পাখি দেখা যেভাবে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়

সময়ের আলো ডেস্ক

ফিচার

প্রকৃতির সঙ্গে সময় কাটানো মন ভালো রাখে, কমায় মানসিক চাপ। তবে পাখি দেখা বা বার্ডওয়াচিংয়ের উপকারিতা শুধু মন ভালো রাখার

2026-11-19T11:10:38+00:00
2026-11-19T11:13:18+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
ফিচার
পাখি দেখা যেভাবে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:১০ এএম  আপডেট: ১৯.১১.২০২৬ ১১:১৩ এএম
নিয়মিত পাখি পর্যবেক্ষণের অভ্যাস মস্তিষ্কের গঠন ও কার্যক্রমে পরিবর্তন আনতে পারে। ছবি : সংগৃহীত
প্রকৃতির সঙ্গে সময় কাটানো মন ভালো রাখে, কমায় মানসিক চাপ। তবে পাখি দেখা বা বার্ডওয়াচিংয়ের উপকারিতা শুধু মন ভালো রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়। নিয়মিত পাখি পর্যবেক্ষণের অভ্যাস মস্তিষ্কের গঠন ও কার্যক্রমেও পরিবর্তন আনতে পারে।

এক গবেষণায় দেখা গেছে, অভিজ্ঞ পাখিপ্রেমীদের মস্তিষ্কের কিছু অংশ নবীনদের তুলনায় ভিন্নভাবে কাজ করে। বিশেষ করে অপরিচিত ও দেখতে প্রায় একই রকম পাখি শনাক্ত করার ক্ষেত্রে তাদের দক্ষতা বেশি। এমনকি এই অভ্যাস বয়সজনিত স্মৃতিশক্তির ক্ষয় মোকাবিলায়ও সহায়ক হতে পারে।

কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির গবেষক এরিক উইং ও তার সহকর্মীরা ৪৮ জন বার্ডওয়াচারের ওপর গবেষণাটি পরিচালনা করেন। অংশগ্রহণকারীদের অর্ধেক ছিলেন অভিজ্ঞ পাখিপ্রেমী, বাকিরা নবীন। তাদের বয়স ছিল ২২ থেকে ৭৯ বছর। বয়স, লিঙ্গ ও শিক্ষাগত যোগ্যতার দিক থেকে দুই দলের মধ্যে প্রায় সমতা রাখা হয়েছিল।


গবেষণায় অংশগ্রহণকারীদের মস্তিষ্ক স্ক্যান করার সময় কয়েক সেকেন্ডের জন্য একটি পাখির ছবি দেখানো হয়। এরপর প্রায় ১০ সেকেন্ড বিরতি দিয়ে ৪টি ছবির মধ্য থেকে আগের পাখিটির প্রজাতি শনাক্ত করতে বলা হয়। ছবিগুলো এমনভাবে বাছাই করা হয়েছিল, যাতে পাখিগুলো দেখতে প্রায় একই রকম হয় এবং সহজে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকে। এভাবে ১৮টি প্রজাতির ছবি ব্যবহার করে মোট ৭২টি পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে ছয়টি ছিল স্থানীয় এবং ১২টি বিদেশি প্রজাতির পাখি।

ফলাফলে দেখা যায়, পাখি শনাক্ত করার ক্ষেত্রে অভিজ্ঞরা নবীনদের চেয়ে অনেক এগিয়ে। স্থানীয় পাখি শনাক্ত করতে অভিজ্ঞদের সাফল্যের হার ছিল গড়ে ৮৩ শতাংশ। বিদেশি পাখির ক্ষেত্রে তা ছিল ৬১ শতাংশ। অন্যদিকে, নবীনদের সাফল্যের হার ছিল প্রায় ৪৪ শতাংশ।

গবেষণার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল, মস্তিষ্কের কার্যক্রমে পার্থক্য। বিদেশি পাখি শনাক্ত করার সময় অভিজ্ঞ পাখিদর্শীদের মস্তিষ্কের ৩টি গুরুত্বপূর্ণ অঞ্চলে বেশি কার্যকলাপ দেখা যায়। এগুলো হলো দ্বিপার্শ্বীয় প্রিফ্রন্টাল কর্টেক্স, দ্বিপার্শ্বীয় ইন্ট্রাপ্যারিয়েটাল সালকাস এবং ডান পাশের অক্সিপিটোটেম্পোরাল কর্টেক্স।


মস্তিষ্কের এসব অঞ্চল কোনো বস্তু শনাক্ত করা, চোখে দেখা তথ্য বিশ্লেষণ, মনোযোগ ধরে রাখা এবং কাজের স্মৃতির সঙ্গে যুক্ত। অর্থাৎ, পাখি দেখা কেবল চোখের কাজ নয়; এর সঙ্গে স্মৃতি, মনোযোগ ও বিশ্লেষণক্ষমতার সমন্বয় ঘটে।

শেখা কিংবা নিয়মিত অনুশীলনের ফলে মস্তিষ্কের গঠন ও কার্যক্রমে যে পরিবর্তন আসে, তাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। সংগীতশিল্পীদের শ্রবণ-সংশ্লিষ্ট মস্তিষ্কের অংশ কিংবা খেলোয়াড়দের শরীরের নড়াচড়া নিয়ন্ত্রণকারী অঞ্চলে যেমন অনুশীলনের প্রভাব দেখা যায়, তেমনি নিয়মিত পাখি পর্যবেক্ষণের অভ্যাসও মস্তিষ্কের নির্দিষ্ট অংশকে আরও দক্ষ করে তুলতে পারে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের গঠনগত জটিলতা সাধারণত কমতে থাকে। গবেষণায় অভিজ্ঞ ও নবীন- উভয় দলের ক্ষেত্রেই এমন প্রবণতা দেখা গেছে। তবে, অভিজ্ঞ পাখিপ্রেমীদের স্মৃতিশক্তির ক্ষয় তুলনামূলক কম ছিল।

গবেষকদের ধারণা, নিয়মিত পাখি পর্যবেক্ষণের মতো মানসিক অনুশীলন মস্তিষ্কে ‘কগনিটিভ রিজার্ভ’ বা মানসিক সুরক্ষাভান্ডার গড়ে তুলতে পারে। এটি বয়সজনিত পরিবর্তন কিংবা মস্তিষ্কের ক্ষতির প্রভাব মোকাবিলায় সহায়ক হতে পারে।


ম্যাকগিল ইউনিভার্সিটির স্নায়ুবিজ্ঞানী রবার্ট জাটোরের মতে, বিশেষ কোনো দক্ষতা ধরে রাখতে নিয়মিত মস্তিষ্কচর্চা বয়সের প্রভাব কমাতে সহায়তা করতে পারে। এ ধারণা আগে থেকেই আলোচনায় থাকলেও নতুন গবেষণাটি এর পক্ষে আরও কিছু প্রমাণ যোগ করেছে।

তবে গবেষকেরা বলছেন, এই গবেষণার ফলাফলকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। এটি এককালীন পর্যবেক্ষণমূলক গবেষণা। ফলে অভিজ্ঞ পাখিপ্রেমীদের মস্তিষ্কে আগে থেকেই এমন কিছু পার্থক্য ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। জীবনযাপনের অন্য কোনো বিষয়ও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে নিশ্চিত হতে একই ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ এবং একাধিকবার মস্তিষ্ক স্ক্যান করা প্রয়োজন।

তবু গবেষণাটি একটি বিষয় সামনে এনেছে- প্রকৃতির প্রতি আগ্রহ ও নিয়মিত পর্যবেক্ষণের অভ্যাস মস্তিষ্কের জন্যও উপকারী হতে পারে। তাই অবসর সময়ে শুধু বিনোদনের জন্য নয়, মনোযোগ ও পর্যবেক্ষণক্ষমতা চর্চার একটি উপায় হিসেবেও পাখি দেখা হতে পারে দারুণ অভ্যাস।

সূত্র : নিউ সায়েন্টিস্ট

সময়ের আলো/মহু
  বিষয়:   পাখি  বার্ড ওয়াচিং  মস্তিষ্ক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: