
এখন অনেকেই নিজেদের শখকে ঘিরে সাজাচ্ছেন ভ্রমণ পরিকল্পনা। ছবি : সংগৃহীত
এখন অনেকেই নিজেদের শখকে ঘিরে সাজাচ্ছেন ভ্রমণ পরিকল্পনা। ছবি : সংগৃহীত ভ্রমণ মানেই নতুন কোনো জায়গা ঘুরে দেখা কিংবা বিলাসবহুল হোটেলে সময় কাটানো- এমন ধারণা বদলে যাচ্ছে। এখন অনেকেই নিজেদের শখকে ঘিরে সাজাচ্ছেন ভ্রমণ পরিকল্পনা। প্রিয়জন বা সমমনা মানুষের সঙ্গে পছন্দের কাজ উপভোগ করতে ছুটে যাচ্ছেন বিশেষ সব গন্তব্যে। বিশ্বজুড়ে ভ্রমণের এই নতুন প্রবণতার নাম দেওয়া হয়েছে ‘হবি হাবস’।
আন্তর্জাতিক পর্যটন খাতের সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, শখকে কেন্দ্র করে ভ্রমণের আগ্রহ ক্রমেই বাড়ছে। পাজল মেলানো, বোর্ড গেম খেলা, ছবি তোলা, রাতের আকাশে তারা দেখা কিংবা উল বোনার মতো কাজকে ঘিরেই তৈরি হচ্ছে ভ্রমণের পরিকল্পনা। এসব আয়োজনে অংশ নিচ্ছেন বন্ধু, পরিবারের সদস্য কিংবা একই ধরনের শখ রয়েছে এমন মানুষেরা।
ভ্রমণবিষয়ক আবাসন প্রতিষ্ঠান ভার্বোর বার্ষিক ভ্রমণ প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালে প্রায় ৬৮ শতাংশ ভ্রমণকারী শখকেন্দ্রিক ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন। জেন জি ও মিলেনিয়াল প্রজন্মের মধ্যে এ আগ্রহ আরও বেশি। এই দুই প্রজন্মের ৭৯ শতাংশই এমন ভ্রমণে আগ্রহী।
জীবনধারা ও ভ্রমণবিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া ৩৮ শতাংশ ভ্রমণকারী মনে করেন, পাঁচ বছর আগের তুলনায় বর্তমানে তাদের ভ্রমণ পরিকল্পনায় শখ অনেক বেশি গুরুত্ব পাচ্ছে।
জরিপের তথ্য অনুযায়ী, শখকেন্দ্রিক ভ্রমণে সবচেয়ে বেশি জনপ্রিয় পাজল ও বোর্ড গেমস। এ তালিকায় এরপর রয়েছে ফটোগ্রাফি, রাতের আকাশে তারা দেখা বা স্টারগেইজিং, হস্তশিল্প, উল বোনা, সেলাই এবং পুরোনো ঐতিহ্যবাহী জিনিস সংগ্রহের মতো শখ।
আন্তর্জাতিক ভ্রমণ প্রতিষ্ঠান এক্সপিডিয়া গ্রুপের বৈশ্বিক জনসংযোগ বিভাগের সহসভাপতি মেলানি ফিশের মতে, ভ্রমণকারীদের চাহিদায় পরিবর্তন এসেছে। তারা এখন শুধু থাকার জন্য ভালো জায়গা খুঁজছেন না; বরং প্রিয় মানুষদের সঙ্গে একত্র হয়ে নিজেদের পছন্দের কাজ উপভোগ করার সুযোগও খুঁজছেন।
ভার্বোর তথ্য বলছে, শখকেন্দ্রিক ভ্রমণের পেছনে প্রধানত ৩টি কারণ কাজ করছে। নতুন পরিবেশে নিজের পছন্দের শখ উপভোগ করতে চান ৪১ শতাংশ ভ্রমণকারী। সমমনা মানুষের সঙ্গে সময় কাটানোর আগ্রহও সমানসংখ্যক মানুষের। অন্যদিকে, দৈনন্দিন জীবনের ব্যস্ততা ও যান্ত্রিকতা থেকে সাময়িক বিরতি নিতে চান ৩৪ শতাংশ।
দলগত দৌড় ও হাইকিং ভ্রমণের আয়োজনকারী মার্কিন প্রতিষ্ঠান ‘রান ওয়াইল্ড রিট্রিটস’-এর জ্যেষ্ঠ রিট্রিট লিডার লিজ আর্নল্ড বলেন, মানুষ এখন এমন ভ্রমণে আগ্রহী, যার পেছনে নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। এ ধরনের আয়োজন একই আগ্রহের মানুষদের একত্র করে এবং তাদের মধ্যে দ্রুত আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে।
যেভাবে সাজাবেন শখকেন্দ্রিক ভ্রমণ
শখকেন্দ্রিক ভ্রমণের পরিকল্পনায় শুধু গন্তব্য কিংবা আবাসনের বিলাসিতা নয়, বরং অংশগ্রহণকারীদের পছন্দ ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
লিজ আর্নল্ডের পরামর্শ, ভ্রমণের জায়গা নির্বাচনের সময় বিলাসবহুল হোটেলের চেয়ে শখের সঙ্গে মানানসই পরিবেশকে প্রাধান্য দিতে হবে। যেমন, হাইকিং বা দৌড়ানোর পরিকল্পনা থাকলে প্রকৃতির কাছাকাছি ট্রেইল রয়েছে এমন জায়গা বেছে নেওয়া যেতে পারে। আবার দলবদ্ধ আড্ডা ও সময় কাটানোর জন্য বড় খাবার টেবিল কিংবা খোলা বারান্দাসহ আবাসন হতে পারে উপযুক্ত।
যুক্তরাষ্ট্রের ভ্রমণ পরামর্শক এবং ‘এলিভেট হসপিটালিটি কালেক্টিভ’-এর প্রতিষ্ঠাতা এমিলি জনসনের মতে, একটি দলের সবার দক্ষতা বা অভিজ্ঞতা সমান হয় না। আবার কেউই টানা ২৪ ঘণ্টা একই কাজ করতে চাইবেন না।
তাই ভ্রমণের সূচি তৈরির সময় সবার সক্ষমতা ও আগ্রহ বিবেচনায় রাখা জরুরি। পাশাপাশি শখের কাজের বাইরেও যেন ঘোরাঘুরি ও বিশ্রামের সুযোগ থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে।
বোর্ড গেমস, ক্যামেরা কিংবা হস্তশিল্পের উপকরণ- যে শখকে ঘিরেই ভ্রমণের আয়োজন হোক না কেন, প্রয়োজনীয় সরঞ্জাম আগে থেকেই ভাগ করে নেওয়া ভালো। কে কোন জিনিস সঙ্গে আনবেন, তা যাত্রার আগেই ঠিক করে রাখলে ভ্রমণের সময় অপ্রয়োজনীয় ঝামেলা এড়ানো সম্ভব।
লিজ আর্নল্ড মনে করেন, শখকেন্দ্রিক ভ্রমণের উদ্দেশ্য কোনো রেকর্ড গড়া কিংবা বিশেষ প্রশিক্ষণ নেওয়া নয়। বরং কোনো ধরনের চাপ ছাড়াই নিজের পছন্দের কাজ উপভোগ করা এবং মানসিক প্রশান্তি খুঁজে নেওয়াই এর মূল লক্ষ্য। তাই প্রতিযোগিতার মানসিকতা বাদ দিয়ে আনন্দ ও পারস্পরিক বন্ধন তৈরির দিকেই বেশি মনোযোগ দেওয়া উচিত।
সময়ের আলো/মহু