দল বেঁধে ঘুরে বেড়ানো পেঙ্গুইন। ছবি : সংগৃহীত অ্যান্টার্কটিকার বরফে ঢাকা বিস্তীর্ণ ভূমিতে দল বেঁধে ঘুরে বেড়ায় পেঙ্গুইন। কখনো বরফের ওপর হাঁটছে, কখনো দল বেঁধে পানিতে ঝাঁপ দিচ্ছে, আবার কখনো কৌতূহলী চোখে তাকিয়ে দেখছে সামনে দাঁড়িয়ে থাকা পর্যটকদের। তাদের এমন নির্ভীক আচরণ দেখে অনেকেরই ইচ্ছে হতে পারে, একটু কাছে গিয়ে ছুঁয়ে দেখি। কিন্তু পেঙ্গুইনদের জন্য মানুষের সবচেয়ে বড় উপকার হলো তাদের কিছু না করা। অর্থাৎ, বিরক্ত না করে নিরাপদ দূরত্ব বজায় রাখা।
প্রতি বছর নির্দিষ্ট সময়ে পর্যটকদের জন্য অ্যান্টার্কটিকা ভ্রমণের সুযোগ থাকে। ভ্রমণকারীদের ধারণ করা ভিডিওতে প্রায়ই দেখা যায়, পেঙ্গুইন নিজেরাই মানুষের কাছে চলে আসছে। কখনো পর্যটকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কখনো একেবারে সামনে এসে দাঁড়াচ্ছে। এমন দৃশ্য দেখে অনেকেই তাদের স্পর্শ করার আগ্রহ সামলাতে পারেন না। কিন্তু মানুষের সামান্য স্পর্শও এই বরফের দেশের প্রাণীগুলোর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।
পেঙ্গুইনের শরীরে ঘনভাবে সাজানো পালক বাতাস আটকে রেখে উষ্ণতার একটি সুরক্ষাবলয় তৈরি করে। একই সঙ্গে পালকগুলো পানিরোধী। ফলে, বরফশীতল পানিতে দীর্ঘ সময় সাঁতার কাটলেও তাদের শরীর সহজে ভিজে যায় না। মাইনাস ডিগ্রি তাপমাত্রাতেও শরীরের উষ্ণতা ধরে রাখতে এই পালক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু মানুষের স্পর্শে এই প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের ত্বকে স্বাভাবিকভাবেই তেলজাতীয় উপাদান থাকে। এ ছাড়া, শুষ্কতা থেকে বাঁচতে অনেকে হাতে লোশন বা ক্রিম ব্যবহার করেন। এসব তেল ও রাসায়নিক উপাদান পেঙ্গুইনের পালকে লেগে গেলে পালকের স্বাভাবিক বিন্যাস ও পানিরোধী বৈশিষ্ট্য নষ্ট হতে পারে।
এর পরিণতি ভয়াবহ। পালকের সুরক্ষা নষ্ট হলে বরফশীতল পানি সরাসরি তাদের শরীরের সংস্পর্শে আসতে পারে। এতে পেঙ্গুইন দ্রুত শরীরের তাপ হারিয়ে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ে। ভেজা পালক শরীরকে ভারী করে তুলতে পারে। ফলে, সাঁতার কাটা ও খাবার সংগ্রহ করাও কঠিন হয়ে যায়।
শুধু শারীরিক ক্ষতিই নয়, মানুষের উপস্থিতি পেঙ্গুইনের স্বাভাবিক জীবনযাপনেও প্রভাব ফেলে। কাছাকাছি মানুষের আনাগোনা তাদের মধ্যে মানসিক চাপ তৈরি করতে পারে। বারবার বিরক্ত হলে পেঙ্গুইন বাসা বাঁধা ও বংশবৃদ্ধির স্বাভাবিক অভ্যাসে পরিবর্তন আনতে পারে। এতে তাদের প্রজনন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
আরেকটি বড় বিপদ হলো রোগজীবাণু। সাধারণত প্রাণী থেকে মানুষের শরীরে রোগ ছড়ানোর কথা বেশি শোনা যায়। কিন্তু এর উল্টো ঘটনাও ঘটতে পারে। মানুষের শরীর থেকে বন্য প্রাণীর মধ্যে রোগজীবাণু ছড়িয়ে পড়ার এই প্রক্রিয়াকে বলা হয় ‘রিভার্স জুনোসিস’।
মানুষের শরীরে থাকা কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া পেঙ্গুইনের জন্য বিপজ্জনক হতে পারে। বিশেষ করে অ্যান্টার্কটিকার বিচ্ছিন্ন পরিবেশে বসবাসকারী এসব প্রাণী নতুন রোগজীবাণুর সংস্পর্শে এলে ঝুঁকিতে পড়তে পারে। মানুষের জুতা, পোশাক কিংবা সরঞ্জামের মাধ্যমেও জীবাণু সেখানে পৌঁছাতে পারে। একটি প্রাণীর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়লে, তা পুরো কলোনির জন্য হুমকি হয়ে উঠতে পারে।
এ কারণেই অ্যান্টার্কটিকার বন্য প্রাণীদের সুরক্ষায় কঠোর নিয়ম রয়েছে। অ্যান্টার্কটিক চুক্তির পরিবেশগত সুরক্ষাব্যবস্থার আওতায় বন্য প্রাণীদের বিরক্ত করা বা ক্ষতি করা নিষিদ্ধ। আন্তর্জাতিক অ্যান্টার্কটিক ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের নির্দেশনা অনুযায়ী, পেঙ্গুইনসহ বন্য প্রাণীদের কাছ থেকে সাধারণত কমপক্ষে ৫ মিটার দূরত্ব বজায় রাখতে হয়। প্রাণী নিজে কাছে চলে এলেও, তাকে স্পর্শ করা বা পথ আটকে দেওয়া যাবে না। পাশাপাশি অ্যান্টার্কটিকায় যাওয়ার আগে জুতা ও প্রয়োজনীয় সরঞ্জাম পরিষ্কার এবং জীবাণুমুক্ত করার নিয়ম রয়েছে।
বরফের দেশে পেঙ্গুইনদের ঘুরে বেড়াতে দেখলে তাদের আদর করতে ইচ্ছে হওয়াটা স্বাভাবিক। কিন্তু ভালোবাসা প্রকাশের জন্য সব সময় স্পর্শের প্রয়োজন হয় না। কখনো কখনো দূরে দাঁড়িয়ে তাদের নিজের মতো থাকতে দেওয়াই হতে পারে সবচেয়ে বড় ভালোবাসা।
সময়ের আলো/মহু