এজিজম : বয়স কি যোগ্যতা ও সম্ভাবনার মাপকাঠি?

সময়ের আলো ডেস্ক

ফিচার

বর্ণ, ধর্ম, লিঙ্গ কিংবা আর্থিক অবস্থানের ভিত্তিতে বৈষম্যের কথা আমরা অনেকেই জানি। কিন্তু আরেক ধরনের বৈষম্য নীরবে আমাদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান,

2026-11-19T12:41:16+00:00
2026-11-19T12:48:18+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
ফিচার
এজিজম : বয়স কি যোগ্যতা ও সম্ভাবনার মাপকাঠি?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৪১ পিএম  আপডেট: ১৯.১১.২০২৬ ১২:৪৮ পিএম
এজিজম শুধু প্রবীণদের সমস্যা নয়; তরুণ, মধ্যবয়সী ও বয়স্ক- সব বয়সের মানুষই এর শিকার হতে পারেন। ছবি : সংগৃহীত
বর্ণ, ধর্ম, লিঙ্গ কিংবা আর্থিক অবস্থানের ভিত্তিতে বৈষম্যের কথা আমরা অনেকেই জানি। কিন্তু আরেক ধরনের বৈষম্য নীরবে আমাদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, চিকিৎসাব্যবস্থা ও সামাজিক সম্পর্কের মধ্যে জায়গা করে নিয়েছে। এর নাম ‘এজিজম’ বা বয়সভিত্তিক বৈষম্য।

এজিজম শুধু প্রবীণদের সমস্যা নয়; তরুণ, মধ্যবয়সী ও বয়স্ক- সব বয়সের মানুষই এর শিকার হতে পারেন। বয়সের ভিত্তিতে কাউকে অযোগ্য, অনভিজ্ঞ, অদক্ষ কিংবা পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে অক্ষম মনে করা থেকে এ বৈষম্যের শুরু। একপর্যায়ে তা ব্যক্তির অধিকার, সুযোগ, আত্মমর্যাদা ও সামাজিক অবস্থানকে প্রভাবিত করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২১ সালে জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথভাবে প্রকাশিত ‘গ্লোবাল রিপোর্ট অন এজিজম’-এ বয়সভিত্তিক বৈষম্যের তিনটি দিক চিহ্নিত করেছে। প্রথমটি স্টেরিওটাইপ বা গৎবাঁধা ধারণা। যেমন, বয়স্করা প্রযুক্তি বোঝেন না কিংবা তরুণরা দায়িত্বশীল নন- এমন ধারণা। দ্বিতীয়টি প্রেজুডিস বা পূর্বধারণা, যেখানে বয়সের কারণে কারও প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়। তৃতীয়টি ডিসক্রিমিনেশন বা বৈষম্যমূলক আচরণ। যেমন, বয়সের কারণে কাউকে চাকরি না দেওয়া, পদোন্নতি আটকে রাখা, প্রশিক্ষণের সুযোগ থেকে বঞ্চিত করা কিংবা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে বাদ দেওয়া।


কর্মক্ষেত্রে বয়সের অদৃশ্য দেয়াল

বয়সভিত্তিক বৈষম্যের অন্যতম বড় জায়গা কর্মক্ষেত্র। এখানে তরুণদের অনেক সময় অনভিজ্ঞ বা অপরিণত মনে করা হয়। অন্যদিকে, বয়স বাড়লে কর্মীদের প্রযুক্তিতে অদক্ষ কিংবা পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে অক্ষম ভাবা হয়। ফলে যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও অনেকে চাকরি, পদোন্নতি এবং প্রশিক্ষণের সুযোগ হারান।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন এএআরপি ২০২৪ সালের এক প্রতিবেদনে জানায়, প্রতিষ্ঠানগুলোর ৩৫ শতাংশ নিয়োগকর্তা মনে করেন, একটি নির্দিষ্ট বয়সের পর কাউকে চাকরিতে নেওয়া খুব বেশি উপযুক্ত নয়। ১ হাজার ৮৭৩ জন নিয়োগকর্তার ওপর পরিচালিত জরিপে এ প্রবণতা উঠে আসে।

সংগঠনটির ২০২৫ সালের কর্মক্ষেত্রবিষয়ক গবেষণায় ৫০ বছর বা তার বেশি বয়সী কর্মীদের অভিজ্ঞতায় বৈষম্যের কয়েকটি চিত্র পাওয়া যায়। জরিপে অংশগ্রহণকারীদের ৩৩ শতাংশ জানিয়েছেন, বয়স বেশি হওয়ায় তাদের প্রযুক্তিতে কম দক্ষ মনে করা হয়েছে। ২৪ শতাংশের ক্ষেত্রে ধারণা করা হয়েছে, তারা পরিবর্তন পছন্দ করেন না। ২০ শতাংশ জানিয়েছেন, প্রশিক্ষণের সুযোগ দেওয়ার ক্ষেত্রে তরুণ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই হারে অংশগ্রহণকারীরা বলেছেন, তাদের কাজের স্বীকৃতি কিংবা বিশেষজ্ঞ জ্ঞানের যথাযথ মূল্যায়ন করা হয়নি। এ ছাড়া, ২১ শতাংশ কর্মী কর্মক্ষেত্রে প্রজন্মগত পার্থক্য নিয়ে রসিকতা বা ঠাট্টার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।


বাংলাদেশেও সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণের পেছনে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং নিয়োগব্যবস্থাকে সুশৃঙ্খল রাখার যুক্তি রয়েছে। তবে, এ সীমাবদ্ধতার কারণে অভিজ্ঞ অনেক মানুষ সরকারি প্রতিষ্ঠানে তাদের দক্ষতা কাজে লাগানোর সুযোগ পান না। অবশ্য সব চাকরিতে বয়সসীমা অযৌক্তিক- তা নয়। কাজের ধরন, শারীরিক সক্ষমতা, প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও নিয়োগের উদ্দেশ্য বিবেচনা করেই তা নির্ধারণ করা প্রয়োজন।

বেসরকারি খাতে বয়সের বাধা অনেক সময় আরও সূক্ষ্মভাবে কাজ করে। চাকরির বিজ্ঞপ্তিতে বয়সসীমা উল্লেখ না থাকলেও সাক্ষাৎকারে বয়স জানার পর প্রার্থীর প্রতি নিয়োগকর্তার আগ্রহ কমে যেতে পারে। আবার ‘তরুণ ও উদ্যমী কর্মী’ খোঁজার মতো শর্তের আড়ালেও নির্দিষ্ট বয়সের প্রার্থীদের নিরুৎসাহিত করার প্রবণতা দেখা যায়।

পরিবার ও সমাজে বয়সের অবমূল্যায়ন

বয়সভিত্তিক বৈষম্য কর্মক্ষেত্রের বাইরেও বিস্তৃত। পরিবারের ভেতরেও অনেক প্রবীণের মতামত উপেক্ষা করা হয়। একসময় যিনি পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আয় কমে গেলে সিদ্ধান্ত গ্রহণে তার গুরুত্বও কমে যেতে পারে। নিজের চিকিৎসা কিংবা দৈনন্দিন প্রয়োজনের সিদ্ধান্ত অন্যের হাতে ছেড়ে দিতে হয়। এমনকি তার উপস্থিতিতেই তাকে সম্পৃক্ত না করে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

অনেক সময় প্রবীণদের সঙ্গে এমনভাবে কথা বলা হয়, যেন তারা নিজের প্রয়োজন কিংবা সিদ্ধান্ত বোঝার সক্ষমতা হারিয়ে ফেলেছেন। অথচ বয়স বাড়লেই মানুষের বিচারবুদ্ধি, ব্যক্তিস্বাধীনতা ও মত প্রকাশের অধিকার শেষ হয়ে যায় না।


একইভাবে বয়স কম হওয়ার অজুহাতে তরুণদের মতামতও গুরুত্ব পায় না। নেতৃত্ব কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে তাদের আরও অভিজ্ঞ হওয়ার পরামর্শ দেওয়া হয়। জাতিসংঘের ২০২২ সালের বাংলাদেশবিষয়ক প্রতিবেদনে প্রবীণদের শ্রমবাজারে বৈষম্য এবং সামাজিক ও প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণে উপেক্ষিত হওয়ার বিষয়টি উঠে এসেছে। বিশেষ করে প্রবীণ নারীরা এ ক্ষেত্রে বেশি সমস্যার মুখোমুখি হন। 

স্বাস্থ্যসেবায় বয়সভিত্তিক পক্ষপাত

স্বাস্থ্যসেবাতেও বয়সের কারণে বৈষম্যের শিকার হন অনেকে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী কিংবা পরিবারের সদস্যরা কখনো কখনো প্রবীণদের শারীরিক সমস্যাকে বার্ধক্যের স্বাভাবিক অংশ হিসেবে ধরে নেন। ফলে, প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসার গুরুত্ব কমে যায়।

যেমন, কোনো প্রবীণ ব্যক্তি স্মৃতিশক্তি কমে যাওয়া, ঘুমের সমস্যা কিংবা দীর্ঘস্থায়ী ব্যথার কথা জানালে তা বয়সের স্বাভাবিক পরিবর্তন বলে এড়িয়ে যাওয়া হতে পারে। অথচ এসব সমস্যার পেছনে চিকিৎসাযোগ্য রোগও থাকতে পারে। একইভাবে, বয়স বেশি বলে কোনো রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা কম- এমন আগাম সিদ্ধান্ত নেওয়াও বয়সভিত্তিক পক্ষপাত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৫ সালের তথ্য অনুযায়ী, বয়সভিত্তিক বৈষম্যের সঙ্গে প্রবীণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি, জীবনমান কমে যাওয়া এবং প্রতিবন্ধিতা থেকে সুস্থ হওয়ার গতি কমে যাওয়ার সম্পর্ক রয়েছে। সংস্থাটির উল্লেখ করা গবেষণায় এ বৈষম্যের সঙ্গে গড়ে ৭ দশমিক ৫ বছর আগে মৃত্যুর সম্পর্কও পাওয়া গেছে। ফলে এজিজম কেবল সামাজিক সমস্যা নয়, জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগের বিষয়।


আত্মবিশ্বাস ও আত্মমর্যাদায় প্রভাব

বয়সভিত্তিক বৈষম্যের প্রভাব সব সময় দৃশ্যমান হয় না। বারবার অবমূল্যায়িত হলে মানুষের আত্মবিশ্বাস, আত্মমর্যাদা ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ে। কাউকে যদি নিয়মিত বলা হয় তার বয়স হয়ে গেছে, তিনি আর নতুন কিছু শিখতে পারবেন না কিংবা গুরুত্বপূর্ণ কাজ করার সক্ষমতা হারিয়েছেন, একসময় তিনি নিজেও এসব ধারণা বিশ্বাস করতে শুরু করেন। মনোবিজ্ঞানে এ প্রবণতাকে ‘ইন্টারনালাইজড এজিজম’ বা আত্মস্থ বয়স-বৈষম্য বলা হয়।

ধরা যাক, ৫৫ বছর বয়সী একজন নারী নতুন করে ব্যবসা শুরু করতে চান। কিন্তু চারপাশের মানুষ তাকে নিরুৎসাহিত করে বলেন, ‘এই বয়সে আবার নতুন করে ব্যবসা করার কী দরকার?’ একপর্যায়ে তিনি নিজের সক্ষমতা নিয়েই সন্দিহান হয়ে পড়েন। সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে বাস্তবায়িত হওয়ার আগেই থেমে যায় তার স্বপ্ন।

অন্যদিকে, ২৫ বছর বয়সী একজন তরুণ নেতৃত্ব দিতে চান। কিন্তু বারবার তাকে বলা হয়, ‘এখনো অনেক কিছু শেখার বাকি, আগে বড় হও।’ ফলে, প্রয়োজনীয় দক্ষতা থাকা সত্ত্বেও তিনি আত্মবিশ্বাস হারাতে পারেন। অর্থাৎ, বয়সভিত্তিক বৈষম্য একদিকে প্রবীণদের অভিজ্ঞতাকে অবমূল্যায়ন করে, অন্যদিকে তরুণদের সম্ভাবনাকেও বাধাগ্রস্ত করে।


বয়স ও লিঙ্গের দ্বৈত বৈষম্য

বয়সভিত্তিক বৈষম্যের সঙ্গে লিঙ্গবৈষম্য যুক্ত হলে পরিস্থিতি আরও জটিল হয়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে বয়সের প্রভাব অনেক সময় পুরুষদের তুলনায় ভিন্নভাবে কাজ করে।

কর্মক্ষেত্রে একজন পুরুষের দীর্ঘ অভিজ্ঞতাকে পেশাগত সম্পদ হিসেবে দেখা হলেও একই বয়সী একজন নারীকে তার বয়স, চেহারা, পারিবারিক দায়িত্ব কিংবা সামাজিক অবস্থান দিয়ে বিচার করা হতে পারে। চল্লিশ বা পঞ্চাশ বছর বয়সী কোনো নারী চাকরি পরিবর্তন করতে চাইলে তাকে বয়সের পাশাপাশি সন্তান লালন-পালন, পারিবারিক দায়িত্ব ও প্রযুক্তিগত দক্ষতা নিয়েও নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়।

প্রবীণ নারীদের ক্ষেত্রে আর্থিক নির্ভরশীলতা, সম্পত্তির অধিকার, স্বামীর মৃত্যু, সামাজিক নিরাপত্তার অভাব এবং পারিবারিক সিদ্ধান্তে উপেক্ষিত হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বয়স ও লিঙ্গ- দুই ধরনের বৈষম্য একসঙ্গে কাজ করায় তারা আরও বেশি প্রান্তিক হয়ে পড়েন।


এজিজমের পেছনে দায়ী কী?

বয়সভিত্তিক বৈষম্য এক দিনে তৈরি হয় না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, কর্মক্ষেত্র ও সামাজিক সংস্কৃতির মধ্য দিয়ে ধীরে ধীরে এ মানসিকতা গড়ে ওঠে। এর পেছনে কয়েকটি কারণ উল্লেখযোগ্য।

সমাজে প্রায়ই মনে করা হয়, তরুণ মানেই উদ্যমী, প্রযুক্তিতে দক্ষ ও সৃজনশীল। অন্যদিকে, প্রবীণ মানেই ধীরগতির, অসুস্থ এবং পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে অক্ষম। ব্যক্তির সক্ষমতা যাচাই না করেই এসব ধারণা প্রয়োগ করা হয়।

বিজ্ঞাপন, বিনোদন, ফ্যাশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তারুণ্যকে সৌন্দর্য, সাফল্য ও সক্ষমতার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়। ফলে, বয়স বাড়াকে নেতিবাচকভাবে দেখার প্রবণতা তৈরি হয়।

কিছু প্রতিষ্ঠানের ধারণা, তরুণ কর্মীদের নিয়োগ দিলে তুলনামূলক কম বেতন দেওয়া সম্ভব কিংবা দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রয়োজন কম হবে। আবার অভিজ্ঞ কর্মীদের বেশি বেতন দিতে হয়- এমন ধারণাও নিয়োগের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।

প্রযুক্তি, জীবনযাপন, মূল্যবোধ ও সামাজিক পরিবর্তনের কারণে বিভিন্ন প্রজন্মের মধ্যে পার্থক্য তৈরি হয়। কিন্তু তা বোঝার চেষ্টা না করে এক প্রজন্মকে অন্য প্রজন্মের তুলনায় শ্রেষ্ঠ কিংবা নিকৃষ্ট ভাবার প্রবণতা দেখা যায়।

বয়সভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে সুস্পষ্ট আইন, কার্যকর অভিযোগব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি না থাকলে এ ধরনের আচরণ চলতে থাকে।


এজিজম প্রতিরোধে করণীয়

বয়সভিত্তিক বৈষম্য দূর করতে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়। প্রয়োজন ব্যক্তিগত আচরণ, সামাজিক দৃষ্টিভঙ্গি ও প্রাতিষ্ঠানিক নীতির পরিবর্তন।

পরিবারে প্রবীণ সদস্যদের মতামতকে গুরুত্ব দিতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একইভাবে শিশু-কিশোর ও তরুণদের চিন্তাভাবনাকেও সম্মান জানাতে হবে।

কর্মক্ষেত্রে নিয়োগ, পদোন্নতি ও প্রশিক্ষণের ক্ষেত্রে বয়সের পরিবর্তে যোগ্যতা, অভিজ্ঞতা, কর্মদক্ষতা এবং কাজের উপযোগিতাকে প্রাধান্য দেওয়া জরুরি। অভিজ্ঞ ও তরুণ কর্মীদের সমন্বয়ে দল গঠন করা হলে একদিকে অভিজ্ঞতার সুফল পাওয়া যাবে, অন্যদিকে নতুন প্রজন্মের উদ্ভাবনী চিন্তাও কাজে লাগানো সম্ভব হবে।

বিভিন্ন প্রজন্মের মানুষের মধ্যে মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপন ও সংবাদমাধ্যমে প্রবীণদের শুধু অসহায় বা নির্ভরশীল এবং তরুণদের অপরিণত বা দায়িত্বজ্ঞানহীন হিসেবে উপস্থাপন করা থেকে বিরত থাকতে হবে। বিভিন্ন বয়সের মানুষের ইতিবাচক অবদান তুলে ধরা জরুরি।

এ ছাড়া কর্মক্ষেত্র, স্বাস্থ্যসেবা ও সামাজিক পরিসরে বয়সভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে কার্যকর নীতিমালা, অভিযোগ জানানোর ব্যবস্থা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। বয়স বাড়লেও শেখার আগ্রহ ও সক্ষমতা শেষ হয়ে যায় না। তাই প্রবীণদের জন্য প্রযুক্তি প্রশিক্ষণ, নতুন দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি তরুণদের নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ ও উদ্ভাবনী কাজে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এজিজম প্রতিরোধে ৩টি উদ্যোগ বিশেষভাবে কার্যকর- আইন ও নীতির মাধ্যমে সুরক্ষা নিশ্চিত করা, শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন প্রজন্মের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি।

তরুণদের নতুন চিন্তা, উদ্ভাবনী শক্তি ও উদ্যম যেমন সমাজের সম্পদ, তেমনি প্রবীণদের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও জীবনবোধও গুরুত্বপূর্ণ। একজন মানুষকে শুধু তার জন্মসাল দিয়ে বিচার করা যায় না। আজ যে তরুণকে বয়সের অজুহাতে অবজ্ঞা করা হচ্ছে, কাল তিনিও প্রবীণ হবেন। আবার আজ যে প্রবীণকে অপ্রয়োজনীয় মনে করা হচ্ছে, তার অভিজ্ঞতাই আগামী দিনের কোনো বড় সংকট মোকাবিলায় কাজে আসতে পারে। বয়স বাড়তে পারে, কিন্তু শেখার আগ্রহ, দক্ষতা অর্জন কিংবা নতুন কিছু করার সম্ভাবনার নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। তাই মানুষকে বয়স দিয়ে নয়, তার কাজ, চিন্তা, যোগ্যতা, অভিজ্ঞতা ও মানবিক গুণাবলি দিয়ে মূল্যায়ন করতে হবে। 

সূত্র : বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিবিসি ও অন্যান্য

সময়ের আলো/মহু

  বিষয়:   এজিজম  বয়স বৈষম্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: