প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:১৫ পিএম
সংগৃহীত ছবি২০১১ সালে মঞ্চে আসে স্বপ্নদলের নাটক ‘চিত্রাঙ্গদা’। এরপর থেকে নিয়মিত মঞ্চস্থ হয়ে আসছে নাটকটি। ভারতের মঞ্চেও প্রদর্শিত হয়েছে ‘চিত্রাঙ্গদা’। আগামী বুধবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটির ১২৫তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যান অবলম্বনে নাটকটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গবেষণাধর্মী নাট্যরীতিতে এর নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
নাটকের কাহিনিতে দেখা যায়, মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা অর্জুনের প্রেমে গভীরভাবে আবিষ্ট। কিন্তু রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন অর্জুন। এতে অপমানিত হয়ে চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন ও যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হয়। এবার অর্জুন তার প্রেমে পড়ে। কিন্তু অর্জুনকে কাছে পেয়েও চিত্রাঙ্গদার অন্তর্দ্বন্দ্ব থামে না; বরং তার মন দ্বিধা ও সংকটে ক্ষতবিক্ষত হতে থাকে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, নিশক, জেবু, সুমাইয়া, সামাদ, নিসর্গ, আলী, বিপুল, হাসান, বিমল, শফিক, জাওয়াদ, শাইমা ও অনিন্দ্যসহ অনেকে। মঞ্চ ও আলোক পরিকল্পনায় রয়েছেন ফজলে রাব্বি সুকর্ণ।
সময়ের আলো/ইউএমএইচ