উচ্চতা, আঁকাবাঁকা পথ, প্রতিকূল আবহাওয়া ও ঝুঁকিপূর্ণ সেতুর কারণে এসব রেলপথে যাত্রা হয়ে ওঠে রোমাঞ্চকর। ছবি : সংগৃহীত রেলপথে ভ্রমণ সাধারণত আরামদায়ক ও নিরাপদ। তবে বিশ্বের কিছু রেলপথ এমন দুর্গম এলাকায় তৈরি, যেখানে একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদ। কোথাও রয়েছে সমুদ্রের ওপর নির্মিত সেতু, কোথাও আবার ঘন জঙ্গলের ভেতর দিয়ে চলে গেছে রেললাইন। বিশ্বের এমনই ১১টি ভয়ংকর রেলপথের কথা জেনে নেওয়া যাক।
ট্রেন এ লাস নুবেস, আর্জেন্টিনা
আর্জেন্টিনার সালতা প্রদেশে আন্দিজ পর্বতমালার মধ্য দিয়ে চলে গেছে ২১৭ কিলোমিটার দীর্ঘ ট্রেন এ লাস নুবেস। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ২২০ মিটার উচ্চতায় অবস্থিত এই রেলপথ বিশ্বের অন্যতম উঁচু রেলপথ। ১৯২১ সালে নির্মাণ শুরু হয়ে ১৯৪৮ সালে এর কাজ শেষ হয়।
‘ট্রেন টু ক্লাউডস’ নামেও পরিচিত এই রেলপথে রয়েছে দুটি জিগজ্যাগ, ২৯টি সেতু ও ২১টি টানেল। প্রবল বাতাস, তীব্র ঠান্ডা এবং দুর্গম পাহাড়ি পথের কারণে এখানে ট্রেন চলাচল বেশ চ্যালেঞ্জিং।
বার্মা রেলওয়ে, থাইল্যান্ড
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের উদ্যোগে নির্মিত বার্মা রেলওয়ে ‘ডেথ রেলওয়ে’ বা মৃত্যুর রেলপথ নামেও পরিচিত। প্রায় ২৫৮ মাইল দীর্ঘ এই রেলপথ নির্মাণে যুদ্ধবন্দি ও জোরপূর্বক শ্রমিকদের কাজে লাগানো হয়েছিল। নির্মাণকাজে প্রায় ১ লাখ ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটে বলে উল্লেখ করা হয়।
মায়েকলং রেলওয়ে মার্কেট, থাইল্যান্ড
থাইল্যান্ডের মায়েকলং রেলওয়ে মার্কেটের মাঝখান দিয়ে চলে গেছে রেললাইন। বাজারের দোকানপাট ও পণ্যের একেবারে পাশ ঘেঁষে ট্রেন চলাচল করে। ট্রেন আসার সংকেত পেলেই ব্যবসায়ীরা দ্রুত দোকানের ছাউনি ও পণ্য সরিয়ে নেন। ট্রেন চলে গেলে আবার আগের মতো বাজার বসে। এই অস্বাভাবিক দৃশ্যের কারণে জায়গাটি পর্যটকদের কাছেও বেশ আকর্ষণীয়।
নরিজ দেল ডায়াবলো, ইকুয়েডর
ইকুয়েডরের আন্দিজ পর্বতমালার দুর্গম এলাকায় অবস্থিত নরিজ দেল ডায়াবলো, যার অর্থ ‘শয়তানের নাক’। পাহাড়ের নাকের মতো দেখতে একটি অংশ কেটে এই রেলপথ তৈরি করা হয়েছে। এর একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদ। আঁকাবাঁকা ও জিগজ্যাগ পথে ট্রেন চলাচল করায় এটি বিশ্বের অন্যতম রোমাঞ্চকর রেলপথ হিসেবে পরিচিত।
১৮৯৯ সালে এর নির্মাণকাজ শুরু হয়। রেলপথটির সর্বোচ্চ উচ্চতা প্রায় ১১ হাজার ৮৪১ ফুট। তুষারপাত ও ভূমিক্ষয়ের কারণে একাধিকবার বন্ধ হলেও পর্যটকদের আকর্ষণ হিসেবে এটি চালু রয়েছে।
ফেরোক্যারিল সেন্ট্রাল অ্যান্ডিনো, পেরু
পেরুর ক্যালাও বন্দর ও রাজধানী লিমার সঙ্গে হুয়ানকায়ো এবং সেরো দে পাসকোকে যুক্ত করেছে এই রেলপথ। প্রায় ৫৩৫ কিলোমিটার দীর্ঘ রেলপথটি আন্দিজ পর্বতমালার মধ্য দিয়ে গেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই রেলপথ বিশ্বের অন্যতম উঁচু রেলপথ।
১৮৭১ সালে পোলিশ প্রকৌশলী আর্নেস্ট ম্যালিনোভস্কির তত্ত্বাবধানে এর নির্মাণকাজ শুরু হয়। রেলপথটিতে রয়েছে ৬১টি সেতু ও ৬৫টি টানেল। পাহাড় কেটে তৈরি এসব টানেল ও উঁচু সেতু পেরিয়ে ট্রেন চলাচল করায় যাত্রাটি বেশ ঝুঁকিপূর্ণ।
হোয়াইট পাস অ্যান্ড ইউকন রুট রেলওয়ে, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের আলাস্কায় অবস্থিত প্রায় ১৭২ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ ইউকনের হোয়াইট হর্সের সঙ্গে স্কাগওয়ে ও আলাস্কার বন্দরকে যুক্ত করেছে। ১৮৯৮ সালে সোনার খনিতে যাতায়াতের সুবিধার জন্য এর নির্মাণ শুরু হয়। ১৯০০ সালে কাজ শেষ হয়।
রেলপথটির একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদ। পথে রয়েছে ছোট ছোট টানেল ও উঁচু সেতু। বরফাচ্ছন্ন আবহাওয়া ও প্রবল ঠান্ডা বাতাসের কারণে এই পথে ট্রেন চলাচল বেশ কঠিন। ১৯৮২ সালে দুর্ঘটনার কারণে সাময়িকভাবে বন্ধ হওয়ার পর ১৯৮৮ সালে এটি আবার চালু হয়।
কুম্ব্রেস অ্যান্ড টলটেক সিনিক রেলরোড, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো ও কলোরাডোর মধ্য দিয়ে চলে গেছে কুম্ব্রেস অ্যান্ড টলটেক সিনিক রেলরোড। ১৮৮০ সালে নির্মিত প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ এই সরু রেলপথটি সান জুয়ান পর্বতমালার খনিশিল্পের কাজে ব্যবহৃত হতো।
পরবর্তী সময়ে কৃষি ও শিল্পপণ্য পরিবহনেও রেলপথটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯৬৮ সালে পণ্য পরিবহন বন্ধ হয়ে যাওয়ার পর ১৯৭০ সালে নিউ মেক্সিকো ও কলোরাডো রাজ্য এর একটি অংশ কিনে নেয়। বর্তমানে এটি পর্যটকদের জন্য চালু রয়েছে। প্রায় ১০ হাজার ফুট উচ্চতার এই পথে এখনো বাষ্পচালিত ট্রেন চলে।
জর্জটাউন লুপ রেলপথ, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের কলোরাডোর রকি পর্বতমালায় অবস্থিত জর্জটাউন লুপ রেলপথ। প্রায় ৭ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের সবচেয়ে আকর্ষণীয় ও ভয়ংকর অংশ ডেভিলস গেট হাইব্রিজ। মাটি থেকে প্রায় ১৯৫ মিটার উঁচুতে অবস্থিত সেতুটি দিয়ে ট্রেন চলাচলের দৃশ্য রোমাঞ্চকর।
১৮৮৪ সালে নির্মিত এই রেলপথ ১৮৯৯ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত যাত্রী ও পণ্য পরিবহনে ব্যবহৃত হয়। ১৯৩৯ সালে বন্ধ হয়ে যাওয়ার পর ১৯৮৪ সালে এর ১০০ বছর পূর্তি উপলক্ষে আবার চালু করা হয়।
পাম্বান সেতু, ভারত
ভারতের রামেশ্বরমে অবস্থিত পাম্বান সেতু প্রায় ৬ হাজার ৭৭৬ ফুট দীর্ঘ। সমুদ্রের ওপর নির্মিত এই সেতু দিয়ে ট্রেন চলাচল করে। ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় এখানে প্রবল বাতাস ও প্রতিকূল আবহাওয়া রেল চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তোলে।
কুরান্দা রেলওয়ে, অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত কুরান্দা রেলওয়ে। পাহাড়, ঘন বন ও দুর্গম ভূপ্রকৃতির মধ্য দিয়ে চলে গেছে এই রেলপথ। ১৮৮২ সালে খনিশিল্পের সুবিধার জন্য এর নির্মাণকাজ শুরু হয়। নির্মাণকাজের সময় বহু শ্রমিকের প্রাণহানি ঘটে।
জেলমারবান ফুনিকুলার, সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডের জেলমারবান ফুনিকুলার বিশ্বের অন্যতম সরু রেলপথ। এর ফিতার মতো আঁকাবাঁকা পথ ও খাড়া ঢাল যাত্রীদের কাছে রোলার কোস্টারের মতো অনুভূতি তৈরি করে। দুর্গম ভূপ্রকৃতির মধ্য দিয়ে চলা এই রেলপথে ভ্রমণ রোমাঞ্চপ্রিয় পর্যটকদের জন্য বিশেষ অভিজ্ঞতা।
সময়ের আলো/মহু