রাগের মাথায় শিশুকে যে ৫ কথা বলবেন না

সময়ের আলো ডেস্ক

ফিচার

শিশুদের বড় করতে গিয়ে মা-বাবাকে প্রতিদিনই নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কখনো অবাধ্যতা, কখনো জেদ, আবার কখনো দুষ্টুমি সামলাতে গিয়ে

2026-11-19T10:33:55+00:00
2026-11-19T10:39:52+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
ফিচার
রাগের মাথায় শিশুকে যে ৫ কথা বলবেন না
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ এএম  আপডেট: ১৯.১১.২০২৬ ১০:৩৯ এএম
রাগের মাথায় বলাি কিছু কথা শিশুর মনে গভীর দাগ কাটতে পারে। ছবি : সংগৃহীত
শিশুদের বড় করতে গিয়ে মা-বাবাকে প্রতিদিনই নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কখনো অবাধ্যতা, কখনো জেদ, আবার কখনো দুষ্টুমি সামলাতে গিয়ে অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলেন অভিভাবকেরা। রাগের মাথায় বলে ফেলেন এমন কিছু কথা, যা শিশুর মনে গভীর দাগ কাটতে পারে। 

তোকে দিয়ে কিছু হবে না

কোনো কাজে ব্যর্থ হলে শিশুকে এমন কথা বলা তার আত্মবিশ্বাসে আঘাত করতে পারে। বারবার এ ধরনের কথা শুনলে শিশু নিজের সক্ষমতা নিয়ে সন্দিহান হয়ে পড়তে পারে। নতুন কিছু শেখার আগ্রহও হারিয়ে ফেলতে পারে।


এর পরিবর্তে বলুন, ‘এবার হয়নি, চলো আরেকবার চেষ্টা করি।’ এতে শিশু বুঝতে পারবে, ব্যর্থ হওয়া মানেই সব শেষ নয়। চেষ্টা চালিয়ে গেলে সফল হওয়া সম্ভব।

দেখ, অমুক কত ভালো, আর তুই?

অন্য শিশুর সঙ্গে তুলনা করে নিজের সন্তানকে ছোট করা অনেক অভিভাবকের অভ্যাস। পড়াশোনা, খেলাধুলা কিংবা অন্য কোনো কাজে তুলনা করলে শিশুর মধ্যে হীনম্মন্যতা তৈরি হতে পারে। পাশাপাশি অন্যের প্রতি ঈর্ষা ও প্রতিযোগিতার নেতিবাচক মনোভাবও জন্ম নিতে পারে।

তাই অন্যের সঙ্গে তুলনা না করে শিশুর নিজের অগ্রগতিকে গুরুত্ব দিন। বলুন, ‘আগের চেয়ে তো অনেক ভালো পারছ।’ এতে সে নিজের উন্নতি সম্পর্কে উৎসাহ পাবে এবং আরও ভালো করার অনুপ্রেরণা খুঁজে পাবে।


কাঁদবি না, একদম চুপ

শিশু কাঁদলে অনেক সময় অভিভাবকেরা বিরক্ত হয়ে তাকে চুপ করিয়ে দিতে চান। কিন্তু কান্না শিশুর আবেগ প্রকাশের স্বাভাবিক একটি উপায়। তাকে জোর করে চুপ করিয়ে দিলে নিজের অনুভূতি প্রকাশ করতে সংকোচ তৈরি হতে পারে।

এর পরিবর্তে বলুন, ‘বুঝতে পারছি তোমার খারাপ লাগছে। একটু শান্ত হও, তারপর আমাকে বোলো।’ এতে শিশু বুঝতে শিখবে, তার অনুভূতিরও গুরুত্ব রয়েছে। একই সঙ্গে আবেগ নিয়ন্ত্রণ ও মনের কথা প্রকাশের সুযোগ পাবে।

এমন করলে তোকে রেখে চলে যাব

শিশুকে ভয় দেখাতে অনেক অভিভাবক এমন কথা বলেন। কিন্তু মা-বাবা ছেড়ে চলে যাবেন- এমন আশঙ্কা শিশুর মনে নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে। বিশেষ করে ছোট শিশুরা এ ধরনের কথাকে সত্যি বলে বিশ্বাস করতে পারে।

এর পরিবর্তে বলুন, ‘তোমার এই কাজটা আমার পছন্দ হয়নি। কিন্তু তোমাকে আমি সবসময় ভালোবাসি।’ এতে শিশুটি বুঝতে পারবে, তার কোনো আচরণ ভুল হতে পারে, কিন্তু সেই কারণে মা-বাবার ভালোবাসা কমে যাবে না। আচরণের ভুল ও শিশুর প্রতি ভালোবাসা যে এক বিষয় নয়, সেটিও তার কাছে স্পষ্ট হবে।


তুই না থাকলেই ভালো হতো

এটি রাগের মাথায় বলা সবচেয়ে কষ্টদায়ক কথাগুলোর একটি। মা-বাবার কাছে নিজেকে অবাঞ্ছিত মনে হলে শিশুর মনে গভীর কষ্ট ও অনিরাপত্তা তৈরি হতে পারে। নিজের অস্তিত্ব নিয়েই নেতিবাচক ধারণা জন্মাতে পারে। তাই পরিস্থিতি যতই কঠিন হোক, শিশুকে এমন কথা বলা থেকে বিরত থাকা জরুরি।

এর পরিবর্তে বলুন, ‘আমি এখন রেগে গেছি, একটু শান্ত হয়ে তারপর কথা বলছি।’ এতে শিশুর সামনে নিজের রাগ সামলানোর একটি ইতিবাচক উদাহরণ তৈরি হবে। সে বুঝতে শিখবে, রাগ হওয়া স্বাভাবিক, তবে রাগের সময় কাউকে কষ্ট দিয়ে কথা বলা ঠিক নয়।

শিশুর ভুল হলে তাকে বোঝাতে হবে, প্রয়োজন হলে শাসনও করতে হবে। তবে শাসন মানেই অপমান করা কিংবা ভয় দেখানো নয়। বরং কোন আচরণটি ভুল, কেন ভুল এবং কীভাবে সেটি সংশোধন করা যায়- তা সহজ ভাষায় বুঝিয়ে বলা জরুরি।

মনে রাখতে হবে, ছোটবেলায় মা-বাবার বলা কথা শিশুর আত্মবিশ্বাস, মানসিক নিরাপত্তা ও আচরণে প্রভাব ফেলতে পারে। তাই শিশুকে শাসন করার সময় শুধু কী বলছেন, তা নয়; কীভাবে বলছেন, সেটিও গুরুত্বপূর্ণ। ভুল ধরিয়ে দেওয়া বা কোনো আচরণে নিষেধ করার জন্য কঠিন শব্দ ব্যবহার না করেও শিশুকে বোঝানো যায়।  তাই রাগের মুহূর্তে কিছু বলার আগে নিজেকে একটু সময় দিন। প্রয়োজনে কিছুক্ষণ চুপ থাকুন, শান্ত হয়ে তারপর কথা বলুন। কারণ শিশুকে শুধু ভালো আচরণ শেখালেই হবে না, নিজের আচরণের মাধ্যমেও তাকে তা দেখাতে হবে। আপনার বলা কয়েকটি কোমল কথা যেমন শিশুর আত্মবিশ্বাস বাড়াতে পারে, তেমনই রাগের মাথায় বলা কিছু কঠিন কথা তার মনে দীর্ঘদিনের কষ্ট হয়ে থাকতে পারে।

সময়ের আলো/মহু

  বিষয়:   শিশু  কথা  রাগ  প্যারেন্টিং  সন্তান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: