পৃথিবীর সবচেয়ে দীর্ঘায়ু ৮ প্রাণী

সময়ের আলো ডেস্ক

ফিচার

পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে, যাদের জীবনকাল মানুষের কল্পনারও বাইরে। বিজ্ঞানীরা দীর্ঘায়ু প্রাণীদের নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। তাদের জীবনযাপন

2026-11-21T15:12:38+00:00
2026-11-21T15:24:39+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
ফিচার
পৃথিবীর সবচেয়ে দীর্ঘায়ু ৮ প্রাণী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৩:১২ পিএম  আপডেট: ২১.১১.২০২৬ ৩:২৪ পিএম
ইঁদুরজাতীয় প্রাণী নেকেড মোল র্যাট। ছবি : সংগৃহীত
পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে, যাদের জীবনকাল মানুষের কল্পনারও বাইরে। বিজ্ঞানীরা দীর্ঘায়ু প্রাণীদের নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। তাদের জীবনযাপন ও শরীরের বৈশিষ্ট্য থেকে মানুষের দীর্ঘ ও সুস্থ জীবনের নানা রহস্য জানা সম্ভব হতে পারে। চলুন, পরিচিত হই পৃথিবীর এমন কয়েকটি দীর্ঘায়ু প্রাণীর সঙ্গে।


স্থলজ স্তন্যপায়ী প্রাণী - মানুষ

পৃথিবীর সবচেয়ে বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকা মানুষের স্বীকৃতি পেয়েছেন ফ্রান্সের জিন ক্যালমেন্ট। তিনি ১২২ বছর ১৬৪ দিন বেঁচেছিলেন। ১৮৭৫ সালে ফ্রান্সের আর্লসে জন্ম নেওয়া ক্যালমেন্টের দাবি ছিল, তিনি বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের সঙ্গে দেখা করেছিলেন। 


দীর্ঘ জীবনের পেছনে মানসিক চাপ কম থাকা ও হাসিখুশি স্বভাবকে কৃতিত্ব দিতেন ক্যালমেন্ট। তবে, সুস্থ থাকার জন্য বিশেষ কোনো নিয়ম মেনে চলতেন না। ১৯৯৭ সালে তার মৃত্যু হয়। তার মেয়ে ও নাতি-নাতনিরা তার আগেই মারা গিয়েছিলেন।


জলজ প্রাণী - গ্লাস স্পঞ্জ

দেখতে খুব নাজুক মনে হলেও গ্লাস স্পঞ্জ অত্যন্ত দীর্ঘজীবী প্রাণী। বিজ্ঞানীদের ধারণা, এরা প্রায় ১৫ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। পৃথিবীর বিভিন্ন মহাসাগরে এদের দেখা যায়। সাধারণত সমুদ্রের ৪৫০ মিটারের বেশি গভীরে এদের বসবাস।

গ্লাস স্পঞ্জের শরীরের বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি পুরো শরীরে বৈদ্যুতিক সংকেত তৈরি করতে পারে। বিপদের আভাস পেলে এর শরীরের ক্ষুদ্র রোমের মতো অংশগুলোর নড়াচড়া বন্ধ হয়ে যায়। তবে, অন্য অনেক সামুদ্রিক স্পঞ্জের মতো এরা উত্তেজিত হলে শরীর সংকুচিত করে না বা আকৃতি পরিবর্তন করে না।


পাখি - কুকি নামের কাকাতুয়া

কুকি নামের একটি পুরুষ পিঙ্ক কাকাতুয়া দীর্ঘায়ুর জন্য বিশেষভাবে পরিচিত। যুক্তরাষ্ট্রের শিকাগোর ব্রুকফিল্ড চিড়িয়াখানায় বন্দি অবস্থায় তার জীবন কেটেছে।

২০১৪ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক তোতা হিসেবে স্বীকৃতি দেয়। তখন তার বয়স ছিল ৮১ বছর। বয়সজনিত স্বাস্থ্যঝুঁকির কারণে পরে তাকে দর্শনার্থীদের সামনে প্রদর্শন থেকে অবসর দেওয়া হয়। ২০১৬ সালে ৮৩ বছর বয়সে কুকির মৃত্যু হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, কুকির পরের দীর্ঘজীবী পিঙ্ক কাকাতুয়ার তুলনায় সে প্রায় ৫২ বছর বেশি বেঁচেছিল।


ইঁদুরজাতীয় প্রাণী - নেকেড মোল র্যাট

নেকেড মোল র্যাট দেখতে সাধারণ ইঁদুরের মতো নয়। তবে, অসাধারণ কিছু শারীরিক বৈশিষ্ট্যের কারণে প্রাণীটি বিজ্ঞানীদের কাছে বিশেষ আগ্রহের বিষয়। এটি অক্সিজেন ছাড়া প্রায় ১৮ মিনিট বেঁচে থাকতে পারে। এ ছাড়া, বিভিন্ন ধরনের ক্যানসারের বিরুদ্ধেও এর শরীরে প্রতিরোধক্ষমতা দেখা যায়।

মাটির গভীরে গর্ত করে বসবাস করায় এদের প্রাকৃতিক শত্রুও তুলনামূলক কম। গবেষণায় দেখা গেছে, অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মতো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এদের মৃত্যুর ঝুঁকি দ্রুত বাড়ে না।


এদের কোষ বিভাজনের প্রক্রিয়াও বেশ কার্যকর। ফলে, কোষের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তুলনামূলক কম থাকে। ২০২০ সালে একটি পুরুষ নেকেড মোল র্যাটের বয়স ৩৭ বছর হওয়ার তথ্য জানা যায়। ইঁদুরজাতীয় প্রাণীদের মধ্যে এটি অসাধারণ দীর্ঘ জীবনকালের উদাহরণ।


অমেরুদণ্ডী প্রাণী - ওশান কোয়াহগ

ওশান কোয়াহগ এক ধরনের সামুদ্রিক ঝিনুকজাতীয় প্রাণী। এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীদের অন্যতম। ২০০৬ সালে আইসল্যান্ডের উপকূল থেকে একটি ওশান কোয়াহগ সংগ্রহ করেন বিজ্ঞানীরা। পরীক্ষা করে তারা এর বয়স নির্ধারণ করেন ৫০৭ বছর।

চীনের মিং রাজবংশের শাসনামলে এই প্রাণীটির জন্ম হয়েছিল বলে সাংবাদিকরা এর নাম দেন ‘মিং’। তবে, আইসল্যান্ডে এটি ‘হাফরুন’ নামে পরিচিত। নামটির অর্থ অনেকটা ‘সমুদ্রের রহস্য’।

গাছের বয়স নির্ণয়ের মতো এই প্রাণীর খোলসের দাগ গুনেও বয়স জানা যায়। প্রতি বছর খোলসে একটি করে নতুন দাগ বা বলয় তৈরি হয়। সেগুলো হিসাব করেই বিজ্ঞানীরা এর বয়স নির্ধারণ করেন।


কচ্ছপ - আলডাব্রা জায়ান্ট টরটয়েজ

দীর্ঘজীবী প্রাণীদের তালিকায় কচ্ছপের অবস্থান বেশ উল্লেখযোগ্য। আলডাব্রা জায়ান্ট টরটয়েজ প্রজাতির অদ্বৈত ছিল এদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী হিসেবে পরিচিত। ২০০৬ সালে ভারতের কলকাতার আলিপুর চিড়িয়াখানায় মারা যাওয়ার সময় তার বয়স আনুমানিক ২৫৫ বছর বলে ধারণা করা হয়েছিল।

ধারণা করা হয়, অদ্বৈতের জন্ম ১৭৫০ সালে। জীবনের শেষ দিকে সে চিড়িয়াখানায় একাকী অবস্থায় ছিল। সেখানে ১০০ বছরেরও বেশি সময় কাটিয়েছে বলে জানা যায়।


এই কচ্ছপের আদি নিবাস সেশেলসের আলডাব্রা অ্যাটল। সেখানে প্রায় এক লাখ কচ্ছপের বসবাস। বিশ্বের অন্য যেকোনো স্থানের তুলনায় এই এলাকায় কচ্ছপের ঘনত্ব সবচেয়ে বেশি।


মাছ - গ্রিনল্যান্ড শার্ক

গ্রিনল্যান্ড শার্ক পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী হাঙর প্রজাতি। এদের বয়স নির্ধারণ করা বেশ কঠিন। কারণ, অন্য অনেক হাঙরের শরীরে বয়স বোঝার জন্য যে বিশেষ বৃদ্ধির বলয় থাকে, গ্রিনল্যান্ড শার্কের ক্ষেত্রে তা পাওয়া যায় না।

বিজ্ঞানীরা কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে এদের বয়স সম্পর্কে ধারণা পান। এই পদ্ধতিতে একটি স্ত্রী গ্রিনল্যান্ড শার্কের বয়স ২৫২ থেকে ৫১২ বছরের মধ্যে বলে অনুমান করা হয়েছিল।

এদের দীর্ঘ জীবনের অন্যতম কারণ হতে পারে শীতল পানিতে বসবাস। ঠান্ডা পরিবেশে শরীরের বিপাকক্রিয়া ধীর হয়ে যায়। এ কারণে এরা ধীরে সাঁতার কাটে এবং দীর্ঘদিন বেঁচে থাকতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা।


কুকুর - ববি

ববি নামের একটি রাফেইরো দো আলেন্তেজো জাতের কুকুর ৩১ বছর বয়স পর্যন্ত বেঁচেছিল। ২০২৩ সালের অক্টোবরে তার মৃত্যু হয়। একই বছরের শুরুর দিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী কুকুর হিসেবে স্বীকৃতি দিয়েছিল। ববির বয়স আগের ২৯ বছর ৫ মাসের রেকর্ড ছাড়িয়ে যায়। তবে, পরবর্তী সময়ে তার বয়সের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

রাফেইরো দো আলেন্তেজো কুকুরের আদি নিবাস পর্তুগাল। এরা সাধারণত শান্ত স্বভাবের এবং বাড়ি পাহারা দেওয়ার জন্য পরিচিত। আকারে বেশ বড় এই কুকুরের মাথা বড় এবং শরীরে ঘন লোম থাকে। এ লোম তাদের ঠান্ডা থেকে সুরক্ষা দেয়।

সূত্র : বিবিসি সায়েন্স ফোকাস

সময়ের আলো/মহু
  বিষয়:   দীর্ঘায়ু  প্রাণী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: