শিশুদের শরীরে ডায়াবেটিসের কিছু আগাম লক্ষণ দেখা যায়। ছবি : সংগৃহীত ডায়াবেটিস শুধু প্রাপ্তবয়স্কদের রোগ নয়, শিশুরাও আক্রান্ত হতে পারে এ রোগে। তবে, প্রাথমিক পর্যায়ে লক্ষণগুলো অনেক সময় সাধারণ শারীরিক সমস্যা মনে করে এড়িয়ে যান অভিভাবকেরা। এতে সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করতে দেরি হতে পারে, যা শিশুর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
চিকিৎসকদের মতে, শিশুদের শরীরে ডায়াবেটিসের কিছু আগাম লক্ষণ দেখা যায়। কখনো ধীরে ধীরে, আবার কখনো কয়েক সপ্তাহের মধ্যেই এসব উপসর্গ প্রকাশ পেতে পারে। তাই শিশুর স্বাভাবিক আচরণ বা শারীরিক অবস্থায় অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে সতর্ক হওয়া জরুরি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে পুনের কনসালট্যান্ট পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজিস্ট চিকিৎসক সাজিলি মেহতা জানিয়েছেন, শিশুর বারবার পানি পান করা, ঘন ঘন প্রস্রাব হওয়া কিংবা স্বাভাবিক খাবার খাওয়ার পরও ওজন কমে যাওয়ার মতো লক্ষণ ডায়াবেটিসের ইঙ্গিত হতে পারে।
শিশুদের মধ্যে সাধারণত টাইপ-১ ডায়াবেটিস বেশি দেখা যায়। এ রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে আক্রমণ করে। ইনসুলিন এমন একটি হরমোন, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে, শিশুদের টাইপ-২ ডায়াবেটিসও হতে পারে। এ ক্ষেত্রে শরীর ইনসুলিনের প্রতি যথাযথভাবে সাড়া দিতে পারে না।
চিকিৎসকের মতে, শিশুর ডায়াবেটিসের ৫টি লক্ষণ সম্পর্কে অভিভাবকদের সচেতন থাকা প্রয়োজন।
ঘন ঘন প্রস্রাব হওয়া
শিশু আগের তুলনায় বেশি প্রস্রাব করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। বিশেষ করে রাতে বারবার ঘুম থেকে উঠে টয়লেটে যাওয়া কিংবা আগে বিছানা ভেজানোর অভ্যাস না থাকলেও নতুন করে এমন সমস্যা দেখা দেওয়া ডায়াবেটিসের লক্ষণ হতে পারে।
রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে কিডনি অতিরিক্ত চিনি প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়ার চেষ্টা করে। এ সময় শরীর থেকে বেশি পানি বেরিয়ে যায়। ফলে, প্রস্রাবের পরিমাণ ও প্রবণতা দুটোই বেড়ে যেতে পারে।
অতিরিক্ত তৃষ্ণা পাওয়া
শিশু যদি বারবার পানি চায়, দ্রুত পানির বোতল খালি করে ফেলে কিংবা রাতে ঘুম ভেঙে পানি পান করে, তাহলে সতর্ক হওয়া প্রয়োজন। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে প্রস্রাবের সঙ্গে শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যায়। এতে পানিশূন্যতা তৈরি হয় এবং শিশুর ঘন ঘন তৃষ্ণা পেতে পারে।
কারণ ছাড়াই ওজন কমে যাওয়া
শিশু স্বাভাবিক বা আগের তুলনায় বেশি খাবার খাওয়ার পরও ওজন হারালে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। শরীরে পর্যাপ্ত ইনসুলিন না থাকলে কোষগুলো রক্তের গ্লুকোজ থেকে প্রয়োজনীয় শক্তি নিতে পারে না। তখন শক্তির ঘাটতি পূরণে শরীর চর্বি ও পেশি ভাঙতে শুরু করে। এর ফলে শিশুর ওজন কমে যেতে পারে।
অস্বাভাবিক ক্লান্তি ও দুর্বলতা
শিশু আগের মতো খেলাধুলা করতে না চাইলে, অল্পতেই ক্লান্ত হয়ে পড়লে কিংবা পড়াশোনায় মনোযোগ দিতে সমস্যা হলে সতর্ক হতে হবে। রক্তে গ্লুকোজ থাকলেও ইনসুলিনের অভাবে শরীর তা কার্যকরভাবে ব্যবহার করতে পারে না। ফলে শক্তির ঘাটতি তৈরি হয়, যা শিশুর স্বাভাবিক কর্মক্ষমতা ও মনোযোগে প্রভাব ফেলে।
চোখে ঝাপসা দেখা
শিশু হঠাৎ চোখে ঝাপসা দেখার অভিযোগ করলে সেটিও ডায়াবেটিসের সম্ভাব্য লক্ষণ হতে পারে। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে চোখের লেন্সে সাময়িক পরিবর্তন ঘটে। এর ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসতে পারে।
কখন চিকিৎসকের কাছে যাবেন
শিশুর মধ্যে এসব লক্ষণের কোনোটি দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষা করতে পারেন। বিশেষ করে টাইপ-১ ডায়াবেটিসের ক্ষেত্রে দ্রুত রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চিকিৎসক সাজিলি মেহতার মতে, চিকিৎসা না করালে টাইপ-১ ডায়াবেটিসে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের মতো বিপজ্জনক জটিলতা দেখা দিতে পারে। এ অবস্থায় রক্তে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। বমি, পেটে ব্যথা, দ্রুত বা গভীর শ্বাস নেওয়া এবং অস্বাভাবিক ঘুমঘুম ভাব এর গুরুত্বপূর্ণ লক্ষণ। এসব উপসর্গ দেখা দিলে শিশুকে দ্রুত হাসপাতালে নিতে হবে।
সময়ের আলো/মহু