প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:৪০ এএম
কলম্বিয়ার র্যাপার চেলো হপ। সংগৃহীত ছবিইসরায়েলের পতাকা মাটিতে ফেলে পা দিয়ে মাড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় এসেছেন কলম্বিয়ার র্যাপার চেলো হপ। মঞ্চে গান পরিবেশনের সময় তার এমন প্রতিক্রিয়াকে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ হিসেবে দেখছেন নেটিজেনদের অনেকে। এ ঘটনায় গায়িকার পরিচয় নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।
সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে সংগীত পরিবেশন করছিলেন চেলো হপ। এ সময় দর্শকদের মধ্য থেকে এক ব্যক্তি মঞ্চে উঠে তার হাতে ইসরায়েলের পতাকা তুলে দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয়ে পতাকাটি কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলেন গায়িকা। এরপর পা দিয়ে মাড়িয়ে লাথি মেরে সরিয়ে দেন সেটি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চেলো হপের প্রতি সমর্থন জানাচ্ছেন অনেকে। ফিলিস্তিনিদের ওপর নির্যাতন ও গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ হিসেবেই তার এই আচরণকে ব্যাখ্যা করছেন তারা।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ অক্টোবর কলম্বিয়ার রাজধানী বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে আয়োজিত ‘হিপ হপ আল পারকে’ উৎসবে ঘটনাটি ঘটে। সেখানে মঞ্চে পারফর্ম করছিলেন চেলো হপ। এ সময় তিনি ‘পালেস্তিনা লিব্রে’ স্লোগান দেন, যার বাংলা অর্থ ‘মুক্ত হোক ফিলিস্তিন’।
চেলো হপ রাজনৈতিক বক্তব্যনির্ভর গান এবং বিভিন্ন গণআন্দোলনের প্রতিরোধ ও সংগ্রামের বিষয় তুলে ধরার জন্য পরিচিত। ওই উৎসবে তিনি ‘অ্যানাতোমিয়া’ শিরোনামের একটি গানও পরিবেশন করেন। তার গানের কথায় উঠে আসে এ ধরনের বিষয়।
ঘটনাটি ২৪ অক্টোবর ঘটলেও ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে গায়িকার প্রতিবাদের দৃশ্যটি নিয়ে চলছে আলোচনা। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন কলম্বিয়ায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত—এমন খবরও প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।
সময়ের আলো/ইউএমএইচ