প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:২৬ এএম
ছবি : সংগৃহীত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা।
রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে অন্য যেকোনো পেশা বা ব্যবসা ত্যাগের শর্তে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধানের ১৩৯ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত—যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত তিনি পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
নিয়োগের প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. শামীমা সুলতানা মুঠোফোনে বলেন, ‘রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ পদে আমার ওপর আস্থা রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মেধা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করতে বিপিএসসির স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বাত্মক চেষ্টা করব।’
গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে দৃঢ় অবস্থান নিয়েছিলেন অধ্যাপক শামীমা সুলতানা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি নিজের বিভাগীয় কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি সরিয়ে ফেলেছিলেন। এ ঘটনায় আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে তিনি অনুপ্রেরণা জুগিয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সময়ের আলো/এসএকে