প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:৪৬ পিএম আপডেট: ২৫.১০.২০২৬ ৭:৪৭ পিএম
চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি। ছবি : সংগৃহীত ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি। অনুমোদিত বইগুলোর মধ্যে রয়েছে চতুর্থ শ্রেণির ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ এবং ষষ্ঠ শ্রেণির ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’।
রোববার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির পৃথক সভায় বইগুলোর অনুমোদন দেওয়া হয়।
চতুর্থ শ্রেণির বই দুটির অনুমোদন-সংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্যান্য সদস্য অংশ নেন।
অন্যদিকে, মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ বই দুটি অনুমোদন দেওয়া হয় জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির পৃথক সভায়।
এ সভায়ও প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। এ ছাড়া, প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খানসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সময়ের আলো/মহু