সবুজের পাশে বইয়ের ঠিকানা

নিবেদিতা দাস

ফিচার

শহরের ব্যস্ততা, যানজট আর কংক্রিটের দেয়ালের মধ্যে একটু প্রশান্তির জায়গা খুঁজে পাওয়া কঠিন। বিশেষ করে যারা বই পড়তে ভালোবাসেন, তাদের

2026-11-24T03:43:27+00:00
2026-11-24T03:43:27+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ফিচার
সবুজের পাশে বইয়ের ঠিকানা
নিবেদিতা দাস
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:৪৩ এএম 
ছবি : সংগৃহীত
শহরের ব্যস্ততা, যানজট আর কংক্রিটের দেয়ালের মধ্যে একটু প্রশান্তির জায়গা খুঁজে পাওয়া কঠিন। বিশেষ করে যারা বই পড়তে ভালোবাসেন, তাদের কাছে নিরিবিলি পরিবেশে বসে বই পড়ার আনন্দ আলাদা। আর সেই পড়ার জায়গাটি যদি হয় সবুজে ঘেরা ছাদ, যেখানে এক পাশে নানা রকম গাছের সমারোহ, অন্য পাশে ছোট্ট একটি লাইব্রেরি, তা হলে অবসরের মুহূর্তগুলো হয়ে উঠতে পারে অনেক বেশি উপভোগ্য। যেখানে প্রকৃতি, বই আর অবসর মিলেমিশে তৈরি করছে এক অন্য রকম পরিবেশ।

ছাদের একপাশজুড়ে থাকতে পারে ফুল, ফলও বিভিন্ন ধরনের ঔষধি গাছ। টবের পাশাপাশি কাঠের প্লান্টার বক্সে সাজানো যেতে পারে বিভিন্ন প্রজাতির গাছ। দেয়ালজুড়ে ঝুলন্ত টব কিংবা লতানো গাছ ছাদের সৌন্দর্য বাড়াবে। জায়গা থাকলে ছোট্ট একটি ঘাসের অংশও রাখা যায়। তবে গাছ নির্বাচনের ক্ষেত্রে ছাদে কতটা রোদ আসে, বাতাস চলাচলের সুযোগ কেমন এবং পরিচর্যার সময় কতটা পাওয়া যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে।

অন্য পাশে রাখা যেতে পারে ছোট্ট একটি লাইব্রেরি। কাঠ বা আবহাওয়াসহিষ্ণু উপকরণ দিয়ে তৈরি বুকশেলফে সাজানো থাকবে গল্প, উপন্যাস, ভ্রমণ, ইতিহাস, কবিতা ও জীবনবিষয়ক বই। বই রাখার জায়গাটি অবশ্যই বৃষ্টি ও আর্দ্রতা থেকে সুরক্ষিত হতে হবে। চাইলে ছোট একটি বুক ক্যাবিনেট কিংবা কাচের দরজাযুক্ত তাকও রাখা যায়।

লাইব্রেরির পাশেই থাকতে পারে আরামদায়ক বসার ব্যবস্থা। কাঠের বেঞ্চ, বেতের চেয়ার, ছোট সোফা কিংবা মেঝেতে বিছানো ম্যাট ব্যবহার করা যেতে পারে। সঙ্গে ছোট একটি টেবিল থাকলে চা-কফির কাপ কিংবা পড়ার নোট রাখার সুবিধা হবে। বসার জায়গার ওপর ছাউনি বা পারগোলা তৈরি করলে রোদ-বৃষ্টির মধ্যেও কিছুটা সময় কাটানো যাবে।

আলোর ব্যবস্থাও গুরুত্বপূর্ণ। দিনের বেলায় প্রাকৃতিক আলোয় বই পড়ার সুযোগ থাকলেও সন্ধ্যার জন্য উষ্ণ আলো ব্যবহার করা যেতে পারে। ছোট ল্যাম্প, সৌরবিদ্যুৎচালিত বাতি কিংবা দেয়ালে লাগানো আলোর ব্যবস্থা পরিবেশকে সুন্দর 
করে তুলবে।

ছাদবাগানকেন্দ্রিক লাইব্রেরির অন্যতম আকর্ষণ হলো এর পরিবেশ। গাছের পরিচর্যা করতে করতে অবসরে বই পড়া, সকালে এক কাপ চা নিয়ে বসা কিংবা বিকালে পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করার সুযোগ তৈরি হয়। শিশুদের জন্যও এমন আয়োজন হতে পারে আনন্দদায়ক। গাছের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তোলার সুযোগ পাবে তারা।

ইন্টেরিয়র ডিজাইনার মো. আবু হুরায়রা জুয়েল বলেন, ‘ছাদকে শুধু গাছ লাগানোর জায়গা হিসেবে না দেখে ব্যক্তিগত পরিসর হিসেবে পরিকল্পনা করা উচিত। সবুজ বাগান, বসার জায়গা ও বই রাখার ব্যবস্থা করলে ছাদটি বেশ নান্দনিক হয়ে উঠবে। তবে ছাদের ধারণক্ষমতা, পানি নিষ্কাশন এবং আবহাওয়ার বিষয়গুলো মাথায় রেখে নকশা করা জরুরি।’


বইপ্রেমী তাবাসুম তানিয়া বলেন, ‘ঘরের মধ্যে বই পড়ার জন্য আলাদা সময় বের করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। কিন্তু ছাদে বসার জায়গা থাকলে অবসর পেলেই সেখানে চলে আসা যায়। চারপাশের সবুজ পরিবেশ মন ভালো রাখে, আর বই পড়ার প্রতি আগ্রহও বাড়ায়।’

তবে এমন লাইব্রেরি তৈরির আগে ছাদের জলরোধী ব্যবস্থা, অতিরিক্ত ওজন বহনের সক্ষমতা এবং নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা প্রয়োজন। বই ও আসবাবপত্র যেন বৃষ্টি, রোদ ও আর্দ্রতায় নষ্ট না হয়, সেদিকেও নজর দিতে হবে।

সব মিলিয়ে ছাদবাগান যখন লাইব্রেরির রূপ নেয়, তখন তা কেবল সৌন্দর্য বাড়ানোর আয়োজন থাকে না। হয়ে ওঠে নিজের সঙ্গে সময় কাটানোর, বইয়ের পাতায় ডুবে থাকার এবং প্রকৃতির কাছাকাছি থাকার ঠিকানা। শহরের ব্যস্ত জীবনে এমন একটি ছোট্ট সবুজ পাঠাগার হতে পারে প্রশান্তির জায়গা।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  

  বিষয়:   সবুজ  বইয়ের ঠিকানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: