পুরুষ, এত ভার কেমন করে বও?

প্রভা নাওয়ার

ফিচার

মালেয়শিয়ার এক দ্বীপ। শহর থেকে দ্বীপটির দূরত্ব অনেক। সেখানে রেস্তোরাঁয় থালা-বাসন ধোয়ার কাজ করেন এক বাংলাদেশি। রেস্তারাঁটিতে আর কোনো বাঙালি

2026-11-18T19:10:07+00:00
2026-11-18T19:12:51+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
ফিচার
পুরুষ, এত ভার কেমন করে বও?
প্রভা নাওয়ার
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:১০ পিএম  আপডেট: ১৮.১১.২০২৬ ৭:১২ পিএম
পুরুষের দায় ও দায়িত্বের ভার কিছুটা কমুক। গ্রাফিক : সময়ের আলো
মালেয়শিয়ার এক দ্বীপ। শহর থেকে দ্বীপটির দূরত্ব অনেক। সেখানে রেস্তোরাঁয় থালা-বাসন ধোয়ার কাজ করেন এক বাংলাদেশি। রেস্তারাঁটিতে আর কোনো বাঙালি নেই। এক বাংলাদেশি পর্যটক সেখানে ঘুরতে গেলেন। তার হাতে একটা প্যাকেট দিয়ে সেই কর্মী বললেন, দেশে গিয়ে যেন প্যাকেটটি তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। তিনি জিজ্ঞেস করলেন, প্যাকেটটিতে কী আছে? লোকটি বললেন, একমাত্র ছোট্ট মেয়ের জন্য জামা ও খেলনা, যে মেয়েটির জন্মের পর তিনি এখনও ছুঁয়ে দেখতে পারেননি। তিনি আবার জিজ্ঞেস করলেন, পরিবার ছেড়ে এত দূরে বিচ্ছিন্ন এক দ্বীপে কেমন করে থাকেন? লোকটি কেঁদে ফেললেন। সেই কান্না একজন বাবার, একজন অসহায় পুরুষের।

ঘটনাটি পড়েছিলাম একজনের ভ্রমণ গল্পে। পুরো লেখাটি পড়ে চোখ ভিজে উঠেছিল আমারও। জীবনের যে বাস্তবতা একজন পুরুষকে পরিবার থেকে এত দূরে নিয়ে যায়, কল্পনাতেও তার দায়িত্বের ভার, ব্যথার ভার বহন করার ক্ষমতা আমার নেই। ওই পুরুষটির মতো, বাবাটির মতো কিংবা মা-বাবা ও সংসারের দায়িত্ব মাথায় নিয়ে এমন অসংখ্য পুরুষ বৈধ বা অবৈধ পথে বিদেশে পাড়ি জমায়, অমানবিক পরিশ্রম করে। দেশে ফেলে যায় তাদের শৈশব, সহজ জীবন, একসঙ্গে পথচলা বন্ধুদের এবং জীবনে না আসা অসংখ্য সুন্দর মুহূর্তদের। প্রবাসে থাকার দরুণ তারা বেশিরভাগ সময়ই বঞ্চিত হন বিভিন্ন আনন্দ আয়োজন থেকে, আপনজনের মৃত্যুর খবর শুনেও ছুটে আসতে পারেন না, পকেটে টান পড়ে যায়। অবৈধ পথে সুদিনের আশায় গিয়ে কত পুরুষ সমুদ্রে তলিয়ে যায়, কত পুরুষের আর খোঁজ মেলে না কোনোদিন। জীবনের সোনালি সময় বিদেশে পিষ্ট করে তারা বার্ধক্যে তল্পিতল্পা গুটিয়ে দেশে ফেরেন। ততদিনে আমূল বদলে যায় চেনা গ্রামের পথঘাট, বাড়িঘর, মানুষ সব। আগের মতো আর কিছুতেই মিশে যেতে পারেন না সবকিছুর সঙ্গে। কোথায় যেন একটা তার ছিঁড়ে যায় চিরজীবনের মতো। 


দেশে থাকা পুরুষদের যন্ত্রণাও কী কম। বেকারত্বের হতাশা, সময়ের পরিক্রমায় সংসারের দায়িত্ব কাঁধে চলে আসা কিংবা অল্প বেতনে দিন গুজরানের নিত্য হিসাব রাখতে রাখতে পুরুষরা ক্ষয়ে যেতে থাকেন। একবার বাবাকে জিজ্ঞেস করেছিলাম- এত কষ্ট করে যে টাকা উপার্জন করো, সব টাকা সংসারে দিয়ে দিতে খারাপ লাগে না? উত্তরটা আসলে কুয়াশায় মোড়া। খারাপ লাগা, না লাগার ঊর্ধ্বে। বাবা দিনের পর দিন ছেঁড়া মোজা পরত। একটা শার্টও কখনো কিনত না। দায়িত্বটা আমাদেরই নিতে হতো। তখন ভাবতাম, এক জোড়া মোজার দাম তো সামান্য, কেন বাবা আলসেমি করে কিনছে না? কিন্তু আমার বাবার মতো অসংখ্য বাবা নামক পুরুষরা কেন যে যৎসামান্য দামের এক জোড়া মোজা কিনতে গিয়েও বারবার হোঁচট খায়, কেন যে তারা অসুস্থ হলেও চিকিৎসকের কাছে যান না, তা বুঝেছি বড় হয়ে। এই বুঝতে পারাটা আমাকেও কিছুটা বুঝিয়েছে, জীবনের বোঝা আসলে কত ভারী!

বাবা বেঁচে থাকলে এখন জানতে চাইতাম, তোমাকে নিশ্চয়ই কর্মক্ষেত্রে ‘স্যার’দের দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে অসংখ্য দিন। তোমার কি তখন চাকরিবাকরি ছেড়ে যেদিকে দুচোখ যায়, চলে যেতে ইচ্ছে করেনি? ইচ্ছে করেনি দুচোখ মেলে নির্ভাবনায় আকাশ দেখতে? উত্তরটা আসলে আমিও জানি। যে পুরুষের ওপর বাবার চিকিৎসার খরচ, সংসারের রোজকার খরচ, সন্তানের সুন্দর ভবিষ্যতের ভার থাকে, সে চাইলেই সব ছেড়েছুড়ে ইচ্ছেখুশির জীবন কাটাতে পারে না। একটা বয়সের পর থেকে পুরুষরা এই দায় বা দায়িত্বের ভারে আটকে যায়, যেখান থেকে সহজে আর মুক্তি মেলে না তাদের। অল্প কিছু টাকার বিনিময়ে তারা বিক্রি করে দেয় তাদের স্বাধীন জীবন, মুক্তচিত্তে আকাশ দেখার স্বাদ কিংবা হৈ-হুল্লোর করা দিন। সেই সামান্য টাকাও আবার তারা উপভোগ করতে পারেন না। তা ব্যয় হয় পৃথিবীর চিরায়ত নিয়মে সংসারের পেছনে!


পথেঘাটে রোজ অসংখ্য পুরুষকে দেখি। তাদের কেউ জীবনের ভারে ক্লান্ত, কেউ অসহিষ্ণু। সত্যিকারের সুখী পুরুষের দেখা পাওয়া ভার। যাদের মাথায় সবসময় এত দায়িত্ব থাকে, তারা কেমন করে উজাড় আনন্দে হাসবে? জ্যামে বসে থাকতে থাকতে পাশের বাসে সিটের সঙ্গে মাথা ঠেকিয়ে রাখা বিষণ্ণ এক পুরুষকে দেখে সেদিন মন খারাপ ভর করল হঠাৎ। যে পৃথিবীতে যার যার ব্যক্তিগত জীবনের ভার বয়ে নেওয়াই কঠিন, সেখানে একজন পুরুষ কীভাবে সুপারম্যানের মতো এতগুলো মানুষের ভার বহন করে একা? 

আমাদের সমাজে আবার একটা কথা প্রচলিত- পুরুষদের কাঁদতে নেই। পুরুষরা আহত হয়, ব্যথার ভারে ক্লান্ত হয়, তবু সহজে কাঁদে না, অন্তত জনসম্মুখে তো নয়ই। এভাবে পুরুষদের ব্যথার ভার জমতে থাকে। জীবনের এমন অনেক ব্যথা ও দায়ের ভার নিয়ে অনেক পুরুষেরই আকষ্মিক মৃত্যু ঘটে, কেউ বেছে নেয় স্বেচ্ছামৃত্যুর পথ। পুরুষের মনের যত্ন নিতে এখনো আমরা শিখিনি পুরোপুরি। তাই তারাও অন্তর্মুখী স্বভাবের। নিজেকে আপাদমস্তক মেলে ধরতে পারেন না আপনজনদের কাছেও। 

আমি চাই, পুরুষরাও রঙিন প্রজাপতির মতো ঘুরে বেড়াক, জীবনকে উপভোগ করুক, তাদের দায় ও দায়িত্বের ভার কিছুটা কমুক, দুঃখ পেলে তারাও মন খুলে কাঁদুক। বাবার এক জোড়া ছেঁড়া মোজার দৃশ্য আগামীতে আর কোনো সন্তানকে দেখতে না হোক....

সময়ের আলো/মহু
  বিষয়:   পুরুষ  দিবস  বাবা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: