চাল দিয়ে তৈরি বিশ্বের ১১ জনপ্রিয় খাবার

সময়ের আলো ডেস্ক

ফিচার

চাল এমন একটি উপাদান, যা বহু শতাব্দী ধরে বিশ্বের নানা দেশের মানুষের খাদ্যতালিকায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বাংলাদেশসহ এশিয়ার

2026-11-22T14:24:42+00:00
2026-11-22T14:44:13+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ফিচার
চাল দিয়ে তৈরি বিশ্বের ১১ জনপ্রিয় খাবার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ২:২৪ পিএম  আপডেট: ২২.১১.২০২৬ ২:৪৪ পিএম
চাল দিয়ে তৈরি হয় নানা ধরনের মিষ্টি, পোলাও, বিরিয়ানি ও মুখরোচক পদ। ছবি : সংগৃহীত
চাল এমন একটি উপাদান, যা বহু শতাব্দী ধরে বিশ্বের নানা দেশের মানুষের খাদ্যতালিকায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বাংলাদেশসহ এশিয়ার অনেক দেশে ভাত প্রধান খাবার হলেও চাল দিয়ে তৈরি হয় নানা ধরনের মিষ্টি, পোলাও, বিরিয়ানি ও মুখরোচক পদ। এমন ১১টি খাবারের কথা জেনে নেওয়া যাক।


টিমান জিজার, ইরাক

ইরাকের জনপ্রিয় খাবার টিমান জিজার। এটি ক্যারট রাইস নামেও পরিচিত। চালের সঙ্গে গাজর, পেঁয়াজ, মসলা এবং গরু, মুরগি বা ভেড়ার মাংস দিয়ে রান্না করা হয় খাবারটি। সাধারণত আধা সেদ্ধ চালের সঙ্গে অন্যান্য উপকরণ মিশিয়ে রান্না সম্পন্ন করা হয়। কখনো কখনো শাকসবজি দিয়েও এটি পরিবেশন করা হয়।


কুশরি, মিসর

মিসরের ঐতিহ্যবাহী খাবার কুশরি। চাল, মসুর ডাল, ছোলা ও পাস্তা একসঙ্গে রান্না করে তৈরি করা হয় এটি। পরিবেশনের সময় যোগ করা হয় টমেটো সস, ভিনেগার ও বেরেস্তা। পুষ্টিকর এই খাবার দেশটির জনপ্রিয় স্ট্রিট ফুড। দুপুর কিংবা রাতের খাবার হিসেবেও এটি বেশ প্রচলিত।


রিজ বি হালিব, লেবানন

লেবাননের জনপ্রিয় মিষ্টান্ন রিজ বি হালিব মূলত একধরনের রাইস পুডিং। চাল, দুধ ও চিনি দিয়ে তৈরি এই খাবারে ব্যবহার করা হয় কমলা ফুলের পানি ও গোলাপজল। এসব উপকরণ মিষ্টান্নটিতে আলাদা সুগন্ধ ও স্বাদ যোগ করে।


প্লোভ, উজবেকিস্তান

উজবেকিস্তানের ঐতিহ্যবাহী খাবার প্লোভ। এটি ওশ নামেও পরিচিত। লম্বা দানার চাল, মেষের মাংস, পেঁয়াজ, গাজর ও কিশমিশ দিয়ে তৈরি হয় খাবারটি। অঞ্চলভেদে উপকরণ ও রান্নার পদ্ধতিতে কিছুটা পার্থক্য দেখা যায়। পরিবার ও বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে খাওয়ার জন্য এটি বিশেষভাবে তৈরি করা হয়। অনেকের মতে, উপমহাদেশের পোলাওয়ের সঙ্গে এই খাবারের ঐতিহাসিক যোগসূত্র রয়েছে।


নাসি গোরেং, ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার জনপ্রিয় খাবার নাসি গোরেং মূলত একধরনের ফ্রাইড রাইস। দেশটির পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলেও এটি প্রচলিত। মিষ্টি সয়া সস, চিংড়ির পেস্ট ও বিভিন্ন মসলা দিয়ে ভাত ভেজে তৈরি করা হয় খাবারটি। পরিবেশনের সময় সাধারণত ওপরে ডিম পোচ দেওয়া হয়। চাইলে মাংস ও অন্যান্য উপকরণও যোগ করা যায়।


নাসি লেমাক, মালয়েশিয়া

মালয়েশিয়ার জাতীয় খাবার নাসি লেমাক। নারকেল দুধ ও পন্দান পাতা দিয়ে চাল রান্না করে তৈরি করা হয় এটি। মালয় ভাষায় ‘নাসি’ অর্থ ভাত এবং ‘লেমাক’ বলতে ক্রিমি বা সমৃদ্ধ স্বাদের বিষয়টি বোঝানো হয়। সাধারণত চিলি সস, চিংড়ির পেস্ট, বাদাম ও অন্যান্য অনুষঙ্গের সঙ্গে পরিবেশন করা হয়। এর সঙ্গে ভাজা মাংস ও পাঁপড়ও খাওয়া হয়।


বামবুকিওলি বাই, মালদ্বীপ

মালদ্বীপের ঐতিহ্যবাহী খাবার বামবুকিওলি বাই। চাল, ব্রেডফ্রুট ও নারকেল দুধ দিয়ে তৈরি হয় এটি। সাধারণত দেশটির ঐতিহ্যবাহী মাছের ঝোল বা ফিহুনু মাসের সঙ্গে খাবারটি পরিবেশন করা হয়। স্থানীয় খাদ্যসংস্কৃতিতে এর বিশেষ পরিচিতি রয়েছে।


কাবুলি পোলাও, আফগানিস্তান

আফগানিস্তানের জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার কাবুলি পোলাও। সুগন্ধি চালের ওপর পরিবেশন করা হয় মাংস, গাজর, কিশমিশ ও বাদাম। উপকরণগুলোর সমন্বয়ে খাবারটিতে তৈরি হয় ভিন্নধর্মী স্বাদ। উৎসব, পারিবারিক আয়োজন ও বিশেষ অনুষ্ঠানে এটি পরিবেশন করা হয়।


জর্দা, ভারতীয় উপমহাদেশ

মুঘল আমল থেকে প্রচলিত মিষ্টিজাতীয় খাবার জর্দা। চাল, চিনি, বাদাম ও এলাচ দিয়ে তৈরি হয় এটি। ঐতিহ্যগতভাবে জাফরান বা কেশর ব্যবহারের কারণে খাবারটির রং হলুদ হতো। বর্তমানে উজ্জ্বল হলুদ বা কমলা রং আনতে অনেক ক্ষেত্রে ফুড-গ্রেড রং ব্যবহার করা হয়। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশে এটি মিষ্টান্ন হিসেবে জনপ্রিয়।


বিরিয়ানি, ভারতীয় উপমহাদেশ

ভারতীয় উপমহাদেশের মুসলিম খাদ্যসংস্কৃতির অন্যতম জনপ্রিয় খাবার বিরিয়ানি। চাল, মাংস ও বিভিন্ন মসলার সমন্বয়ে তৈরি হয় এটি। রেসিপিভেদে ডিম ও আলুও ব্যবহার করা হয়। অঞ্চলভেদে বিরিয়ানির রান্নার পদ্ধতি ও স্বাদে রয়েছে ভিন্নতা। আওধ, লক্ষ্ণৌ, বাংলা ও দক্ষিণ ভারতীয় বিরিয়ানি এর পরিচিত কয়েকটি ধরন।


ক্ষীর বা পায়েস, ভারতীয় উপমহাদেশ

চাল দিয়ে তৈরি জনপ্রিয় মিষ্টান্নের মধ্যে ক্ষীর বা পায়েস অন্যতম। দুধ, চিনি, চাল, এলাচ ও বাদাম দিয়ে রান্না করা হয় এটি। অঞ্চলভেদে উপকরণ ও তৈরির পদ্ধতিতে পার্থক্য থাকলেও দুধে চাল জ্বাল দিয়ে ঘন করাই এর মূল প্রক্রিয়া। ধর্মীয় উৎসব, পারিবারিক আয়োজন ও বিশেষ দিনে উপমহাদেশের বিভিন্ন দেশে এটি পরিবেশন করা হয়।


চাল দিয়ে আরও যেসব খাবার তৈরি হয়

এই ১১টি খাবারের বাইরেও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে চাল দিয়ে তৈরি হয় নানা ঐতিহ্যবাহী পদ। সোমালিয়ার জাতীয় খাবার বারিস ইস্কুকারিস, জর্ডানের ম্যানসাফ, ইয়েমেনের মান্দি, জিবুতির স্কুদাখারিস, ইরানের ঘেহমেহ নেসার এবং সৌদি আরবের মজবুস এর মধ্যে উল্লেখযোগ্য।

এ ছাড়া ইরাক, লেবানন, সিরিয়া, জর্ডান ও ফিলিস্তিনে জনপ্রিয় মাকলুবা একটি পরিচিত খাবার। চাল, মাংস ও ভাজা সবজি এক পাত্রে স্তরে স্তরে সাজিয়ে রান্না করা হয় এটি। রান্না শেষে পাত্র উল্টে পরিবেশন করায় খাবারটির এমন নাম হয়েছে।

চাল দিয়ে তৈরি এসব খাবার শুধু স্বাদের বৈচিত্র্যই তুলে ধরে না, বরং বিভিন্ন দেশের ইতিহাস, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসেরও পরিচয় বহন করে।

সূত্র : বাইত আল ফান

সময়ের আলো/মহু
  বিষয়:   চাল  খাবার  জনপ্রিয়  টিমান জিজার  কুশরি  নাসি গোরেং  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: