প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:২৩ পিএম
সংগৃহীত ছবিবিয়ে করেছেন মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী সুজাত শিমুল। তার স্ত্রী জান্নাতুন নেছা থিয়েটার ও আবৃত্তিকর্মী। সম্প্রতি সন্ধ্যায় ঢাকার মিরপুরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই দম্পতি।
বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই দেনমোহরের অঙ্কটি ব্যতিক্রমী করার কথা ভেবেছিলেন সুজাত শিমুল ও জান্নাতুন নেছা। তারা এমন একটি সংখ্যা বেছে নিতে চেয়েছিলেন, যা দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত হওয়ার পাশাপাশি বিশেষ তাৎপর্যও বহন করবে।
সুজাত শিমুল বলেন, ‘আমরা যখন বিয়ে করার সিদ্ধান্ত নিই, তখন ভাবছিলাম, কাবিনটা হবে একটা ইউনিক নম্বর, যেটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। আমরা বিয়েকে জীবনের খুব প্রয়োজনীয় একটি অংশ মনে করি। বিয়ের মধ্য দিয়ে জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়, এক ধরনের পরিপূর্ণতা আসে। সেই প্রয়োজনীয়তার জায়গা থেকেই আমাদের দৈনন্দিন জীবনে বিপদ-আপদে যে ৯৯৯ নম্বরে ফোন করি, সেখান থেকেই ট্রিপল নাইনের ধারণাটা আসে।’
দেনমোহরের অঙ্ক নিয়ে প্রচলিত সামাজিক ধারণাও তাদের এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান সুজাত শিমুল। তাঁর মতে, বিয়েতে দেনমোহরের পরিমাণ নিয়ে বড় অঙ্কের হিসাব-নিকাশের বাইরে গিয়ে সম্পর্কের প্রতি আস্থা এবং বিয়ের তাৎপর্যকে গুরুত্ব দেওয়ার বার্তা দিতে চেয়েছেন তাঁরা।
এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘বিয়েতে কাবিন করতে গিয়ে লাখ লাখ টাকার যে বিষয় সামাজিকভাবে হয়ে আসছে, সেটি আমরা ভাঙতে চেয়েছি। ৯৯৯ টাকা কাবিনে বিয়ে করে নারী হিসেবে একটা সাহস দেখিয়েছেন নেছা।’
সময়ের আলো/ইউএমএইচ