যেভাবে তৈরি হয়েছিল তিন দশকের জনপ্রিয় গান ‘নভেম্বর রেইন’

সময়ের আলো ডেস্ক

ফিচার

নভেম্বর মাস এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় আসে মার্কিন রক ব্যান্ড গানস এন রোজেসের জনপ্রিয় গান ‘নভেম্বর রেইন’। বৃষ্টি

2026-11-19T16:48:01+00:00
2026-11-19T16:53:23+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
ফিচার
যেভাবে তৈরি হয়েছিল তিন দশকের জনপ্রিয় গান ‘নভেম্বর রেইন’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম  আপডেট: ১৯.১১.২০২৬ ৪:৫৩ পিএম
মার্কিন রক ব্যান্ড গানস এন রোজেস। ছবি : সংগৃহীত
নভেম্বর মাস এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় আসে মার্কিন রক ব্যান্ড গানস এন রোজেসের জনপ্রিয় গান ‘নভেম্বর রেইন’। বৃষ্টি হলেই গানটির সুর কিংবা কথা জায়গা করে নেয় মানুষের ছবি, ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে। ১৯৯১ সালে প্রকাশিত প্রায় নয় মিনিটের এই গান তিন দশকের বেশি সময় পার করেও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। ইউটিউবে গানটির মিউজিক ভিডিও দেখা হয়েছে প্রায় ২৫০ কোটি বার।

গানটির পেছনের গল্পও বেশ দীর্ঘ। ব্যান্ডটির প্রধান কণ্ঠশিল্পী অ্যাক্সল রোজ আশির দশকের গোড়া থেকেই এটি নিয়ে কাজ শুরু করেছিলেন। ব্যান্ডটির শুরুর দিকের সদস্য ট্রেসি গানসের স্মৃতিচারণা অনুযায়ী, ১৯৮৩ সালের দিকে পিয়ানোয় ‘নভেম্বর রেইন’-এর সুর বাজাতেন রোজ। তখনো গানটি সম্পূর্ণ হয়নি। এটি একদিন অসাধারণ কিছু হয়ে উঠবে- এমন বিশ্বাস ছিল তার। তাই গানটি প্রকাশের জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন তিনি।

গানস এন রোজেসের সদস্যরা। ছবি : সংগৃহীত

গানস এন রোজেসের সদস্যরা। ছবি : সংগৃহীত


১৯৮৭ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘অ্যাপেটাইট ফর ডেস্ট্রাকশন’ প্রকাশের সময়ও গানটি রেকর্ড করার চেষ্টা হয়েছিল। সে সময় প্রায় ১০ মিনিটের একটি পিয়ানো ডেমো তৈরি করা হয়। তবে, অ্যাক্সল রোজ গানটি পরবর্তী অ্যালবামের জন্য রেখে দেন। বিভিন্ন সময়ে এর একাধিক সংস্করণ তৈরি হয়। এমনকি একটি সংস্করণ ১৮ মিনিট দীর্ঘ ছিল বলেও জানা যায়।

অবশেষে ১৯৯১ সালের ১৭ সেপ্টেম্বর গানস এন রোজেসের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘ইউজ ইয়োর ইলিউশন ওয়ান’-এ গানটি প্রকাশিত হয়। পরের বছরের ফেব্রুয়ারিতে অ্যালবামটির তৃতীয় সিঙ্গেল হিসেবে মুক্তি পায় এটি।

‘নভেম্বর রেইন’-এর মূল বিষয়বস্তু ভালোবাসা, সম্পর্কের অনিশ্চয়তা ও বিচ্ছেদের বেদনা। এক সাক্ষাৎকারে অ্যাক্সল রোজ জানিয়েছিলেন, প্রিয় মানুষটির সঙ্গে থাকতে না পারার কষ্ট থেকেই গানটির জন্ম। সেই সময়ের স্মৃতির সঙ্গে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নভেম্বরের বৃষ্টি ও প্রকৃতির দৃশ্যও জড়িয়ে ছিল। অন্য এক সাক্ষাৎকারে তিনি বলেন, গানটির মূল ভাবনা হলো- কেউ একতরফা ভালোবাসার মধ্যে আটকে থাকতে চায় না।

গানটির জনপ্রিয়তার অন্যতম বড় কারণ এর মিউজিক ভিডিও। ১৯৯২ সালে ব্রিটিশ নির্মাতা অ্যান্ডি মোরাহানের পরিচালনায় প্রায় নয় মিনিটের ভিডিওটি প্রকাশিত হয়। এতে একজন রক সংগীতশিল্পীর প্রেম, বিয়ে এবং পরবর্তী সময়ে প্রিয়জনকে হারানোর গল্প তুলে ধরা হয়। অ্যাক্সল রোজের বিপরীতে অভিনয় করেন তৎকালীন সুপারমডেল স্টেফানি সেমুর। সে সময় বাস্তব জীবনেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।


ভিডিওর শুরুতে দেখা যায় আনন্দঘন পরিবেশে বিয়ের আয়োজন। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হওয়ার পর গল্পের দৃশ্যপট বদলে যায়। একপর্যায়ে কনের মৃত্যুর মধ্য দিয়ে বিয়ের আনন্দ পরিণত হয় শোকে। ভিডিওতে বিয়ের কেকের ওপর এক ব্যক্তির ঝাঁপ দেওয়া কিংবা নির্জন প্রান্তরে স্ল্যাশের গিটার বাজানোর মতো কিছু দৃশ্য দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করে। শেষদিকে অ্যাক্সল রোজকে দুঃস্বপ্ন থেকে জেগে উঠতেও দেখা যায়। ফলে গল্পের কিছু অংশ বাস্তব, নাকি স্বপ্ন- তা নিয়ে অস্পষ্টতা থেকে যায়।

লস অ্যাঞ্জেলেস টাইমসের ২০২২ সালের এক প্রতিবেদন অনুযায়ী, লেখক ডেল জেমসের ‘উইদাউট ইউ’ ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে ভিডিওটির গল্প তৈরি করা হয়েছিল। এটি নির্মাণে তখন আনুমানিক ১৫ লাখ মার্কিন ডলার ব্যয় হয়।

তিন দশকের বেশি সময় পরও গানটির জনপ্রিয়তা ধরে রাখার পেছনে রয়েছে কয়েকটি কারণ। পিয়ানোর আবহে শুরু হয়ে ধীরে ধীরে অর্কেস্ট্রা ও স্ল্যাশের দীর্ঘ গিটারের সুরে গানটি নাটকীয় রূপ নেয়। পাশাপাশি ভালোবাসা, বিচ্ছেদ ও প্রিয়জনকে হারানোর মতো চিরন্তন অনুভূতি গানটিকে বিভিন্ন প্রজন্মের কাছে প্রাসঙ্গিক করে রেখেছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে রহস্যময় মিউজিক ভিডিও। কিছু দৃশ্যের ব্যাখ্যা ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট রাখায় দর্শকেরা বারবার ভিডিওটি দেখে নিজেদের মতো করে গল্পের অর্থ খুঁজেছেন। ফলে ‘নভেম্বর রেইন’ সংগীত, দৃশ্য ও আবেগের সমন্বয়ে পরিণত হয়েছে কয়েক প্রজন্মের মানুষের স্মৃতির অংশে।

সূত্র : বিবিসি

সময়ের আলো/মহু
  বিষয়:   নভেম্বর রেইন  গান  মার্কিন রক ব্যান্ড  গানস এন রোজেস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: