প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৪০ পিএম
সংগৃহীত ছবিবদলি, নবম পে-স্কেল বাস্তবায়ন ও শতভাগ উৎসব ভাতার দাবিতে আবারও আন্দোলনে নামছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে এ আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছেন তারা।
প্রাথমিকভাবে মাদরাসা শিক্ষা অধিদফতরের সামনে অবস্থান কর্মসূচি পালনের পরিকল্পনা থাকলেও শিক্ষকদের সুবিধার কথা বিবেচনা করে স্থান পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হবে।
সোমবার (২৬ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘নিজেদের অধিকার আদায়ে শিক্ষকরা সব সময় একতাবদ্ধ। অসংখ্য শিক্ষক আন্দোলনে অংশ নিতে ঢাকায় আসবেন। এজন্য শিক্ষকদের চাওয়া ছিল আন্দোলনের ভেন্যু পরিবর্তনের। শিক্ষকদের স্বার্থে আন্দোলনের ভেন্যু জাতীয় প্রেস ক্লাবে দেওয়া হয়েছে। এরই মধ্যে আমরা ডিএমপি কমিশনার বরাবর আবেদন করেছি।’
দেড় মাসেও বদলির ফল প্রকাশ হয়নি
আন্দোলনের অন্যতম দাবি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশ করা। অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, আবেদন গ্রহণের দেড় মাস হতে চললেও এখনো বদলির ফল প্রকাশ করা হয়নি। এতে নিজ বাড়ি থেকে শত কিলোমিটার দূরে কর্মরত শিক্ষকদের অমানবিক জীবনযাপন করতে হচ্ছে। অবিলম্বে বদলির ফল প্রকাশ করতে হবে।
শতভাগ উৎসব ভাতার দাবি
শিক্ষকদের আরেকটি দাবি শতভাগ উৎসব ভাতা বা ঈদ বোনাস। এ বিষয়ে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, সরকারি চাকরিজীবীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তা পান না। এ বৈষম্য চাকরির ক্ষেত্রে বড় ধরনের ব্যবধান তৈরি করেছে। বৈষম্য দূর করে শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন করতে হবে।
সময়ের আলো/কেএইচও