দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, গণপূর্ত অধিদফতরের অনুমতি নিয়েই নিয়মতান্ত্রিকভাবে মেলার কাজ চলছে। শিক্ষার্থীদের দাবি বৃহত্তর পরিসরের হলেও বিষয়টি দীর্ঘ আইনি প্রক্রিয়ার সঙ্গে জড়িত। তাদের দাবি, নিয়ম মেনেই অর্থ ব্যয় ও অবকাঠামো নির্মাণ করা হয়েছে। মেলার প্রায় ৮০ শতাংশ কাজও শেষ হয়েছে। 

এর আগে গত ১৫ অক্টোবর গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন শেকৃবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। একই দিন মাঠটি অবিলম্বে বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেন তারা। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   শেকৃবি  মাঠ উদ্ধার  প্রশাসন  আল্টিমেটাম  শিক্ষার্থী 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: