একজন ভ্রমণসঙ্গী থাকলে যাত্রাটা হয়ে ওঠে আরও আনন্দময়। ছবি : সংগৃহীত বিশ্বজুড়েই জনপ্রিয়তা বাড়ছে একা ভ্রমণের। তবে কখনো কখনো একজন ভ্রমণসঙ্গী থাকলে যাত্রাটা হয়ে ওঠে আরও আনন্দময়। পথে বিপদে পড়লে সাহায্য পাওয়া যায়, ভাগ করে নেওয়া যায় গল্প ও অভিজ্ঞতা। কিন্তু সঙ্গী যদি মনের মতো না হন, তাহলে আনন্দের ভ্রমণও হয়ে উঠতে পারে বিরক্তির কারণ। তাই ভ্রমণসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি বিষয় গুরুত্ব দিয়ে দেখা জরুরি। একজন ভালো ভ্রমণসঙ্গীর মধ্যে অন্তত যে ৩টি গুণ থাকা প্রয়োজন, সেগুলো হলো-
সময়জ্ঞান ও জীবনযাপনে মিল
প্রত্যেক মানুষের ঘুম, খাওয়া ও দৈনন্দিন কাজের সময় এক রকম নয়। এই অভ্যাসের পার্থক্য ভ্রমণের আনন্দ অনেকটাই কমিয়ে দিতে পারে। যেমন, আপনি নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দর বা রেলস্টেশনে পৌঁছাতে পছন্দ করেন, অথচ আপনার সঙ্গী প্রায়ই দেরি করেন। আবার সকালে ঘুরতে বের হওয়ার পরিকল্পনা থাকলেও তিনি সময়মতো প্রস্তুত হতে পারেন না। এভাবে দুজনের সময়জ্ঞান ও দৈনন্দিন অভ্যাসে বড় ধরনের পার্থক্য থাকলে ভ্রমণের পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। তাই এমন কাউকে ভ্রমণসঙ্গী হিসেবে বেছে নেওয়া ভালো, যার সময়জ্ঞান ও জীবনযাপনের অভ্যাসের সঙ্গে আপনার মিল রয়েছে।
প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মানসিকতা
যত ভালো পরিকল্পনাই করা হোক, ভ্রমণে গিয়ে যেকোনও সময় পরিস্থিতি বদলে যেতে পারে। পরিবহনসংক্রান্ত জটিলতা, আবহাওয়ার পরিবর্তন কিংবা হঠাৎ কোনো সমস্যায় নতুন সিদ্ধান্ত নিতে হতে পারে। এমন পরিস্থিতিতে আপনার সঙ্গী কীভাবে প্রতিক্রিয়া দেখান, সেটি খুব গুরুত্বপূর্ণ।
যিনি বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে পারেন, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেন এবং প্রয়োজনে ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন, তিনি ভালো ভ্রমণসঙ্গী হতে পারেন। অন্যদিকে, সামান্য সমস্যা হলেই যিনি আতঙ্কিত হয়ে পড়েন, নিজের দায়িত্ব এড়িয়ে যান কিংবা সবকিছুর জন্য অন্যকে দোষারোপ করেন, তার সঙ্গে ভ্রমণে যাওয়ার আগে ভাবা উচিত।
অন্যের পছন্দকে গুরুত্ব দেওয়া
ভ্রমণে সবসময় নিজের পছন্দমতো পরিবেশ বা পরিস্থিতি পাওয়া যায় না। কখনো খাবার, কখনো থাকার জায়গা, আবার কখনো ঘোরার পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়। তাই একজন ভালো ভ্রমণসঙ্গীর মধ্যে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকা জরুরি।
নতুন খাবার চেখে দেখা, ভিন্ন পরিবেশের মানুষের সঙ্গে মেশা কিংবা অপ্রত্যাশিত পরিস্থিতি সামলে নেওয়ার আগ্রহ ভ্রমণকে আরও উপভোগ্য করে তোলে। একই সঙ্গে দুজনের পছন্দ-অপছন্দ আলাদা হলে একে অন্যের মতামতকে সম্মান করাও প্রয়োজন। শুধু নিজের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে সঙ্গীর পছন্দকেও গুরুত্ব দেন, এমন মানুষই হতে পারেন আদর্শ ভ্রমণসঙ্গী।
ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয়, বরং নতুন অভিজ্ঞতা ও স্মৃতি তৈরি করা। তাই কোথায় যাচ্ছেন, তার পাশাপাশি কার সঙ্গে যাচ্ছেন, সেটিও সমান গুরুত্বপূর্ণ। সঠিক ভ্রমণসঙ্গী পুরো যাত্রাকে আনন্দময় করে তুলতে পারেন, আর ভুল সঙ্গী নষ্ট করে দিতে পারেন অনেক দিনের পরিকল্পনা।
সময়ের আলো/মহু