মালয়েশিয়াজুড়ে পর্যটকদের জন্য রয়েছে নানা আকর্ষণ। ছবি : সংগৃহীত মালয়েশিয়ার একদিকে রয়েছে উপদ্বীপীয় অঞ্চল, অন্যদিকে দক্ষিণ চীন সাগরের ওপারে বোর্নিও দ্বীপের অংশ। দুই অঞ্চলেই পর্যটকদের জন্য রয়েছে নানা আকর্ষণ। কোথাও ঘুরে দেখা যায় প্রাচীন স্থাপনা, কোথাও উপভোগ করা যায় পাহাড়ি প্রকৃতি ও বন্যপ্রাণী। আবার কোনো কোনো জায়গা সমুদ্রসৈকত ও পানির নিচের জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। চলুন জেনে নেওয়া যাক মালয়েশিয়ার ভ্রমণের সেরা ৯টি স্থান সম্পর্কে।
কুয়ালালামপুর
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর আধুনিক স্থাপত্য, কেনাকাটা ও বিনোদনের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয়। শহরটির অন্যতম আকর্ষণ পেট্রোনাস টুইন টাওয়ার ও মেনারা কেএল। উঁচু ভবন, অভিজাত বিপণিবিতান ও জমজমাট পানশালার পাশাপাশি এখানে রয়েছে ঐতিহ্যবাহী স্থাপনা ও সবুজ প্রকৃতি।
থিয়েন হউ মন্দির এবং সুলতান আবদুল সামাদ মসজিদ শহরের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। সময় থাকলে ঘুরে আসতে পারেন কেএল ফরেস্ট ইকো পার্ক, মাহ মেরি কালচারাল ভিলেজ ও ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট থেকে। রাজধানী থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে অবস্থিত বাতু কেভসও পর্যটকদের অন্যতম আকর্ষণ। মন্দিরে যেতে রংধনুর সাত রঙে সাজানো ২৭২টি সিঁড়ি পেরোতে হয়।
গুনুং মুলু ন্যাশনাল পার্ক
মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে অবস্থিত গুনুং মুলু ন্যাশনাল পার্ক পাহাড়, গুহা, চুনাপাথরের শৃঙ্গ ও প্রাচীন অরণ্যের জন্য বিখ্যাত। গুনুং মুলু ও গুনুং আপি পর্বতের মাঝখানে বিস্তৃত এই উদ্যানের গুহাগুলোতে বাস করে অসংখ্য বাদুড়। প্রতিদিন সন্ধ্যায় দল বেঁধে তাদের উড়ে যাওয়ার দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। এ দৃশ্য দেখার জন্য ডিয়ার কেভ বিশেষভাবে পরিচিত।
এখানে রয়েছে গাছের মগডাল বরাবর তৈরি ঝুলন্ত সেতু, জলপ্রপাত ও হাঁটার পথ। চাইলে গাইড নিয়ে তিন দিনের পিনাকলস ট্রেকেও অংশ নিতে পারেন। পথটি বেশ খাড়া হলেও পাহাড়ের চূড়া থেকে ঘন বন ও চুনাপাথরের শৃঙ্গের অপূর্ব দৃশ্য দেখা যায়।
পেনাং
খাবারের জন্য মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় গন্তব্য পেনাং। এখানকার সামুদ্রিক খাবার, পেনাং লাকসা ও চার কুয়ে তেও পর্যটকদের কাছে বেশ পরিচিত। গার্নি ড্রাইভ ও চিউ জেটির খাবারের দোকানগুলোতেও রয়েছে নানা স্বাদের আয়োজন।
খাবারের পাশাপাশি পেনাংয়ে ঘুরে দেখা যায় ট্রপিক্যাল স্পাইস গার্ডেন, পেনাং ন্যাশনাল পার্ক, খু কংসি ক্ল্যানহাউস ও পিনাং পেরানাকান ম্যানশন। সমসাময়িক শিল্পকলা দেখতে যেতে পারেন হিন বাস ডিপোতে। ডিসেম্বর মাসে পেনাং ভ্রমণের জন্য ভালো সময়। এ সময় মালয়েশিয়ার পূর্ব উপকূলে ঝোড়ো আবহাওয়া থাকলেও পশ্চিম উপকূলে পরিস্থিতি তুলনামূলক ভালো থাকে।
পেনাং থেকে চাইলে ঘুরে আসতে পারেন লংকাউই দ্বীপপুঞ্জে। ৯৯টি দ্বীপের সমন্বয়ে গঠিত এই পর্যটন এলাকায় রয়েছে সুন্দর সৈকত। বিশেষ করে তানজুং রু সৈকত থেকে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা যায়।
কুচিং
বোর্নিওর সারাওয়াক রাজ্যের রাজধানী কুচিং। শহরের আধুনিক জীবনযাত্রার পাশাপাশি এখান থেকে সহজেই বন্যপ্রাণী ও বনাঞ্চল ঘুরে দেখার সুযোগ রয়েছে। সেমেংগহ ওয়াইল্ডলাইফ সেন্টারে ওরাংওটাং দেখা যায়। এ ছাড়া, বকো ন্যাশনাল পার্কে রয়েছে দাড়িওয়ালা শূকর ও লম্বা নাকের প্রোবোসিস বানরসহ নানা বন্যপ্রাণী।
কুচিং শহরের নদীতীরের হাঁটার পথও বেশ আকর্ষণীয়। এখান থেকে দেখা যায় দ্য আস্তানা প্রাসাদ, স্টেট অ্যাসেম্বলি ভবন ও দারুল হানা সেতু। শহরের চীনা মন্দির ও সাপ্তাহিক বাজার ঘুরে দেখার পাশাপাশি ফোর্ট মার্গেরিটা থেকে সারাওয়াকের অতীত ইতিহাস সম্পর্কে জানা যায়।
কুচিং থেকে আরও দূরে যেতে চাইলে সাবাহ রাজ্যের মাউন্ট কিনাবালু ও সিপাদান দ্বীপ ঘুরে আসতে পারেন। কিনাবালু বোর্নিওর সর্বোচ্চ পর্বত, সিপাদান ডাইভিংয়ের জন্য বিখ্যাত। সেখানে প্রতিদিন সীমিতসংখ্যক ডাইভিং পারমিট দেওয়া হয়।
পুলাউ পারহেন্তিয়ান
স্বচ্ছ নীল পানি, সাদা বালুর সৈকত ও বৈচিত্র্যময় সামুদ্রিক প্রাণীর জন্য পারহেন্তিয়ান দ্বীপপুঞ্জ পর্যটকদের কাছে জনপ্রিয়। এখানে রয়েছে নিরিবিলি সৈকত থেকে শুরু করে রাতের বিনোদনের জমজমাট আয়োজন।
সূর্যাস্ত দেখতে যেতে পারেন কোরাল বে-তে। সবুজ কচ্ছপ দেখার জন্য রয়েছে মেইন বিচের টার্টল প্রজেক্ট। সৈকতে রাতের পার্টি উপভোগ করতে চাইলে লং বিচে যেতে পারেন। দ্বীপগুলোতে সি-কায়াকিং ও স্নোরকেলিংয়ের সুযোগ রয়েছে। অভিজ্ঞ ডাইভাররা পানির নিচে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ, ক্লাউনফিশ, রিফ শার্ক ও স্টিংরে দেখতে পারেন। মার্চ থেকে অক্টোবর এখানকার ভ্রমণের উপযুক্ত সময়। তবে, জুলাইয়ে পর্যটকের ভিড় বেশি থাকে।
মালাক্কা
মালয়েশিয়ার পশ্চিম উপকূলের ঐতিহাসিক বন্দরনগরী মালাক্কা দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্যের অন্যতম নিদর্শন। একসময় পর্তুগিজ, ডাচ ও ব্রিটিশদের নিয়ন্ত্রণে থাকা এই শহরে ঔপনিবেশিক ইতিহাসের নানা চিহ্ন রয়েছে। এখানকার স্থাপত্য, খাবার ও নৈশবাজারে সেই মিশ্র সংস্কৃতির প্রভাব দেখা যায়।
পর্তুগিজ আমলের ইতিহাস জানতে দেখতে পারেন ফ্লোর দে লা মার জাহাজের প্রতিরূপ। ডাচ শাসনামলের স্মৃতি ধরে রেখেছে স্ট্যাডথুইস ও গোলাপি রঙের ক্রাইস্ট চার্চ। এ ছাড়া, রয়েছে চাইনিজ হিল সমাধিক্ষেত্র ও বাবা-নিওনিয়া হেরিটেজ মিউজিয়াম।
শহর ঘুরে দেখতে রঙিন তিন চাকার রিকশায় চড়তে পারেন। সন্ধ্যায় জমজমাট পরিবেশ উপভোগের জন্য রয়েছে জংকার ওয়াক নাইট মার্কেট। সেখানে খাবার, গান ও নানা ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে।
ক্যামেরন হাইল্যান্ডস
মালয়েশিয়ার পাহাড়ি পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে ক্যামেরন হাইল্যান্ডস অন্যতম জনপ্রিয়। সবুজ চা-বাগান, শীতল আবহাওয়া ও পাহাড়ি পথের জন্য পরিচিত এই অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৮২৯ মিটার উঁচুতে অবস্থিত। এখানকার তাপমাত্রা সাধারণত ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে।
এখানে স্ট্রবেরি বাগান, মধুর খামার ও বিভিন্ন ফুলের বাগান ঘুরে দেখা যায়। অর্কিড ও বিরল র্যাফ্লেশিয়া ফুল দেখতে গাইড নিয়ে পাহাড়ি পথে হাঁটার সুযোগ রয়েছে। ব্রিনচাং ও তানাহ রাতার আশপাশ থেকেও কয়েকটি হাঁটার পথ শুরু হয়েছে। তবে এসব পথে যাওয়ার আগে নিরাপত্তার বিষয়ে স্থানীয়দের কাছ থেকে জেনে নেওয়া ভালো।
পাহাড় ঘোরার পর চা-বাগানে বসে চা পান করতে পারেন। সুন্দর দৃশ্য উপভোগের জন্য বিওএইচ সুঙ্গেই পালাস ও বিওএইচ টি গার্ডেন উল্লেখযোগ্য। এ ছাড়া, বনভ্রমণের অভিজ্ঞতা নিতে চাইলে তামান নেগারা ঘুরে আসতে পারেন। তবে, নভেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি বর্ষাকালে সেখানে ভ্রমণ এড়িয়ে চলাই ভালো।
ইপোহ
পেরাক রাজ্যের রাজধানী ইপোহ খাবার ও ঐতিহাসিক স্থাপনার জন্য পরিচিত। এখানকার হোয়াইট কফি বেশ জনপ্রিয়। চিকেন বিন স্প্রাউটস ও বিন কার্ড পুডিংয়ের স্বাদ নিতেও অনেকেই কুয়ালালামপুর থেকে এখানে আসেন। একসময় টিন খনির জন্য পরিচিত শহরটিতে ঔপনিবেশিক আমলের নানা স্থাপনাও রয়েছে। এর মধ্যে কেলিস ক্যাসেল উল্লেখযোগ্য।
আন্তর্জাতিক পর্যটকদের কাছে ইপোহ এখনো তুলনামূলক কম পরিচিত। শহরের আশপাশে রয়েছে চুনাপাথরের পাহাড় ও গুহামন্দির। সাম পোহ টং মন্দিরের স্থাপত্যও বেশ আকর্ষণীয়। এ ছাড়া, শহরের দেয়ালে রয়েছে লিথুয়ানীয় শিল্পী আর্নেস্ট জাকারেভিচের আঁকা চিত্রকর্ম। পুরোনো দোকানবাড়ি ও তাজমহল নামে পরিচিত রেলস্টেশনও শহরটির দর্শনীয় স্থানের মধ্যে পড়ে।
তিওমান দ্বীপ
মালয়েশিয়ার পূর্ব উপকূলের তিওমান দ্বীপ সমুদ্রসৈকত, প্রবাল প্রাচীর ও শান্ত পরিবেশের জন্য পরিচিত। নারকেলগাছ ঘেরা সৈকত ও স্বচ্ছ সমুদ্রের পাশে সময় কাটাতে চাইলে এটি হতে পারে আদর্শ গন্তব্য। দ্বীপটির আয়তন প্রায় ১৩৬ বর্গকিলোমিটার।
সার্ফিং ও কায়াকিংয়ের জন্য কাম্পুং জুয়ারা জনপ্রিয়। এখানকার মেন্তাওয়াক সৈকতে রয়েছে কচ্ছপের অভয়ারণ্য। অন্যদিকে, ব্যাকপ্যাকারদের কাছে পরিচিত কাম্পুং সালাং। এখান থেকে সাদা বালুর মাঙ্কি বিচসহ বিভিন্ন সৈকতে যাওয়া যায়। পর্যটকদের ভিড় এড়িয়ে শান্ত পরিবেশ চাইলে কাম্পুং মুকুট ঘুরে দেখতে পারেন।
তিওমানের প্রবাল প্রাচীর ও সামুদ্রিক প্রাণী ডাইভারদেরও আকর্ষণ করে। বিশেষ করে মান্টা রে মাছসহ নানা সামুদ্রিক প্রাণী দেখার সুযোগ রয়েছে। ডাইভিংয়ের জন্য মার্চ থেকে অক্টোবর উপযুক্ত সময়।
মালয়েশিয়ায় ভ্রমণের ক্ষেত্রে নিজের পছন্দ ও সময় অনুযায়ী গন্তব্য বেছে নেওয়া যেতে পারে। শহর, ইতিহাস, পাহাড়, বন কিংবা সমুদ্র- প্রতিটি জায়গারই রয়েছে আলাদা আকর্ষণ। তাই ভ্রমণ পরিকল্পনার আগে গন্তব্যের আবহাওয়া ও উপযুক্ত সময় সম্পর্কে জেনে নেওয়া ভালো।
সূত্র : লনলি প্লানেট
সময়ের আলো/মহু