লেদার জ্যাকেট : আভিজাত্য আর ব্যক্তিত্বের প্রকাশ

তাসলিমা নীলু

ফিচার

শীত এলেই পোশাকের ধরনে আসে পরিবর্তন। আবহাওয়ার সঙ্গে মানিয়ে চলার পাশাপাশি এ সময় পোশাকে যুক্ত হয় নতুনত্ব ও স্টাইল। আর

2026-11-24T03:36:46+00:00
2026-11-24T03:36:46+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ফিচার
লেদার জ্যাকেট : আভিজাত্য আর ব্যক্তিত্বের প্রকাশ
তাসলিমা নীলু
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:৩৬ এএম 
ছবি : সংগৃহীত
শীত এলেই পোশাকের ধরনে আসে পরিবর্তন। আবহাওয়ার সঙ্গে মানিয়ে চলার পাশাপাশি এ সময় পোশাকে যুক্ত হয় নতুনত্ব ও স্টাইল। আর শীতের ফ্যাশনে লেদার জ্যাকেটের জুড়ি নেই। তরুণ-তরুণী থেকে শুরু করে মধ্যবয়সি— সব বয়সের মানুষের কাছেই এই পোশাকের রয়েছে আলাদা আকর্ষণ। জিনস, টি-শার্ট, শার্ট কিংবা অন্য পোশাকের সঙ্গে সহজেই মানিয়ে যায় লেদার জ্যাকেট। সময়ের সঙ্গে বদলেছে এর নকশা, রং ও কাটিং। এখন শুধু কালো বা বাদামি নয়, পাওয়া যাচ্ছে নানা রঙের ও বৈচিত্র্যময় ডিজাইনের জ্যাকেট।

বাংলাদেশেও শীতের ফ্যাশনে লেদার জ্যাকেটের চাহিদা বেশ ভালো। ঢাকার হাজারীবাগ ও বায়তুল মোকাররম মার্কেট থেকে শুরু করে চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে রয়েছে চামড়ার জ্যাকেটের বিপণিবিতান।

কোন ধরনের জ্যাকেট এখন জনপ্রিয়

ফ্যাশনে এখন লেদার জ্যাকেটের রয়েছে নানা ধরন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাইকার জ্যাকেট, বোম্বার জ্যাকেট, রেসার জ্যাকেট, ক্লাসিক লেদার জ্যাকেট, লেদার ব্লেজার, কুইল্টেড লেদার জ্যাকেট, ভিনটেজ লেদার জ্যাকেট ও ক্রপড লেদার জ্যাকেট।

বাইকার জ্যাকেট সাধারণত একটু রাফ ও আকর্ষণীয় লুক তৈরি করে। বোম্বার জ্যাকেটের কাটিং তুলনামূলক আরামদায়ক এবং ক্যাজুয়াল পোশাকের সঙ্গে বেশ মানানসই। রেসার জ্যাকেটের নকশা সাদামাটা হলেও এতে থাকে আধুনিকতার ছোঁয়া। অন্যদিকে ক্লাসিক লেদার জ্যাকেট সবসময়ের জন্য উপযোগী। লেদার ব্লেজার ফরমাল কিংবা স্মার্ট ক্যাজুয়াল পোশাকের সঙ্গে পরা যায়। কুইল্টেড ও ভিনটেজ ডিজাইনের জ্যাকেটও ফ্যাশনপ্রেমীদের পছন্দের তালিকায় রয়েছে।

বাংলাদেশে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডের পাশাপাশি আন্তর্জাতিক ব্র্যান্ডের লেদার ও লেদার-লুক জ্যাকেটও পাওয়া যাচ্ছে। ফলে ক্রেতারা নিজেদের পছন্দ, প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ধরনের জ্যাকেট বেছে নিতে পারছেন।

কোথায় পাবেন কাস্টমাইজ জ্যাকেট

বাংলাদেশের চামড়া শিল্পের অন্যতম পরিচিত এলাকা হাজারীবাগ। এখানে রয়েছে চামড়াজাত পণ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত অসংখ্য প্রতিষ্ঠান। ফলে তৈরি জ্যাকেট কেনার পাশাপাশি নিজের পছন্দ ও মাপ অনুযায়ী লেদার জ্যাকেট বানিয়ে নেওয়ার সুযোগও রয়েছে।

হাজারীবাগে লেদার জ্যাকেট ও চামড়াজাত পণ্যের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এনেক্স লেদার লিমিটেড, কিউ সি লেদার, লেদার ই হাজারীবাগ, আরল্যান্স লেদার, থ্রি টেক লেদার, অথেনটিক লেদার ক্রাফট, সম লেদার, নূর লেদার ক্রাফট, পাপ্পু লেদার ক্রাফট, লেদার ইনসাইট, শামিম’স লেদার, সেঞ্চুরি লেদার ক্রাফট, ভার্ডেন লেদার, ব্ল্যাক স্নো ও লেদার বিডি। এ ছাড়া ব্লু হরিজন লেদার প্রোডাক্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ এবং শাবাব লেদারের মতো প্রতিষ্ঠানও লেদার জ্যাকেট ও চামড়াজাত পণ্যের সঙ্গে যুক্ত।

হাজারীবাগের বিশেষত্ব হলো, এখানে শুধু তৈরি জ্যাকেট কেনা নয়, নিজের পছন্দমতো জ্যাকেট তৈরিও করিয়ে নেওয়া যায়। শরীরের মাপ, হাতার দৈর্ঘ্য, কলার, পকেট, জিপার, বোতাম, রং ও ভেতরের আস্তরণ— সবকিছুই নিজের পছন্দ অনুযায়ী নির্ধারণের সুযোগ রয়েছে। তবে সব প্রতিষ্ঠানে এ সুবিধা এক রকম নয়। তাই অর্ডার দেওয়ার আগে সরাসরি নিশ্চিত হয়ে নেওয়া ভালো। 

হাজারীবাগের লেদার জোন বাংলাদেশ ফ্যাক্টরির স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার এন কে এইচ ওহী বলেন, ‘আমরা হোলসেল ও কাস্টমাইজড অর্ডার নিয়ে থাকি। বাইকার, নরমাল, জেন্টস ও লেডিস— সব ধরনের জ্যাকেটই তৈরি করি। কাস্টমাইজড জ্যাকেটের দাম নির্ভর করে ক্রেতার মাপ, ডিজাইন এবং কী ধরনের লেদার ব্যবহার করা হচ্ছে তার ওপর। ডিজাইনে কাজ বেশি থাকলে দামও বাড়ে। আমরা সাধারণত টপ গ্রেডের চামড়া ব্যবহার করি। তবে ক্রেতার চাহিদা ও বাজেট অনুযায়ী গ্রেড নির্ধারণ করা হয়। প্রথমেই ক্রেতাকে সবকিছু বুঝিয়ে দেওয়া হয় এবং সম্ভাব্য দাম জানানো হয়। এরপর তার পছন্দ অনুযায়ী জ্যাকেট তৈরি করে দেওয়া হয়। আমাদের কাছ থেকে অনেক ব্র্যান্ডের দোকানও জ্যাকেট তৈরি করিয়ে নেয়।’

হাজারীবাগের পাশাপাশি সাভারের হেমায়েতপুরেও রয়েছে চামড়ার বিভিন্ন কারখানা। এসব কারখানার অনেকগুলোতেই লেদার জ্যাকেট তৈরি হয়। কিছু প্রতিষ্ঠান ক্রেতার চাহিদা অনুযায়ী জ্যাকেট কাস্টমাইজ করার সুবিধাও দিয়ে থাকে।

ওয়াইল্ড ওভেন প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (প্রোডাকশন সলিউশন) এবং ওয়াইল্ড ওভেন ব্র্যান্ডের কো-ফাউন্ডার এনামুল হক বলেন, ‘ভালো মানের লেদার জ্যাকেট তৈরির ক্ষেত্রে দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ— উন্নতমানের উপকরণ এবং সঠিক ফিটিং। প্রতিষ্ঠান অর্ডার অনুযায়ী জ্যাকেট কাস্টমাইজ করে থাকে। তবে কাস্টমাইজ করার ক্ষেত্রে দাম কিছুটা বেড়ে যায়। ব্র্যান্ডের ডিজাইন ও উপকরণের মান অনুযায়ী জ্যাকেটের দাম ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকা। এর মধ্যে ফিল্ড জ্যাকেটের দাম ৪০ হাজার টাকা এবং ক্লাসিক্যাল জ্যাকেটের দাম ৩৫ হাজার টাকা। আমরা ক্রেতার চাহিদা অনুযায়ী ভালো ও মাঝারি— দুই ধরনের লেদার ব্যবহার করি। কারখানার পাশাপাশি বনানীর শোরুম থেকেও এসব জ্যাকেট বিক্রি করা হয়।’

জ্যাকেট কেনার সময় তাই চামড়ার ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। ফুল-গ্রেইন, টপ-গ্রেইন, সিপ্লট লেদার নাকি সিনথেটিক— কোন উপাদান দিয়ে জ্যাকেট তৈরি তা জেনে নেওয়া উচিত। শুধু ‘জেনুইন’ বা ‘প্রিমিয়াম’ লেখা থাকলেই পণ্যের মান নিশ্চিত হয় না।

লেদারের জ্যাকেটের যত্ন

জ্যাকেট তৈরিতে শুধু চামড়ার মান নয়, অ্যাক্সেসরিজের মানও সমান গুরুত্বপূর্ণ। অনেকে শুধু লেদারের দিকেই গুরুত্ব দেন। কিন্তু লেদারের পাশাপাশি অ্যাক্সেসরিজও খুব গুরুত্বপূর্ণ। কারণ ভালো মানের চামড়া ব্যবহার করলেও জিপার, বোতাম কিংবা অন্যান্য অ্যাক্সেসরিজ নিম্নমানের হলে এক বছর পরই সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তখন পুরো জ্যাকেটটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। তাই প্রতিটি উপকরণের মান ভালো হওয়া জরুরি।

কোথায় পাবেন জ্যাকেট

ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত বায়তুল মোকাররম শপিং কমপ্লেক্স পোশাকসহ বিভিন্ন ধরনের পণ্যের জন্য পরিচিত। এখানকার চামড়াজাত পণ্যের দোকানগুলোর মধ্যে রয়েছে ফ্যান্সি লেদার, চাঁদপুর লেদার ও লাবিবা লেদার স্টোর। এ ধরনের মার্কেটে কেনাকাটা করতে গেলে বিভিন্ন উপাদানের জ্যাকেটের খোঁজ পাওয়া যায়। এর মধ্যে রয়েছে জেনুইন কাউ লেদার, শিপ লেদার, গোট লেদার, সিনথেটিক বা পিইউ লেদার এবং সিপ্লট লেদারের জ্যাকেট।


ঢাকার বাইরে চট্টগ্রামেও লেদার জ্যাকেটের ভালো বাজার রয়েছে। চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটের বিনিময় স্টোরের স্বত্বাধিকারী টিপু সুলতান বলেন, তাদের দোকানে বিভিন্ন ধরনের লেদার জ্যাকেট পাওয়া যায়। দেশীয়ভাবে তৈরি জ্যাকেটের পাশাপাশি রয়েছে বিদেশি জ্যাকেটও। বাংলাদেশের বাজারে চামড়ার জ্যাকেট চীন, ইতালি, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে আসে। দেশীয়ভাবে তৈরি জ্যাকেটের জন্য সাধারণত স্থানীয় ট্যানারি ও চামড়ার পাইকারি বাজার থেকে চামড়া সংগ্রহ করা হয়। আবার কিছু জ্যাকেট তৈরি অবস্থায় বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকেও সংগ্রহ করা হয়। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ডিজাইন, মান ও দামের বৈচিত্র্য রাখার চেষ্টা করা হয়।

দেশীয় ফ্যাশন ব্র্যান্ড এস্টাসিতে রয়েছে পুরুষদের জন্য তানজিম লেদার জ্যাকেট। এতে রয়েছে একাধিক পকেট, শার্প কলার, সামনের দিকে জিপার এবং স্মার্ট কাটিং।

এ ছাড়া বাংলাদেশের বাজারে ইয়েলো, সেইলর, ক্যাটস আই, রিচম্যান, লা রিভের মতো ব্র্যান্ডে ইমপোর্টেড লেদার জ্যাকেট পাওয়া যায়।

লেদার জ্যাকেট কেবল শীত থেকে বাঁচার পোশাক নয়, এটি ব্যক্তিত্ব, রুচি ও আভিজাত্যেরও প্রকাশ। কেউ পছন্দ করেন চিরচেনা কালো জ্যাকেট, কেউ আবার বাদামি ভিনটেজ কিংবা স্টাইলিশ বাইকার ডিজাইন। তবে কেনার আগে চামড়ার মান, সেলাই, জিপার, বোতাম, ফিটিং ও অন্যান্য অ্যাক্সেসরিজ ভালোভাবে দেখে নেওয়া জরুরি। একই সঙ্গে জ্যাকেটের উপাদান ও যত্ন নেওয়ার নিয়ম সম্পর্কেও জেনে নেওয়া উচিত। নিজের পছন্দ, প্রয়োজন ও বাজেটের সঙ্গে মিলিয়ে সঠিক জ্যাকেটটি বেছে নিতে পারলেই শীতের ফ্যাশনে যোগ হবে নতুন মাত্রা।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   লেদার জ্যাকেট  আভিজাত্য  ব্যক্তিত্ব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: