গহীন আমাজনে চাপা পড়া ৩০ লাখ মানুষের প্রাচীন সভ্যতার খোঁজ

সময়ের আলো ডেস্ক

ফিচার

ব্রাজিলের আমাজন জঙ্গলের গভীরে এক প্রাচীন সভ্যতার অস্তিত্বের নতুন প্রমাণ পেয়েছেন গবেষকরা। লেজার প্রযুক্তির সাহায্যে ঘন জঙ্গলের নিচে লুকিয়ে থাকা

2026-11-23T14:35:25+00:00
2026-11-23T15:31:52+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ফিচার
গহীন আমাজনে চাপা পড়া ৩০ লাখ মানুষের প্রাচীন সভ্যতার খোঁজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:৩৫ পিএম  আপডেট: ২৩.১১.২০২৬ ৩:৩১ পিএম
ভূ-লিপিগুলো আমাজনে মানব বসতির ইতিহাস পুনর্লিখনে সাহায্য করছে। ছবি : সংগৃহীত
ব্রাজিলের আমাজন জঙ্গলের গভীরে এক প্রাচীন সভ্যতার অস্তিত্বের নতুন প্রমাণ পেয়েছেন গবেষকরা। লেজার প্রযুক্তির সাহায্যে ঘন জঙ্গলের নিচে লুকিয়ে থাকা শত শত বিশাল মাটির কাঠামো শনাক্ত করেছেন তারা। গবেষকদের ধারণা, একসময় এসব স্থাপনা ঘিরে প্রায় ৩০ লাখ মানুষের বসতি গড়ে উঠেছিল।

‘নেচার’ সাময়িকীতে প্রকাশিত গবেষণাটি স্পেন, ফিনল্যান্ড, ব্রাজিল ও ডেনমার্কের গবেষকদের যৌথ উদ্যোগে পরিচালিত হয়। এতে ব্যবহার করা হয়েছে লাইডার (লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং) প্রযুক্তি। লেজার পালসের মাধ্যমে এই প্রযুক্তি ঘন গাছপালার নিচের ভূমির ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করতে পারে।

গবেষকরা আমাজনের ৪ হাজার ৪০০ বর্গকিলোমিটার এলাকায় জরিপ চালিয়ে ৪৩২টি জিওগ্লিফ বা মাটিতে তৈরি বিশাল জ্যামিতিক নকশা শনাক্ত করেছেন। এগুলোর অধিকাংশই আগে নথিভুক্ত ছিল না। ধারণা করা হচ্ছে, ৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৮৫০ খ্রিস্টাব্দের মধ্যে এসব স্থাপনা নির্মিত হয়েছিল।


গবেষকদের মতে, এসব কাঠামো নির্মাণ করেছিল অ্যাকুইরি সভ্যতা। প্রায় ১ লাখ ৮৩ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই সভ্যতার সমৃদ্ধির সময়ে, অর্থাৎ ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দে জনসংখ্যা প্রায় ৩০ লাখে পৌঁছাতে পারে। কোনো কোনো নালা ছিল ১৫ মিটার পর্যন্ত চওড়া এবং পাঁচ মিটার গভীর। এত বড় স্থাপনা নির্মাণে বিপুল শ্রমশক্তি, পরিকল্পনা ও জ্যামিতিক জ্ঞানের প্রয়োজন হয়েছিল।

প্রথমে এসব কাঠামোকে প্রতিরক্ষার কাজে ব্যবহৃত দুর্গ বলে মনে করা হলেও গবেষকদের ধারণা, এগুলো মূলত আনুষ্ঠানিক ও রাজনৈতিক সমাবেশের স্থান ছিল। স্থাপনাগুলোকে যুক্ত করেছিল প্রায় ৩৫০ কিলোমিটার রাস্তা। এসব এলাকার বাসিন্দারা ভুট্টা, স্কোয়াশ ও ম্যানিওক চাষ করত। তবে, তারা প্রয়োজনের অতিরিক্ত বন উজাড় করেনি বলে গবেষকদের ধারণা।

আনুমানিক ৮৫০ খ্রিস্টাব্দের দিকে এসব জিওগ্লিফ নির্মাণ বন্ধ হয়ে যায়। এর কারণ এখনো স্পষ্ট নয়। গবেষকদের ধারণা, ওই সময় কোনো বড় পরিবেশগত সংকট দেখা দিয়ে থাকতে পারে।

নতুন এই গবেষণা আমাজনকে জনবসতিহীন প্রাকৃতিক বন হিসেবে দেখার প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছে। বরং গবেষকদের মতে, ইউরোপীয়দের আগমনের বহু আগে থেকেই আমাজনে বিপুলসংখ্যক মানুষ বসবাস করত। তারা কৃষিকাজ, যোগাযোগব্যবস্থা ও পরিকল্পিত স্থাপনা নির্মাণের মাধ্যমে এই বনাঞ্চলের ভূপ্রকৃতিতে দীর্ঘস্থায়ী প্রভাব রেখেছিল।

সূত্র : বিবিসি

সময়ের আলো/মহু
  বিষয়:   আমাজন  প্রাচীন সভ্যতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: