জগদীশচন্দ্র বসুর রহস্যময় সিন্দুক

সময়ের আলো ডেস্ক

ফিচার

প্রায় ৮৯ বছর ধরে তালাবদ্ধ একটি লোহার সিন্দুক। সিন্দুকটির ভেতরে থাকতে পারে ভারতের প্রখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর অমূল্য গবেষণাপত্র,

2026-11-23T10:36:01+00:00
2026-11-23T10:37:05+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ফিচার
জগদীশচন্দ্র বসুর রহস্যময় সিন্দুক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ এএম  আপডেট: ২৩.১১.২০২৬ ১০:৩৭ এএম
জগদীশচন্দ্র বসু। ছবি : সংগৃহীত
প্রায় ৮৯ বছর ধরে তালাবদ্ধ একটি লোহার সিন্দুক। সিন্দুকটির ভেতরে থাকতে পারে ভারতের প্রখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর অমূল্য গবেষণাপত্র, বৈজ্ঞানিক আবিষ্কারের নথি কিংবা ব্যক্তিগত চিঠিপত্র! 

গিরিডি জেলার বরগণ্ডা এলাকার শান্তি ভবন। জীবনের শেষ কয়েকটি বছর এই বাড়িতেই কাটিয়েছিলেন জগদীশচন্দ্র বসু। ১৯৩৭ সালের ২৩ নভেম্বর এখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। এরপর কেটে গেছে প্রায় ৮৯ বছর। কিন্তু বাড়ির ভেতরে থাকা তার লোহার সিন্দুকটি আর খোলা হয়নি। তালাবদ্ধ সিন্দুকটি যেন বিজ্ঞানীর জীবনের শেষ অধ্যায়ের এক অজানা সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

সিন্দুকের ভেতরে কী আছে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই ইতিহাসবিদ, বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে কৌতূহল। সেখানে কি রয়েছে বিজ্ঞানের অজানা কোনো অধ্যায়ের সন্ধান? অপ্রকাশিত গবেষণাপত্র, গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নথি, নাকি ব্যক্তিগত চিঠিপত্র? নিশ্চিত করে কিছুই জানা যায়নি।

জগদীশচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত বাড়িটির বেহাল দশা নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর স্বতঃপ্রণোদিত হয়ে জনস্বার্থ মামলা গ্রহণ করে ঝাড়খণ্ড হাইকোর্ট। শুনানিতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেই রহস্যময় লোহার সিন্দুক। আদালত উপযুক্ত নজরদারিতে সিন্দুকটি খুলে এর ভেতরে কী রয়েছে, তা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।

আদালতের পর্যবেক্ষণ, সিন্দুকটিতে স্যার জগদীশচন্দ্র বসুর গবেষণাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। এসব উপকরণ মানবজাতি, বিশেষ করে বিজ্ঞানচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সমৃদ্ধ করতে পারে। 

সিন্দুকটি খোলার চেষ্টা যে আগে হয়নি, তা নয়। ২০২০ সালে তৎকালীন সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল। পরিকল্পনা ছিল, ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী এ পি জে আব্দুল কালাম গিরিডিতে গিয়ে সিন্দুকটি খুলবেন। কিন্তু হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটির কারণে তিনি সেখানে পৌঁছাতে পারেননি। ফলে, সিন্দুক খোলার সেই উদ্যোগও থেমে যায়। এরপর আর সেটি খোলা হয়নি।

১৮৫৮ সালে অধুনা বাংলাদেশের ময়মনসিংহে জন্মগ্রহণ করেন জগদীশচন্দ্র বসু। পদার্থবিদ্যা ও জীববিজ্ঞানে তার অবদান বিশ্বজুড়ে স্বীকৃত। উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া দেওয়ার ক্ষমতা নিয়ে তার গবেষণা বিজ্ঞানজগতে নতুন দিগন্ত উন্মোচন করে। উদ্ভিদের শারীরবৃত্তীয় গবেষণার জন্য গিরিডির বনাঞ্চল ও সবুজ পরিবেশ তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। জীবনের উল্লেখযোগ্য সময় এই এলাকায় কাটিয়েছেন তিনি।

বিজ্ঞানীর স্মৃতি ও বৈজ্ঞানিক অবদান সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৭ সালে তার বাড়িটি অধিগ্রহণ করে তৎকালীন বিহার সরকার। পরে ভবনটির নাম দেওয়া হয় ‘জগদীশচন্দ্র বসু মেমোরিয়াল সায়েন্স বিল্ডিং’। 

ঝান্ডা ময়দানের কাছে অবস্থিত এই ভবনে সংরক্ষিত রয়েছে বিজ্ঞানীর বিভিন্ন ছবি, প্রাপ্ত সম্মাননা ও পুরস্কারের নথি এবং গবেষণায় ব্যবহৃত বৈজ্ঞানিক যন্ত্রের মডেল। এর মধ্যে উল্লেখযোগ্য মাইক্রোওয়েভ ডিটেক্টর ও ক্রেসকোগ্রাফ। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের জন্য ক্রেসকোগ্রাফ তৈরি করেছিলেন জগদীশচন্দ্র বসু।

এত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্থাপনা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে সিন্দুকটির ভেতরে কী রয়েছে, তা জানার আগ্রহও কমেনি।

এবার ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে সিন্দুকটি খোলার প্রক্রিয়া শুরু হলে হয়ত সামনে আসবে ইতিহাসের অজানা কোনো অধ্যায়। প্রায় নয় দশক ধরে জমে থাকা রহস্যের আড়ালে কি লুকিয়ে আছে বিজ্ঞানের অমূল্য সম্পদ? নাকি অপেক্ষা করছে বিজ্ঞানীর ব্যক্তিগত জীবনের কোনো অজানা গল্প? উত্তর মিলবে সিন্দুকের তালা খোলার পরই।

সূত্র : টিভি নাইন বাংলা

সময়ের আলো/মহু
  বিষয়:   জগদীশচন্দ্র বসু  রহস্যময় সিন্দুক  বিজ্ঞানী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: