প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:১৯ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি : সময়ের আলোইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হতে পারে। অন্যদিকে, গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ১৯, ২০ ও ২৭ মার্চ বিবেচনায় রাখা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে ভর্তি কমিটির সভায় এসব বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।
সভা সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি, কেন্দ্র ব্যবস্থাপনা, পরীক্ষা আয়োজনের প্রস্তুতি এবং ভর্তি কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। গুচ্ছের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ থেকে ২৭ মার্চের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের কথা রয়েছে। এ পরিপ্রেক্ষিতে ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২৯ মার্চ নেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে।
তবে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত না হওয়ায় ইবির পরীক্ষার সময়সূচিও পরিবর্তিত হতে পারে। গুচ্ছের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভর্তি কমিটি জানিয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ধারিত সময়ে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সময়ের আলো/জোই