দ্য গ্রেট ওয়েভ : ছবির আড়ালে কী রহস্য?

সময়ের আলো ডেস্ক

ফিচার

জাপানি শিল্পী কাৎসুশিকা হোকুসাইয়ের বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য গ্রেট ওয়েভ’ প্রায় দুই শতাব্দী ধরে বিশ্বজুড়ে মানুষের মনোযোগ ধরে রেখেছে। ঢেউয়ের বিশালতা,

2026-11-18T15:50:25+00:00
2026-11-18T15:56:55+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
ফিচার
দ্য গ্রেট ওয়েভ : ছবির আড়ালে কী রহস্য?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:৫০ পিএম  আপডেট: ১৮.১১.২০২৬ ৩:৫৬ পিএম
দ্য গ্রেট ওয়েভ। ছবি : সংগৃহীত
জাপানি শিল্পী কাৎসুশিকা হোকুসাইয়ের বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য গ্রেট ওয়েভ’ প্রায় দুই শতাব্দী ধরে বিশ্বজুড়ে মানুষের মনোযোগ ধরে রেখেছে। ঢেউয়ের বিশালতা, ছোট ছোট নৌকা ও দূরে বরফে ঢাকা মাউন্ট ফুজি মিলিয়ে ছবিটি হয়ে উঠেছে শিল্পজগতের অন্যতম আকর্ষণ। তবে, এত জনপ্রিয়তার পরও ছবিটির প্রকৃত অর্থ নিয়ে রয়ে গেছে নানা প্রশ্ন।

১৮৩১ সালে তৈরি এই কাঠের ছাপচিত্রের আসল নাম ‘আন্ডার দ্য ওয়েভ অফ কানাগাওয়া’। ছবিতে দেখা যায়, বিশাল এক ঢেউয়ের নিচে তিনটি সরু পণ্যবাহী নৌকা বিপদের মুখে পড়েছে। ঢেউয়ের ফেনাগুলোকে দেখে মনে হয়, সেগুলো যেন নখরের মতো নৌকাগুলোকে আঁকড়ে ধরতে চাইছে।

১৮৮৮ সালে বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ ও তার ভাই থিও চিঠিতে ছবিটি নিয়ে আলোচনা করেছিলেন। ঢেউয়ের নখরের মতো আকৃতি এবং তার মধ্যে আটকে পড়া নৌকাগুলো তাদের বিশেষভাবে আকৃষ্ট করেছিল।


ছবিটি নিয়ে দর্শকদের ব্যাখ্যাও নানা রকম। কেউ মনে করেন, এটি প্রকৃতির ভয়ংকর শক্তির সামনে মানুষের অসহায়ত্বের প্রতীক। আবার কারও কাছে এটি বিপদের মুখেও মানুষের টিকে থাকার লড়াই। কেউ কেউ ঢেউকে জীবনের ক্ষণস্থায়ীত্ব এবং দূরের মাউন্ট ফুজিকে চিরন্তন অস্তিত্বের প্রতীক হিসেবে দেখেন।

হোকুসাই জীবনের ষাটের দশকের শেষ দিকে গুরুতর স্ট্রোক থেকে সেরে ওঠার পর মাউন্ট ফুজির প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন। জাপানের সর্বোচ্চ এই পর্বতকে দীর্ঘদিন ধরে অমরত্বের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। শিল্পী বিভিন্ন স্থান ও ঋতু থেকে পাহাড়টির পরিবর্তনশীল রূপ তুলে ধরতে শুরু করেন। মাউন্ট ফুজিকে নিয়ে আঁকেন একের পর এক ছবি। সেই সিরিজের নাম ‘থার্টি-সিক্স ভিউস অব মাউন্ট ফুজি’।


জেলেদের অসহায়ত্ব

মাউন্ট ফুজি সিরিজের ‘কাজিকাজাওয়া ইন কাই প্রভিন্স’ ছবিতে দেখা যায়, উত্তাল ফুজি নদীর পাথুরে জায়গায় বসে মাছ ধরছেন এক জেলে। তার হাতে থাকা মাছ ধরার সুতো প্রায় অদৃশ্য হলেও এর সঙ্গে পেছনের বিশাল পাহাড়ের আকৃতির একটি জ্যামিতিক মিল রয়েছে।

ছবিটি দেখার পর ‘দ্য গ্রেট ওয়েভ’-এর তিনটি নৌকার মাঝিদের কথাও নতুন করে মনে পড়ে। বিশাল ঢেউয়ের সামনে তাদের অসহায় অবস্থান তখন আরও স্পষ্ট হয়ে ওঠে। দুই ছবিকে পাশাপাশি রাখলে মানুষের শ্রম, প্রকৃতির শক্তি এবং বিপদের মুখে মানুষের ভঙ্গুরতা একই সূত্রে গাঁথা বলে মনে হয়।


দৃষ্টির আড়ালে মাউন্ট ফুজি

‘ফুজিমিগাহারা ইন ওয়ারি প্রভিন্স’ ছবিতে এক কাঠমিস্ত্রিকে বড় একটি পিপে তৈরি করতে দেখা যায়। পিপেটির গোলাকার ফাঁকা অংশের ভেতর দিয়ে দূরে ছোট্ট মাউন্ট ফুজি দেখা যাচ্ছে।

এখানে মজার বিষয় হলো, অমরত্বের প্রতীক হিসেবে পরিচিত বিশাল পাহাড়টি ছবির সামনে থাকা একটি পিপের আড়ালে প্রায় হারিয়ে গেছে। দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয়, অনেক সময় চোখের সামনেই থাকা গুরুত্বপূর্ণ বিষয়ও আমরা খেয়াল করি না।

‘দ্য গ্রেট ওয়েভ’-এও একই ধরনের দৃশ্যের খেলা রয়েছে। বিশাল ঢেউয়ের পাশে দূরের মাউন্ট ফুজিকে খুব ছোট দেখায়। ঢেউটি কখনো পাহাড়কে আড়াল করে, আবার কখনো দর্শকের চোখকে পাহাড়ের দিকে টেনে নেয়। ফলে, ছবিটি আমাদের দেখার ধরন এবং দৃষ্টির সীমাবদ্ধতা নিয়ে ভাবতে বাধ্য করে।


সবকিছুই পরিবর্তনশীল

হোকুসাইয়ের আরেকটি উল্লেখযোগ্য কাজ ‘রিফ্লেকশন ইন লেক অ্যাট মিসাকা ইন কাই প্রভিন্স’। ছবিতে শান্ত হ্রদের পাশে সবুজ পাহাড় ও গাছপালার দৃশ্য দেখা যায়। কিন্তু পানিতে পাহাড়ের প্রতিবিম্বে ফুটে উঠেছে তুষারে ঢাকা শীতের মাউন্ট ফুজি। অর্থাৎ একই পাহাড়ের দুটি ভিন্ন রূপ এক ছবিতে তুলে ধরেছেন শিল্পী।

‘দ্য গ্রেট ওয়েভ’-এও মাউন্ট ফুজিকে প্রথম দেখায় সহজে চোখে পড়ে না। বিশাল ঢেউয়ের ফেনার সঙ্গে দূরের পাহাড়ের আকৃতি মিশে যাওয়ায় অনেক দর্শক সেটি খেয়ালই করেন না।

হোকুসাইয়ের ‘থার্টি-সিক্স ভিউস অব মাউন্ট ফুজি’ সিরিজের মূল ভাবনাও যেন এখানেই। পাহাড়টি একই জায়গায় থাকলেও সময়, ঋতু ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনে তার রূপ বদলে যায়।

ইমোজি, মিম, খেলনা থেকে শুরু করে জাপানের ১ হাজার ইয়েনের নোটেও জায়গা করে নিয়েছে আলোচিত ‘দ্য গ্রেট ওয়েভ’। প্রকৃতি, মানুষের অসহায়ত্ব, জীবনের পরিবর্তনশীলতা এবং দেখার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি মিলিয়ে এটি আজও রহস্যময় ও আকর্ষণীয়।

সূত্র : বিবিসি

সময়ের আলো/মহু

  বিষয়:   দ্য গ্রেট ওয়েভ  রহস্য  চিত্রকর্ম  শিল্প  জাপান  মাউন্ট ফুজি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: