প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম
গ্রাফিক : সময়ের আলোমানবসেবার জন্য নিজের জীবন উৎসর্গ করার অসংখ্য দৃষ্টান্ত রয়েছে পৃথিবীতে। তবে কিছু মানুষের জীবনকথা সময় ও সীমানার গণ্ডি পেরিয়ে মানবতার অনন্য উদাহরণ হয়ে থাকে। তেমনই একজন চিকিৎসক ডা. রুথ ফাউ। জার্মানিতে জন্ম নেওয়া এই চিকিৎসক নিজের দেশ, পরিচিত পরিবেশ ও স্বাচ্ছন্দ্যের জীবন ছেড়ে পাড়ি জমিয়েছিলেন পাকিস্তানে। সেখানে কুষ্ঠ রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় জীবনের ৫৫ বছরেরও বেশি সময় ব্যয় করেছেন তিনি। অসংখ্য মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন আশ্রয় ও আশার প্রতীক।
১৯২৯ সালের ৯ সেপ্টেম্বর জার্মানির লাইপজিগ শহরে জন্মগ্রহণ করেন রুথ ক্যাথেরিনা মার্থা ফাউ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির রাজনৈতিক বিভাজন ও সামাজিক অস্থিরতার মধ্যেও নিজের পড়াশোনা চালিয়ে যান। পরে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করে চিকিৎসক হিসেবে প্রশিক্ষণ নেন। মানুষের কষ্ট লাঘব করার আকাঙ্ক্ষা থেকেই তিনি চিকিৎসাসেবার পাশাপাশি ধর্মীয় জীবন বেছে নেন। ১৯৫৭ সালে যোগ দেন ক্যাথলিক ধর্মীয় সংগঠন ডটার্স অব দ্য হার্ট অব মেরিতে।
১৯৬০ সালে সংগঠনের দায়িত্ব নিয়ে ভারতের উদ্দেশে যাত্রা করেন রুথ। কিন্তু ভিসাসংক্রান্ত জটিলতায় তাকে পাকিস্তানের করাচিতে অবস্থান করতে হয়। সেখানেই তার জীবনের মোড় ঘুরে যায়। করাচির একটি বস্তিতে কুষ্ঠ রোগে আক্রান্ত মানুষের দুর্দশা দেখে তিনি গভীরভাবে বিচলিত হন। রোগীদের অনেকেই পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন ছিলেন। চিকিৎসার অভাবে তাদের জীবন হয়ে উঠেছিল আরও দুর্বিষহ। এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
পাকিস্তানে অবস্থান করার সিদ্ধান্ত নিয়ে কুষ্ঠ রোগীদের চিকিৎসায় আত্মনিয়োগ করেন রুথ ফাউ। ১৯৬৩ সালে করাচিতে গড়ে ওঠে মেরি অ্যাডিলেড লেপ্রসি সেন্টার (এমএএলসি)। পরবর্তী সময়ে এটি কুষ্ঠ রোগের চিকিৎসা, পুনর্বাসন ও প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়। শুধু হাসপাতাল প্রতিষ্ঠা করেই থেমে থাকেননি তিনি। পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চল, দুর্গম গ্রাম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করেছেন। তার উদ্যোগে দেশজুড়ে ১৫৭টি কুষ্ঠ চিকিৎসাকেন্দ্র গড়ে ওঠে। এসব কেন্দ্রের মাধ্যমে ৫৬ হাজারের বেশি রোগী চিকিৎসা ও সেবা পেয়েছেন।
১৯৯৬ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পাকিস্তানে কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণে আসার বিষয়টি স্বীকৃতি দেয়। এই অর্জনের পেছনে তার দীর্ঘদিনের প্রচেষ্টা ও সাংগঠনিক ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পাকিস্তানের একাধিক রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন। ২০০২ সালে জনসেবায় অবদানের জন্য পান র্যামন ম্যাগসেসে পুরস্কার। ১৯৮৮ সালে তাকে পাকিস্তানের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়।
২০১৭ সালের ১০ আগস্ট করাচিতে ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই মানবদরদি চিকিৎসক। তার মৃত্যুতে পাকিস্তান রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানায়। করাচির সিভিল হাসপাতালের নাম পরিবর্তন করে রাখা হয় ডা. রুথ কে এম ফাউ হাসপাতাল। রুথ ফাউয়ের জীবন শুধু একজন চিকিৎসকের সাফল্যের গল্প নয়, বরং মানবিক দায়িত্ববোধ ও সহমর্মিতার অনন্য উদাহরণ।
সময়ের আলো/প্রিন্ট/কেআই