বয়স বাড়ার সঙ্গে চুলের পরিচর্যায় বাড়তি মনোযোগ দেওয়া প্রয়োজন। ছবি : সংগৃহীত বয়স বাড়ার সঙ্গে ত্বকের পাশাপাশি চুলের স্বাভাবিক সৌন্দর্য ও ঘনত্বেও পরিবর্তন আসতে পারে। একসময় যে চুল ছিল ঘন, উজ্জ্বল ও প্রাণবন্ত, ৪০ পেরোনোর পর তা ধীরে ধীরে রুক্ষ ও পাতলা হয়ে যেতে পারে। বাড়তে পারে চুল পড়ার সমস্যাও। বিশেষ করে নারীদের ক্ষেত্রে হরমোনের পরিবর্তন চুলের স্বাস্থ্যে বড় প্রভাব ফেলে। তবে সঠিক পরিচর্যা, পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে চুলের স্বাভাবিক স্বাস্থ্য ও ঘনত্ব ধরে রাখতে সহায়তা পাওয়া সম্ভব।
৪০ বছর বয়সের পর নারীদের শরীরে হরমোনের পরিবর্তন শুরু হতে পারে। বিশেষ করে পেরিমেনোপজ বা মেনোপজের আগের সময়ে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের মাত্রায় ওঠানামা ঘটে। এর প্রভাব পড়ে চুলের ওপরও। চুলের ঘনত্ব কমে যেতে পারে, আগের তুলনায় চুল পাতলা হতে পারে এবং চুল পড়ার প্রবণতা বাড়তে পারে।
তবে, হরমোনের পরিবর্তনই চুল পড়ার একমাত্র কারণ নয়। বংশগত বৈশিষ্ট্য, পুষ্টির ঘাটতি, থাইরয়েডের সমস্যা, মানসিক চাপ এবং চুলের যত্নে ভুল অভ্যাসও এর জন্য দায়ী হতে পারে। তাই বয়স বাড়ার সঙ্গে চুলের পরিচর্যায় বাড়তি মনোযোগ দেওয়া প্রয়োজন।
চুলের যত্নে তেল ব্যবহারের প্রচলন দীর্ঘদিনের। বিশেষ করে নারকেল তেল চুলের রুক্ষতা কমাতে ও আর্দ্রতা ধরে রাখতে সহায়ক। এটি চুলের ভেতরে প্রবেশ করতে পারে এবং শ্যাম্পু করার সময় চুলের প্রোটিনের ক্ষয় কিছুটা কমাতে সাহায্য করে।
তবে তেল ব্যবহার করলেই চুল পড়া বন্ধ হবে কিংবা নতুন চুল গজাবে, এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং অতিরিক্ত তেল ব্যবহারে কারও কারও মাথার ত্বকে তৈলাক্তভাব, খুশকি বা অন্যান্য সমস্যা বাড়তে পারে। তাই নিজের চুল ও মাথার ত্বকের ধরন বুঝে তেল ব্যবহার করা উচিত। সারা রাত চুলে তেল লাগিয়ে রাখতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতাও নেই।
বয়স বাড়ার সঙ্গে চুলের যত্নে শ্যাম্পু ও কন্ডিশনার নির্বাচনে সতর্ক হওয়া জরুরি। চুলের ধরন অনুযায়ী মৃদু শ্যাম্পু ব্যবহার করুন। শুষ্ক চুলের ক্ষেত্রে সালফেটমুক্ত শ্যাম্পু অনেকের জন্য উপযোগী হতে পারে। প্রতিবার শ্যাম্পু করার পর চুলের মাঝখান থেকে আগা পর্যন্ত কন্ডিশনার ব্যবহার করলে রুক্ষতা ও জট কমে।
সপ্তাহে এক থেকে দুই দিন নারকেল বা সরিষার তেল ব্যবহার করতে পারেন। তেল লাগানোর সময় মাথার ত্বকে জোরে ঘষাঘষি না করে আলতোভাবে মালিশ করুন। পাশাপাশি অতিরিক্ত গরম পানি দিয়ে চুল ধোয়া এড়িয়ে চলুন।
চুলের স্বাস্থ্য ভালো রাখতে সুষম খাবারের বিকল্প নেই। খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন, আয়রন, জিঙ্ক, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও প্রয়োজনীয় ভিটামিন থাকা দরকার।
এ জন্য নিয়মিত ডিম, মাছ, ডাল, বাদাম, আখরোট ও পুষ্টিকর বীজ খেতে পারেন। এসব খাবার চুলের স্বাভাবিক বৃদ্ধি ও স্বাস্থ্য বজায় রাখতে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। কোনো পুষ্টি উপাদানের ঘাটতি থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
চুলের স্বাভাবিক স্বাস্থ্য ধরে রাখতে ঘন ঘন চুলে রং করা, রাসায়নিক ট্রিটমেন্ট এবং অতিরিক্ত হিট স্টাইলিং কমাতে হবে। এসবের কারণে চুল দুর্বল হয়ে ভেঙে যেতে পারে।
এ ছাড়া, ভেজা চুল জোরে ঘষে মোছা কিংবা খুব শক্ত করে বেঁধে রাখা এড়িয়ে চলুন। চুল আঁচড়ানোর জন্য চওড়া দাঁতের চিরুনি ব্যবহার করতে পারেন। এতে চুলে টান কম পড়ে এবং ভেঙে যাওয়ার ঝুঁকিও কমে।
চুলের স্বাস্থ্যের সঙ্গে ঘুম ও জীবনযাপনেরও সম্পর্ক রয়েছে। তাই প্রতিদিন পর্যাপ্ত ঘুমের চেষ্টা করুন। প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত সাত থেকে নয় ঘণ্টা ঘুম উপকারী। পাশাপাশি মানসিক চাপ নিয়ন্ত্রণ ও নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তুলুন।
তবে, দীর্ঘদিন ধরে অতিরিক্ত চুল পড়লে কিংবা অল্প সময়ে চুলের ঘনত্ব উল্লেখযোগ্যভাবে কমে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ এর পেছনে থাইরয়েডের সমস্যা, আয়রনের ঘাটতি কিংবা হরমোনজনিত কারণ থাকতে পারে।
চুল পড়ার কারণ চিহ্নিত করে নিয়মিত যত্ন নিতে পারলে বয়স বাড়ার পরও চুলের স্বাভাবিক স্বাস্থ্য ও সৌন্দর্য অনেকটাই ধরে রাখা সম্ভব।
সূত্র: ইন্ডিয়া টুডে ও ক্লিভল্যান্ড ক্লিনিক
সময়ের আলো/মহু