জ্বরঠোসা কেন হয়, অস্বস্তি কমাতে করণীয়

সময়ের আলো ডেস্ক

ফিচার

শীতকালে অনেকের ঠোঁটের কোণে দেখা যায় ‘জ্বরঠোসা’। এমন ‘জ্বরঠোসা’ হলে খাওয়াদাওয়া থেকে শুরু করে কথা বলা, সব কিছুতেই অস্বস্তি হতে

2026-11-22T13:12:53+00:00
2026-11-22T13:12:53+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ফিচার
জ্বরঠোসা কেন হয়, অস্বস্তি কমাতে করণীয়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১:১২ পিএম 
জ্বরঠোসা কেন হয়, অস্বস্তি কমাতে করণীয় । ছবি : সংগৃহীত
শীতকালে অনেকের ঠোঁটের কোণে দেখা যায় ‘জ্বরঠোসা’। এমন ‘জ্বরঠোসা’ হলে খাওয়াদাওয়া থেকে শুরু করে কথা বলা, সব কিছুতেই অস্বস্তি হতে পারে। বিশেষ করে খাবার খেতে গেলে জ্বালা আরও বেড়ে যায়। সাধারণত কয়েক দিনের মধ্যে এই ফোসকা শুকিয়ে যায়। তবে বারবার একই সমস্যা হলে কিংবা ঘা দীর্ঘদিন না সারলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 

জ্বরঠোসা হওয়ার কারণ এবং অস্বস্তি কমাতে কী কী বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন, তা জেনে নেওয়া প্রয়োজন।

জ্বরঠোসা কেন হয়

জ্বরঠোসা বা কোল্ড সোরের অন্যতম প্রধান কারণ হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ-১ (এইচএসবি-১) । এই ভাইরাসের সংক্রমণে সাধারণত ঠোঁটের চারপাশে ছোট ছোট পানিভরা ফোসকা দেখা যায়। ফোসকা ফেটে ক্ষত তৈরি হতে পারে।

একবার এই ভাইরাস শরীরে প্রবেশ করলে তা স্নায়ুকোষে সুপ্ত অবস্থায় থাকতে পারে। পরবর্তী সময়ে জ্বর, অন্য কোনো অসুস্থতা, মানসিক চাপ, ক্লান্তি কিংবা অতিরিক্ত রোদে থাকার মতো কারণে অনেকের ক্ষেত্রে সংক্রমণটি আবার সক্রিয় হয়ে উঠতে পারে। তাই জ্বরের সময় ঠোঁটে ফোসকা দেখা দিলেও জ্বরই যে সরাসরি এর কারণ, এমনটা বলা যায় না।

যারা বেশি আক্রান্ত হন

যেকোনো বয়সের মানুষ এইচএসবি-১ সংক্রমণে আক্রান্ত হতে পারেন। অনেকের ক্ষেত্রে সংক্রমণের পর কোনো লক্ষণ দেখা যায় না। আবার কারও ঠোঁটের আশপাশে বারবার ফোসকা হতে পারে। রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকলে সংক্রমণটি বেশি সমস্যার কারণ হতে পারে। যাদের আগে থেকেই জ্বরঠোসার সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে অসুস্থতা বা শারীরিক ধকলের সময় এটি ফিরে আসতে পারে।


ঘরোয়া উপায়ে অস্বস্তি কমাবেন যেভাবে

জ্বরঠোসা হলে প্রথমেই আক্রান্ত স্থান পরিষ্কার রাখা জরুরি। ফোসকা খুঁটবেন না বা ফাটানোর চেষ্টা করবেন না। এতে ক্ষতস্থানে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

বরফের সেঁক

ঘা হওয়া জায়গা নখ দিয়ে খুঁটবেন না। বরং পরিষ্কার কাপড়ে বরফ মুড়ে অল্প সময়ের জন্য আক্রান্ত স্থানে আলতো করে চেপে ধরতে পারেন। এতে প্রদাহ কমবে এবং জ্বালাভাব কমবে। তবে ৩-৫ মিনিটের বেশি বরফ ব্যবহার করবেন না।

অ্যালোভেরা

জ্বরঠোসা হলে অ্যালোভেরা জেল লাগাতে পারেন। যেকোনো ক্ষত সারাতে এর জুড়ি মেলা ভার। অল্প পরিমাণ জেল ঘায়ের উপর লাগিয়ে নিন। অ্যালোভেরা জেল ত্বকে শীতল অনুভূতি দিতে পারে। এতে জ্বালা-যন্ত্রণা কমবে। তবে ব্যবহার করলে আগে ত্বকের অল্প জায়গায় পরীক্ষা করে নিন। অ্যালার্জি হলে ব্যবহার বন্ধ করুন।

ভিটামিন সি

ভিটামিনের অভাবেও জ্বরঠোসা হয়। তাই প্রতিদিনের খাবারে লেবু বা আমলকি মতো ভিটামিন সি-সমৃদ্ধ ফল রাখুন। এতে শুধু জ্বরঠোসা নয়, একাধিক সংক্রমণ এড়াতেও সাহায্য হবে। শরীরের স্বাভাবিক রোগপ্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করবে।

পর্যাপ্ত বিশ্রাম

অসুস্থতার সময় পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম প্রয়োজন। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করুন।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

জ্বরঠোসা সাধারণত নিজে থেকেই সেরে যায়। তবে ঘা খুব বেশি ছড়িয়ে পড়লে, চোখের কাছে দেখা দিলে, তীব্র ব্যথা হলে কিংবা দীর্ঘদিনেও না সারলে চিকিৎসকের পরামর্শ নিন। বারবার এমন সমস্যা হলেও অবহেলা করবেন না। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক অ্যান্টিভাইরাল ওষুধ দিতে পারেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ক্লিভল্যান্ড ক্লিনিক

সময়ের আলো/এসকে
  বিষয়:   জ্বরঠোসা  কেন হয়  অস্বস্তি  কমাতে করণীয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: