বিভিন্ন গবেষণায় বয়ঃসন্ধির সময়ের সঙ্গে প্রাপ্তবয়স্ক জীবনের নানা বৈশিষ্ট্যের সম্পর্ক পাওয়া গেছে। ছবি : সংগৃহীত শৈশব পেরিয়ে কৈশোরে পা রাখার সময় শরীর ও মনে নানা পরিবর্তন আসে। কারও বয়ঃসন্ধি শুরু হয় তুলনামূলক কম বয়সে, আবার কারও ক্ষেত্রে কিছুটা দেরিতে। এই পরিবর্তনকে আমরা সাধারণত শারীরিক বিকাশের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখি। কিন্তু বয়ঃসন্ধি শুধু কৈশোরের অভিজ্ঞতাই নয়, প্রভাব ফেলতে পারে পরবর্তী জীবনের স্বাস্থ্য, মানসিক অবস্থা ও জীবনযাপনের ওপরও।
বিভিন্ন গবেষণায় বয়ঃসন্ধির সময়ের সঙ্গে প্রাপ্তবয়স্ক জীবনের নানা বৈশিষ্ট্যের সম্পর্ক পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে সন্তান নেওয়ার সিদ্ধান্ত, মানসিক স্বাস্থ্য এবং কিছু দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি। তবে এসব সম্পর্কের অর্থ এই নয় যে, বয়ঃসন্ধির সময়ই ভবিষ্যৎ জীবন নির্ধারণ করে দেয়।
২০২৫ সালের একটি গবেষণায় বুদ্ধিমত্তা, বয়ঃসন্ধির সময় এবং প্রজননসংক্রান্ত সিদ্ধান্তের মধ্যে সম্পর্ক খুঁজে পেয়েছেন গবেষকেরা। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের হাজারো মানুষের তথ্য বিশ্লেষণ করে তারা দেখেছেন, তুলনামূলক বেশি বুদ্ধিমত্তার অধিকারীদের মধ্যে বয়ঃসন্ধি কিছুটা আগে শুরু হওয়ার প্রবণতা থাকলেও প্রাপ্তবয়স্ক জীবনে তারা সন্তান নেওয়ার সিদ্ধান্ত দেরিতে নেন।
গবেষণায় দেখা যায়, এসব ব্যক্তিরা তুলনামূলক দেরিতে যৌনজীবন শুরু করেছেন, যৌনসঙ্গীর সংখ্যা কম ছিল এবং কম বয়সে বিয়ে করার প্রবণতাও কম দেখা গেছে। পাশাপাশি প্রথম সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রেও তারা অপেক্ষাকৃত বেশি সময় নিয়েছেন। ২৯ বছর বয়সের মধ্যে তাদের সন্তানসংখ্যাও তুলনামূলক কম ছিল।
বিষয়টি প্রথমে কিছুটা বিপরীতমুখী মনে হতে পারে। কারণ, বয়ঃসন্ধি শুরু হওয়ার অর্থ শরীর প্রজননের জন্য প্রস্তুত হওয়ার দিকে এগিয়ে যাওয়া। কিন্তু শারীরিকভাবে প্রস্তুত হওয়া আর সন্তান নেওয়ার সিদ্ধান্ত এক বিষয় নয়।
গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, উচ্চ বুদ্ধিমত্তার অধিকারীদের মধ্যে উচ্চশিক্ষা, দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনা ও ব্যক্তিগত লক্ষ্য অর্জনে বেশি সময় দেওয়ার প্রবণতা থাকতে পারে। ফলে, পরিবার গঠনের সিদ্ধান্ত পিছিয়ে যায়। কেউ কেউ আবার সন্তান না নেওয়ার সিদ্ধান্তও নিতে পারেন।
বয়ঃসন্ধি ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক
বয়ঃসন্ধির সময় শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক ও আবেগিক পরিবর্তনও ঘটে। এই পরিবর্তন কারও জন্য স্বাভাবিক ও সহজ হলেও অন্য কারও ক্ষেত্রে তৈরি করতে পারে অস্বস্তি, উদ্বেগ কিংবা আত্মবিশ্বাসের ঘাটতি।
গবেষণায় দেখা গেছে, যেসব মেয়ের বয়ঃসন্ধি তুলনামূলক কম বয়সে শুরু হয়, তাদের মধ্যে শরীরের গঠন নিয়ে অসন্তুষ্টি, উদ্বেগ ও কম আত্মসম্মানবোধের প্রবণতা বেশি থাকতে পারে। এর একটি কারণ হলো, সমবয়সী বন্ধুদের তুলনায় তাদের শারীরিক পরিবর্তন আগে শুরু হয়। ফলে, তারা নিজেদের আলাদা মনে করতে পারে এবং নতুন পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে মানসিকভাবে প্রস্তুত নাও থাকতে পারে।
অন্যদিকে, ছেলেদের ক্ষেত্রে দেরিতে বয়ঃসন্ধি শুরু হওয়াও কখনো কখনো মানসিক চাপের কারণ হতে পারে। এ সময় সমবয়সীদের তুলনায় পেশি ও শারীরিক গঠন কম বিকশিত থাকলে তাদের মধ্যে নিজের শরীর নিয়ে অসন্তুষ্টি তৈরি হতে পারে। কেউ কেউ এ কারণে উপহাস, সামাজিক চাপ কিংবা বুলিংয়ের শিকারও হয়।
এসব অভিজ্ঞতা আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেলে বিষণ্নতা ও অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকিও তৈরি হতে পারে। যদিও বয়স বাড়ার সঙ্গে অনেকের এসব অনুভূতি কমে আসে, কিছু নেতিবাচক অভিজ্ঞতা দীর্ঘদিন মনে প্রভাব ফেলতে পারে।
বয়ঃসন্ধির সময়ের সঙ্গে শারীরিক স্বাস্থ্যেরও সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। যুক্তরাজ্যে পরিচালিত একটি বড় গবেষণায় দেখা গেছে, স্বাভাবিক সময়ের তুলনায় আগে বয়ঃসন্ধিতে পৌঁছানো ব্যক্তিদের প্রাপ্তবয়স্ক বয়সে টাইপ-২ ডায়াবেটিস ও হৃদ্রোগের ঝুঁকি বেশি হতে পারে।
অন্যদিকে, তুলনামূলক দেরিতে শারীরিক পরিপক্বতা আসা ব্যক্তিদের মধ্যে হাঁপানির প্রবণতা বেশি দেখা গেছে। এ ছাড়া, বয়ঃসন্ধির সময়ের সঙ্গে উচ্চ বিএমআই (বডি মাস ইনডেক্স) এবং মানসিক চাপের মাত্রার সম্পর্কও পাওয়া গেছে।
তবে আগে বা দেরিতে বয়ঃসন্ধি হলেই কেউ নির্দিষ্ট রোগে আক্রান্ত হবেন, এমন নয়। বংশগত বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাস, শারীরিক কার্যক্রম, পরিবেশ ও জীবনযাপনের মতো বিষয়ও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।
বয়ঃসন্ধি একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। প্রত্যেকের শরীর একই সময়ে বা একই গতিতে পরিপক্ব হয় না। কারও ক্ষেত্রে পরিবর্তন আগে শুরু হতে পারে, আবার কারও ক্ষেত্রে কিছুটা দেরিতে। তাই শুধু বয়সের সঙ্গে অন্যের শারীরিক বিকাশ তুলনা করে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
তবে সন্তানের শারীরিক পরিবর্তন, বৃদ্ধি কিংবা মানসিক অবস্থা নিয়ে অভিভাবকদের মনে কোনো উদ্বেগ তৈরি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে বয়ঃসন্ধি স্বাভাবিক সময়ের তুলনায় অনেক আগে শুরু হলে বা দীর্ঘ সময়েও প্রত্যাশিত পরিবর্তন না দেখা দিলে, চিকিৎসকের সঙ্গে কথা বলা প্রয়োজন।
বয়ঃসন্ধি কখন শুরু হচ্ছে, তা একজন মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে না। তবে এই সময়ের শারীরিক ও মানসিক অভিজ্ঞতা পরবর্তী জীবনে প্রভাব ফেলতে পারে। তাই কৈশোরে শিশুদের প্রতি সহানুভূতিশীল থাকা, তাদের পরিবর্তনগুলো বুঝতে সাহায্য করা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও মানসিক সহায়তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
সূত্র : বিবিসি সায়েন্স ফোকাস
সময়ের আলো/মহু