শূন্য থেকে সফল মাকসুদা খাতুন

তাসলিমা নীলু

ফিচার

নিজের স্বপ্ন, সাহস আর কঠোর পরিশ্রমকে পুঁজি করে শূন্য থেকে গড়ে তুলেছেন শাবাব লেদার। একজন নারী উদ্যোক্তা হিসেবে নিজের পরিচয়

2026-11-18T18:50:05+00:00
2026-11-18T18:50:05+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
ফিচার
শূন্য থেকে সফল মাকসুদা খাতুন
তাসলিমা নীলু
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:৫০ পিএম 
শূন্য থেকে সফল মাকসুদা খাতুন
নিজের স্বপ্ন, সাহস আর কঠোর পরিশ্রমকে পুঁজি করে শূন্য থেকে গড়ে তুলেছেন শাবাব লেদার। একজন নারী উদ্যোক্তা হিসেবে নিজের পরিচয় প্রতিষ্ঠার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও নারীর আত্মনির্ভরশীলতা নিশ্চিত করাকেও জীবনের অন্যতম লক্ষ্য করে নিয়েছেন মাকসুদা খাতুন।

শ্যামলীর আশা ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে এমবিএ সম্পন্ন করা মাকসুদা খাতুন শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। একটি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন। এরপর দুটি বায়িং হাউসে চাকরি করেন আরও তিন বছর। তবে কোনো কাজেই যেন নিজের প্রত্যাশা ও আত্মতৃপ্তির জায়গাটি খুঁজে পাচ্ছিলেন না। এক পর্যায়ে চাকরি ছেড়ে নিজের কিছু করার প্রত্যয়ে বাসায় ব্যাচ করে শিক্ষার্থীদের পড়ানো শুরু করেন।

এরই মধ্যে জীবনে নেমে আসে কঠিন সময়। স্বামীর এক বন্ধুর সঙ্গে চাকরির পাশাপাশি ব্যবসা শুরু করেছিলেন। কিছুটা এগিয়ে যাওয়ার স্বপ্ন থাকলেও উদ্যোগটি শুরু করার পর নানা কারণে পিছিয়ে পড়েন। হারাতে হয় নিজের সর্বস্ব, এমনকি জীবনের কয়েক দিনের স্মৃতিও। সেই কঠিন সময়ে একজন সহধর্মিণী, বন্ধু ও মেয়ে হিসেবে নিজেকে প্রমাণ করার তাগিদ আরও প্রবল হয়ে ওঠে। নিজের জন্য, পরিবারের জন্য ঘুরে দাঁড়ানো এবং সংসারের হাল ধরাই হয়ে ওঠে জীবনের একমাত্র লক্ষ্য। পাশে কেউ নেই, সামনে একরাশ অনিশ্চয়তা। তবু সংকল্প ছিল একটাই— ঘুরে দাঁড়াতেই হবে।

শুরু হয় নতুন পথের সন্ধান। বাজার পর্যালোচনা, পণ্য নিয়ে পড়াশোনা এবং সম্ভাবনাময় খাত খোঁজার মধ্য দিয়ে একসময় লেদার শিল্পের প্রতি আগ্রহ তৈরি হয়। ২০১৬ সালে নিজের জমানো টাকা ও বিয়ের গহনা বিক্রির অর্থ দিয়ে শুরু করেন ‘শাবাব লেদার’। মাত্র পাঁচজন কর্মী নিয়ে ছোট পরিসরে শুরু হয় নতুন পরিচয়ে তার পথচলা।

উদ্যোগকে এগিয়ে নিতে দিনের পর দিন ঘুরেছেন হাজারীবাগ, বংশাল, সদরঘাট, ইসলামপুরসহ বিভিন্ন এলাকায়। কঠোর পরিশ্রমের পাশাপাশি নিজেকে দক্ষ করে তুলতেও ছিলেন সচেষ্ট। উদ্যোগের কাজে লাগবে এমন প্রশিক্ষণ গ্রহণ করেছেন ১০০টিরও বেশি। সাহস, অধ্যবসায় ও শেখার আগ্রহকে সঙ্গী করে ধীরে ধীরে এগিয়ে গেছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে পথচলার ১১ বছরে শাবাব লেদারে নিয়মিত কর্মরত ৫৭ জন কর্মী। রয়েছে ব্যাগ তৈরির পরিসর, জুতার কারখানা ও নিজস্ব শোরুম। কয়েকটি অনলাইন ও অফলাইন বাজারও শাবাব লেদারের পণ্য সংগ্রহ করে বিক্রি করছে। বর্তমানে ৯টিরও বেশি দেশে রফতানি হচ্ছে প্রতিষ্ঠানটির পণ্য।

লেডিস ব্যাগ, জেন্টস ব্যাগ, মানিব্যাগ, লং ওয়ালেট, বেল্ট, জুতা এবং করপোরেট গিফট আইটেম নিয়ে কা জ করছে শাবাব লেদার। প্রতিষ্ঠানটির সিগনেচার পণ্য অফিস এক্সিকিউটিভ ব্যাগ। ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে অর্জনের ঝুলিতে যুক্ত হয়েছে আইডিএলসি-প্রথম আলো সেরা নারী উদ্যোক্তা ২০২২ এসএমই পুরস্কারসহ বেশ কিছু সম্মাননা।

তবে মাকসুদা খাতুনের কাছে শাবাব লেদার কেবল অর্থ উপার্জনের প্রতিষ্ঠান নয়। এর সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের কর্মসংস্থান সৃষ্টি, দেশের অর্থনীতিতে অবদান রাখা এবং স্থানীয় উৎপাদনব্যবস্থাকে আরও সুসংহত করাই তার অন্যতম লক্ষ্য। প্রতিষ্ঠানটিতে কর্মী নিয়োগের ক্ষেত্রে সবসময় নারীদের অগ্রাধিকার দেওয়া হয়। তার মতে, সমাজ ও রাষ্ট্র এগিয়ে গেলেও আমাদের সামাজিক প্রেক্ষাপটে নারীরা এখনও অনেক পিছিয়ে। তাই নারীদের স্বাবলম্বী করে তোলার বিষয়টি তার কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

প্রতিষ্ঠানের বাইরেও সমাজের অবহেলিত নারীদের নিয়ে কাজ করছেন তিনি। তাদের জন্য বিভিন্ন সচেতনতামূলক প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভূমিকা রাখছেন। এসব কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পরিচালনা করছেন ‘পায়রা নারী উন্নয়ন সংস্থা’।

ব্যক্তিগত বিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়ে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার এই যাত্রায় মাকসুদা খাতুন প্রমাণ করেছেন, সাহস, শ্রম ও দৃঢ় প্রত্যয় থাকলে প্রতিকূলতাও অতিক্রম করা সম্ভব। নিজের পরিচয় প্রতিষ্ঠার পাশাপাশি অন্য নারীদের এগিয়ে যাওয়ার পথ তৈরি করাই এখন  তার স্বপ্ন।

সময়ের আলো/প্রিন্ট/কেআই
  বিষয়:   শূন্য  সফলতা  মাকসুদা খাতুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: