প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:১৬ এএম আপডেট: ২৬.১০.২০২৬ ৯:১৭ এএম
দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফিরছে নিয়মিত পাঠদান। ছবি : সংগৃহীত টানা ১০ দিনের ছুটি শেষে সোমবার (২৬ অক্টোবর) খুলছে দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা। দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফিরছে নিয়মিত পাঠদান। তবে সরকারি-বেসরকারি কলেজের ছুটি শেষ হচ্ছে ২৯ অক্টোবর, ক্লাস শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে গত ১৮ অক্টোবর থেকে ছুটি শুরু হয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসায়।
এর আগে, ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। ২২ অক্টোবর ছুটি শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজার ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। ফলে, টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ পান শিক্ষক-শিক্ষার্থীরা। ছুটি শেষে আজ থেকে আবারও শুরু হচ্ছে শ্রেণিকক্ষের কার্যক্রম।
অন্যদিকে, কলেজগুলোতে ছুটি শুরু হয় ১৮ অক্টোবর। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেওয়া এ ছুটি শেষ হবে আগামী ২৯ অক্টোবর।
এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কলেজগুলো খুলবে ১ নভেম্বর রোববার। সেদিন থেকে সরকারি-বেসরকারি কলেজে যথারীতি ক্লাস শুরু হবে।
সময়ের আলো/মহু