ইবিতে বিনা নোটিশে পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের ক্ষোভ

ইবি প্রতিনিধি

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে বিনা নোটিশে একটি বিভাগের ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ

2026-10-25T15:29:12+00:00
2026-10-25T15:29:12+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিক্ষা
ইবিতে বিনা নোটিশে পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের ক্ষোভ
ইবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:২৯ পিএম 
ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের Law of Real Estate কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ছবি : সময়ের আলো
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে বিনা নোটিশে একটি বিভাগের ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থীরা। 

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৩য় বর্ষের ২য় সেমিস্টারের Law of Real Estate কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানের কারণে পরীক্ষা স্থগিত করা হয়। এ বিষয়ে আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ বিভাগের শিক্ষার্থীদের। 

বিভাগের শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত রুটিন অনুযায়ী রোববার সকাল সাড়ে ৯টা থেকে একটি কোর্সের পরীক্ষা শুরুর কথা ছিল। তবে পরীক্ষা শুরুর আগ মুহূর্তে শিক্ষার্থীরা পরীক্ষার হলে এসে কোনো শিক্ষক বা পরীক্ষা সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাননি। বিষয়টি নিয়ে তারা অফিসে খোঁজ নিলে জানতে পারেন, সুপারিশপ্রাপ্ত জজদের সংবর্ধনা উপলক্ষ্যে আজকের পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনা আছে। পরে সকাল সাড়ে ১০টার দিকে একটি নোটিশে পরীক্ষা স্থগিত করা হয়।

নামপ্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আজকে আমাদের একটি কোর্সের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে কোনো শিক্ষককে না দেখে অফিসে গিয়ে জানতে পারি আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা স্থগিতের বিষয়ে আমাদের আগে থেকে জানানো হয়নি। আমরা অনেকে শহর থেকে এসেছি। পরীক্ষার জন্য আলাদাভাবে মানুষিক প্রস্তুতি নিতে হয়।’

বিষয়টি নিয়ে পরীক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক বিলাসী সাহার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। 

এ বিষয়ে বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ওহাব বলেন, ‘গতকাল শেষ মুহূর্তে অনুষ্ঠিত বিভাগীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যেহেতু গতকাল শেষ সময়ে সিদ্ধান্ত হয়েছে সেহেতু এটি কার্যকর হতে একটু বেশি সময় লেগেছে। তবে বিষয়টি শিক্ষার্থীদের মৌখিকভাবে জানানো হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় বা দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে ভাবমূর্তির বিষয় জড়িত থাকে। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আয়োজন ছিল। এসময় পরীক্ষা চললে অনেক শিক্ষককে পরীক্ষার হলে দায়িত্ব থাকতে হত। সার্বিক বিষয় বিবেচনা করে আগামী ২৬ তারিখ উল্লিখিত কোর্সটির পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

সময়ের আলো/এনএন
  বিষয়:   ইবি  পরীক্ষা স্থগিত  শিক্ষার্থীদের ক্ষোভ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: