বিষণ্ণতায় ভুগছেন? কখন যাবেন চিকিৎসকের কাছে

সময়ের আলো ডেস্ক

ফিচার

মাঝেমধ্যে মন খারাপ হওয়া স্বাভাবিক। প্রিয়জনকে হারানো, চাকরি চলে যাওয়া কিংবা কোনো বিষয়ে হতাশ হলে মন খারাপ হতে পারে। সময়ের

2026-11-23T12:49:14+00:00
2026-11-23T12:53:50+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ফিচার
বিষণ্ণতায় ভুগছেন? কখন যাবেন চিকিৎসকের কাছে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ পিএম  আপডেট: ২৩.১১.২০২৬ ১২:৫৩ পিএম
বিষণ্ণতা বা ক্লিনিক্যাল ডিপ্রেশন একটি মানসিক স্বাস্থ্য সমস্যা। ছবি : সংগৃহীত
মাঝেমধ্যে মন খারাপ হওয়া স্বাভাবিক। প্রিয়জনকে হারানো, চাকরি চলে যাওয়া কিংবা কোনো বিষয়ে হতাশ হলে মন খারাপ হতে পারে। সময়ের সঙ্গে এসব অনুভূতি সাধারণত কেটে যায়। তবে দীর্ঘদিন মন খারাপ থাকা, কোনো কিছুতে আনন্দ না পাওয়া কিংবা দৈনন্দিন কাজে আগ্রহ হারিয়ে ফেলা বিষণ্ণতার লক্ষণ হতে পারে।

বিষণ্ণতা বা ক্লিনিক্যাল ডিপ্রেশন একটি মানসিক স্বাস্থ্য সমস্যা। এটি মানুষের অনুভূতি, চিন্তাভাবনা, আচরণ এবং শারীরিক অবস্থার ওপর প্রভাব ফেলে। ব্যক্তিগত সম্পর্ক, কর্মজীবন ও স্বাভাবিক জীবনযাপনেও এর প্রভাব পড়তে পারে।

সাধারণ মন খারাপের সঙ্গে বিষণ্ণতার পার্থক্য হলো, বিষণ্ণতা সহজে কাটে না। প্রায় প্রতিদিন মন খারাপ থাকা, নিজেকে একা করে ফেলা এবং আগে আনন্দ পাওয়া কাজগুলোতেও আগ্রহ হারিয়ে ফেলা এর অন্যতম বৈশিষ্ট্য।


বিষণ্ণতার লক্ষণ

নিচের লক্ষণগুলোর কয়েকটি টানা দুই সপ্তাহ বা তার বেশি সময় ধরে দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

-নিজেকে হতাশ, শূন্য বা মূল্যহীন মনে হওয়া। ঘন ঘন কান্না পাওয়া কিংবা অতীতের কোনো ঘটনার জন্য নিজেকে দোষী ভাবা।
-আগে ভালো লাগত এমন কাজ, শখ, খেলাধুলা কিংবা মানুষের সঙ্গে সময় কাটানোর প্রতি আগ্রহ কমে যাওয়া।
-রাতে ঘুম না আসা, বারবার ঘুম ভেঙে যাওয়া অথবা অতিরিক্ত ঘুমানো।
-অল্প কাজেই অবসন্ন হয়ে পড়া, শরীরে শক্তি না পাওয়া এবং কাজের গতি কমে যাওয়া।
-ক্ষুধা কমে বা বেড়ে যাওয়া এবং সে অনুযায়ী ওজন কমা বা বাড়া।
-মাথা, পিঠ বা শরীরের বিভিন্ন স্থানে ব্যথা, মাংসপেশিতে টান কিংবা পেটের সমস্যা দেখা দেওয়া।
-গোসল, পোশাক-পরিচ্ছন্নতা কিংবা নিজের প্রতি যত্ন নেওয়ার আগ্রহ কমে যাওয়া।
-সামান্য বিষয়েও রেগে যাওয়া, বিরক্ত হওয়া কিংবা অন্যদের সঙ্গে খারাপ আচরণ করা।
-কোনো কাজে মন বসাতে, কথা মনে রাখতে কিংবা সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়া।
-মৃত্যু বা নিজের জীবন শেষ করে দেওয়ার চিন্তা আসা।


সবার ক্ষেত্রে বিষণ্ণতার লক্ষণ এক রকম হয় না। কারও মধ্যে কয়েকটি লক্ষণ দেখা দিতে পারে, আবার কারও ক্ষেত্রে তা আরও তীব্র হতে পারে।

শিশুদের ক্ষেত্রে বিষণ্ণতার কারণে স্কুলে যেতে অনীহা, পড়াশোনায় ফল খারাপ হওয়া কিংবা বাবা-মায়ের কাছাকাছি থাকার প্রবণতা দেখা দিতে পারে।

কিশোর-কিশোরীরা অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়তে পারে, নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। কেউ কেউ অতিরিক্ত খাওয়া বা ঘুমানোর পাশাপাশি মাদক গ্রহণ কিংবা নিজের ক্ষতি করার মতো আচরণও করতে পারে।

বয়স্কদের ক্ষেত্রে বিষণ্ণতা অনেক সময় সহজে ধরা পড়ে না। বয়সের স্বাভাবিক পরিবর্তন ভেবে লক্ষণগুলো এড়িয়ে যাওয়া হয়। এ বয়সে একা থাকতে চাওয়া, মানুষের সঙ্গে মেলামেশা কমিয়ে দেওয়া, ক্ষুধা ও ঘুমের সমস্যা, স্মৃতিশক্তি কমে যাওয়া এবং অকারণে ক্লান্তি দেখা দিতে পারে।


কখন চিকিৎসকের কাছে যাবেন

নিজের বা কাছের কারও মধ্যে বিষণ্ণতার লক্ষণ দেখা গেলে চিকিৎসক কিংবা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। চিকিৎসক শারীরিক পরীক্ষা, চিকিৎসার ইতিহাস এবং প্রয়োজন অনুযায়ী রক্ত পরীক্ষার মাধ্যমে অন্য কোনো শারীরিক সমস্যা আছে কি না, তা যাচাই করতে পারেন। পাশাপাশি বিভিন্ন প্রশ্নের মাধ্যমে মানসিক অবস্থাও মূল্যায়ন করবেন।

বিশেষ করে আত্মহত্যার চিন্তা এলে অপেক্ষা না করে দ্রুত পেশাদার সহায়তা নিতে হবে। তাৎক্ষণিক ঝুঁকি থাকলে ব্যক্তিকে একা না রেখে নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে নিতে হবে।

বিষণ্ণতা চিকিৎসাযোগ্য একটি সমস্যা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ, সাইকোথেরাপি বা প্রয়োজনীয় অন্যান্য চিকিৎসার মাধ্যমে এর লক্ষণ নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রয়োজনে চিকিৎসক মনোবিজ্ঞানী বা মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠাতে পারেন।

বিষণ্ণতা কোনো দুর্বলতা বা লজ্জার বিষয় নয়। এটি অন্য রোগের মতোই চিকিৎসার প্রয়োজন হয়। তাই নিজে নিজে সামাল দেওয়ার চেষ্টা না করে সময়মতো সাহায্য নেওয়া উচিত। সঠিক চিকিৎসা ও সহায়তা পেলে স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব।

সূত্র : ওয়েবএমডি

সময়ের আলো/মহু
  বিষয়:   বিষণ্ণতা  লক্ষণ  চিকিৎসা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: