বায়ুদূষণে ফুসফুস ছাড়াও যেভাবে ক্ষতিগ্রস্ত হয় হৃদপিণ্ড ও মস্তিষ্ক

সময়ের আলো ডেস্ক

ফিচার

রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে বায়ুদূষণ এখন বড় উদ্বেগের কারণ। অনেকে মনে করেন, দূষিত বাতাস মূলত ফুসফুসের ক্ষতি করে। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের

2026-11-21T11:58:08+00:00
2026-11-21T11:59:50+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
ফিচার
বায়ুদূষণে ফুসফুস ছাড়াও যেভাবে ক্ষতিগ্রস্ত হয় হৃদপিণ্ড ও মস্তিষ্ক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ এএম  আপডেট: ২১.১১.২০২৬ ১১:৫৯ এএম
বাতাসে থাকা অতিসূক্ষ্ম ধূলিকণা পিএম ২ দশমিক ৫ শরীরের জন্য বেশি ক্ষতিকর। ছবি : সংগৃহীত
রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে বায়ুদূষণ এখন বড় উদ্বেগের কারণ। অনেকে মনে করেন, দূষিত বাতাস মূলত ফুসফুসের ক্ষতি করে। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের তথ্য বলছে, এর প্রভাব শুধু শ্বাসতন্ত্রে সীমাবদ্ধ নয়। হৃদপিণ্ড, রক্তনালি এমনকি মস্তিষ্কের ওপরও পড়তে পারে দূষণের নেতিবাচক প্রভাব।

বিশেষ করে বাতাসে থাকা অতিসূক্ষ্ম ধূলিকণা পিএম ২ দশমিক ৫ শরীরের জন্য বেশি ক্ষতিকর। এ ধূলিকণা এতটাই ছোট যে, নাক ও শ্বাসনালির স্বাভাবিক প্রতিরোধব্যবস্থা পেরিয়ে ফুসফুসের গভীরে পৌঁছে যায়। সেখান থেকে ক্ষতিকর উপাদান রক্তপ্রবাহের মাধ্যমে শরীরের অন্যান্য অঙ্গেও প্রভাব ফেলতে পারে।

বায়ুদূষণের সবচেয়ে সরাসরি প্রভাব পড়ে ফুসফুসে। দূষিত বাতাস শ্বাসনালিতে প্রদাহ সৃষ্টি করে। এতে শ্বাসনালির পেশি সংকুচিত হয়ে শ্বাস নিতে কষ্ট হতে পারে। অনেকের শ্বাসের সঙ্গে শিস দেওয়ার মতো শব্দও হয়, যাকে হুইজিং বলা হয়।

আগে থেকে হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) থাকলে সমস্যা আরও বাড়তে পারে। ঘন ঘন কাশি, কফ, শ্বাসকষ্ট এবং বুকে চাপ অনুভূত হতে পারে। এমনকি নিয়ন্ত্রণে থাকা হাঁপানিও হঠাৎ বেড়ে যেতে পারে।


দূষিত বাতাসের প্রভাব হৃদপিণ্ডেও পড়ে। এর কারণে হৃদস্পন্দন ও রক্তচাপে পরিবর্তন আসতে পারে। রক্তনালিতে প্রদাহ তৈরি হওয়ার পাশাপাশি শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়তে পারে। এতে কোষ ও টিস্যু ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

এ ছাড়া, রক্ত জমাট বাঁধার ঝুঁকিও বাড়তে পারে। দীর্ঘদিন দূষিত বাতাসের সংস্পর্শে থাকলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। বায়ুদূষণের কারণে রক্তনালি ক্ষতিগ্রস্ত হলে মস্তিষ্কে রক্ত সরবরাহে সমস্যা তৈরি হতে পারে। এতে স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। 

বায়ুদূষণের প্রাথমিক লক্ষণ হিসেবে চোখে জ্বালাপোড়া, গলাব্যথা, দীর্ঘস্থায়ী কাশি, বুকে চাপ, মাথাব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। শ্বাস নেওয়ার সময় শিসের মতো শব্দও হতে পারে।

ফুসফুস বিশেষজ্ঞ ডা. মালবিকার মতে, আগে থেকে হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিদের হঠাৎ অ্যাটাক হতে পারে। সিওপিডি রোগীদের কাশি, কফ ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

এক-দুই দিন দূষিত বাতাসে থাকলে অনেকের সাময়িক অস্বস্তি হতে পারে। কিন্তু দীর্ঘদিন পিএম ২ দশমিক ৫ কণার সংস্পর্শে থাকলে ফুসফুসের স্বাভাবিক কার্যক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি থাকে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী বায়ুদূষণ হাঁপানি ও সিওপিডির সমস্যা বাড়াতে পারে। ঘন ঘন শ্বাসতন্ত্রের সংক্রমণ, দীর্ঘস্থায়ী কাশি, কফ এবং সামান্য পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া ফুসফুসের ক্যানসার, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও বাড়ে।


ধূমপান ফুসফুসের ক্যানসারের পরিচিত কারণ হলেও বায়ুদূষণও এ রোগের অন্যতম ঝুঁকির কারণ। বিশেষ করে দূষিত বাতাসে দীর্ঘদিন থাকা ব্যক্তিদের সতর্ক থাকা প্রয়োজন।

বায়ুদূষণের কারণে ফুসফুসে যে প্রদাহ বা সাময়িক ফোলাভাব তৈরি হয়, তা অনেক ক্ষেত্রে দূষণের সংস্পর্শ কমলে সেরে যেতে পারে। তবে ক্ষতি কতটা হয়েছে, তা নির্ভর করে দূষণের মাত্রা, কত দিন সংস্পর্শে থাকতে হয়েছে এবং আগে থেকে কোনো রোগ ছিল কি না- এসব বিষয়ের ওপর।

যাদের হাঁপানি বা সিওপিডি রয়েছে, তাদের ক্ষেত্রে জটিলতার ঝুঁকি বেশি। আবার ফুসফুসের টিস্যুতে গুরুতর ক্ষত বা ফাইব্রোসিস তৈরি হলে তা দীর্ঘমেয়াদি সমস্যা সৃষ্টি করতে পারে। 

বায়ুদূষণের কারণে শারীরিক সমস্যা দেখা দিলে রোগীর উপসর্গ ও অবস্থার তীব্রতা অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। শ্বাসনালি সংকুচিত হলে চিকিৎসকের পরামর্শে ব্রঙ্কোডাইলেটর ব্যবহার করা হতে পারে। রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে প্রয়োজন হতে পারে অক্সিজেন থেরাপির।

দীর্ঘদিন শ্বাসকষ্ট বা শারীরিক পরিশ্রমে সমস্যা থাকলে পালমোনারি রিহ্যাবিলিটেশনও প্রয়োজন হতে পারে। হৃদপিণ্ডের সমস্যা দেখা দিলে, সে অনুযায়ী চিকিৎসা দিতে হয়।

তবে বায়ুদূষণের আশঙ্কা থাকলেই আগাম অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড বা নেবুলাইজেশন নেওয়ার প্রয়োজন নেই। চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষার ভিত্তিতেই ওষুধ ব্যবহার করা উচিত।

দূষিত বাতাসের সংস্পর্শে আসার পর শ্বাসকষ্ট বেড়ে গেলে, পুরো বাক্য বলতে কষ্ট হলে, বুকে ব্যথা হলে কিংবা মাথা ঘুরে অজ্ঞান হওয়ার মতো অবস্থা তৈরি হলে দ্রুত হাসপাতালে যেতে হবে। শ্বাস নেওয়ার সময় অস্বাভাবিক শব্দ হওয়া, চিকিৎসকের দেওয়া ওষুধেও উপসর্গ না কমা কিংবা রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়াও বিপদের সংকেত।

বায়ুদূষণ এড়াতে সম্ভব হলে দূষণের মাত্রা বেশি থাকা সময়ে বাইরে যাওয়া কমাতে হবে। বাইরে গেলে উপযুক্ত মাস্ক ব্যবহার এবং ঘরের ভেতরেও ধুলাবালি ও ধোঁয়া কম রাখার চেষ্টা করা জরুরি।

মনে রাখতে হবে, নির্মল বাতাস শুধু ভালোভাবে শ্বাস নেওয়ার জন্য নয়; সুস্থ ফুসফুস, হৃদপিণ্ড ও মস্তিষ্কের জন্যও অপরিহার্য। তাই বায়ুদূষণকে কেবল পরিবেশের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই, এটি জনস্বাস্থ্যেরও বড় সংকট।

সূত্র : বিবিসি

সময়ের আলো/মহু
  বিষয়:   বায়ুদূষণ  ফুসফুস  হৃদপিণ্ড  মস্তিষ্ক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: