প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:১০ পিএম আপডেট: ২১.১১.২০২৬ ১:১১ পিএম
আজ অন্তত ১০ জন মানুষের সঙ্গে কথা বলে শুভেচ্ছা জানান। ছবি : সংগৃহীত ব্যস্ত জীবনে প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে দেখা হয়। রাস্তায়, বাসে, অফিসে কিংবা লিফটে পাশাপাশি থাকলেও অনেক সময় একে অপরের সঙ্গে কথা বলা হয় না। স্মার্টফোনের পর্দায় চোখ রাখতে রাখতে আশপাশের মানুষের সঙ্গে যোগাযোগও যেন কমে যাচ্ছে। অথচ একটি ছোট্ট সম্ভাষণ, আন্তরিক হাসি কিংবা ‘কেমন আছেন?’ প্রশ্নটি নতুন সম্পর্ক তৈরির পাশাপাশি কারও মনও ভালো করে দিতে পারে। মানুষে-মানুষে যোগাযোগ, পারস্পরিক বোঝাপড়া ও শান্তির গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর ২১ নভেম্বর পালিত হয় বিশ্ব হ্যালো দিবস। এর মূল বার্তা হলো, সংঘাত নয়, কথোপকথনের মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজে নেওয়া।
বিশ্ব হ্যালো দিবসের সূচনা হয় ১৯৭৩ সালে। ওই বছর মিসর ও ইসরায়েলের মধ্যে ইয়ম কিপুর যুদ্ধের পর আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা ও অবিশ্বাস তৈরি হয়। এমন পরিস্থিতিতে সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগ নেন যুক্তরাষ্ট্রের দুই ভাই ব্রায়ান ম্যাককরম্যাক ও মাইকেল ম্যাককরম্যাক।
ব্রায়ান তখন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী এবং মাইকেল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক। তারা বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রভাবশালী ব্যক্তিদের কাছে প্রায় ১ হাজার ৩৬০টি চিঠি পাঠান। চিঠিগুলোর মূল বক্তব্য ছিল, যুদ্ধ ও সংঘাতের পরিবর্তে যোগাযোগ এবং আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করা সম্ভব।
সেই উদ্যোগের ধারাবাহিকতায় ২১ নভেম্বর বিশ্ব হ্যালো দিবস হিসেবে পালিত হতে শুরু করে। বর্তমানে বিশ্বের প্রায় ১৮০টি দেশে দিবসটি পালিত হয়।
যেভাবে উদযাপন করতে পারেন
বিশ্ব হ্যালো দিবস পালনে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। এ দিবসের প্রচলিত আহ্বান হলো, অন্তত ১০ জন মানুষের সঙ্গে কথা বলে তাদের শুভেচ্ছা জানানো। বন্ধু, সহকর্মী, প্রতিবেশী কিংবা অপরিচিত মানুষ- যে কেউ হতে পারেন এই তালিকায়।
শুধু ‘হ্যালো’ বলাই নয়, হাসিমুখে কুশল বিনিময়, কারও কথা মনোযোগ দিয়ে শোনা কিংবা প্রয়োজনে দুটো ভালো কথা বলার মাধ্যমেও দিবসটি উদযাপন করা যায়। একটি আন্তরিক সম্ভাষণ মানুষকে তার গুরুত্ব ও উপস্থিতি সম্পর্কে ইতিবাচক অনুভূতি দিতে পারে।
তবে সম্ভাষণ জানানোর ক্ষেত্রে অন্যের ব্যক্তিগত পরিসর ও স্বাচ্ছন্দ্যের বিষয়টিও মাথায় রাখা জরুরি। কাউকে কথা বলতে বাধ্য করা নয়, বরং আন্তরিক যোগাযোগের সুযোগ তৈরি করাই এ দিবসের উদ্দেশ্য।
সূত্র : টাইমস অ্যান্ড ডেট, এনডিটিভি
সময়ের আলো/মহু