ঢাকা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবিঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর। ওই দিন সকাল ৮টা থেকে আবেদন করা যাবে। আবেদন চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনকারীদের ২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে (https://convocation.du.ac.bd) অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া মোট চারটি ধাপে সম্পন্ন হবে। আবেদনকারীকে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রথম ধাপ সম্পন্ন করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭, মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তনে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।
সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাকে সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্টফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেওয়া হবে। একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৫৪তম সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম নির্ধারণে সম্প্রতি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য মো. আমানউল্লাহ আমান এমপি, খায়রুল কবির খোকন এমপি ও এ. কে. এম. ফজলুল হক মিলন এমপিসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক এবং অফিসপ্রধানরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা ৫৪তম সমাবর্তনে অংশ নিতে পারবেন। এ ছাড়া ২০২২ সালের ১৪ অক্টোবর থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রকাশিত যেসব ফলাফল ৫৩তম সমাবর্তনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, সেগুলো ৫৪তম সমাবর্তনে অন্তর্ভুক্ত করা হবে। সংশ্লিষ্ট গ্র্যাজুয়েটরাও এতে অংশ নিতে পারবেন।
সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একটি নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি এবং বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সমাবর্তন আয়োজনের জন্য সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। সফলভাবে অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে উপকমিটিগুলোকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি শিক্ষা ও গবেষণার উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সময়ের আলো/ইউএমএইচ