
এক পায়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন, তা থেকেও শরীরের সামগ্রিক সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। ছবি : সংগৃহীত
এক পায়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন, তা থেকেও শরীরের সামগ্রিক সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। ছবি : সংগৃহীত দীর্ঘদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে হাঁটা, ব্যায়াম এবং পেশির শক্তি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। তবে শরীরের ভারসাম্য ধরে রাখার ক্ষমতাও যে দীর্ঘায়ুর সঙ্গে সম্পর্কিত, তা নতুন এক গবেষণায় উঠে এসেছে। গবেষকদের মতে, এক পায়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন, তা থেকেও শরীরের সামগ্রিক সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।
হার্ভার্ড হেলথ লেটারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সী ১৩ হাজারের বেশি মানুষের ওপর পরিচালিত গবেষণায় শরীরের ভারসাম্য ও দ্রুত চলাফেরার সক্ষমতার সঙ্গে দীর্ঘদিন বেঁচে থাকার সম্পর্ক পাওয়া গেছে।
২০২৬ সালের ১০ আগস্ট চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘জেএএমএ নেটওয়ার্ক ওপেন’-এ গবেষণাটি প্রকাশিত হয়। এতে ১৩ হাজার ৪২৩ জনের শারীরিক সক্ষমতা মূল্যায়ন করেন গবেষকেরা। পরীক্ষায় ৪টি প্রধান বিষয় বিবেচনা করা হয়- হৃদযন্ত্র ও ফুসফুসের কর্মক্ষমতা, পেশির শক্তি, শরীরের ভারসাম্য ও দ্রুত চলাফেরার ক্ষমতা এবং নমনীয়তা।
হৃদযন্ত্র ও ফুসফুসের কর্মক্ষমতা যাচাই করতে অংশগ্রহণকারীদের দুই মিনিট একই জায়গায় দাঁড়িয়ে হাঁটতে বলা হয়। পেশির শক্তি পরিমাপ করা হয় ৩০ সেকেন্ডে কতবার হাতের ওজন তুলতে পারেন এবং চেয়ার থেকে কতবার ওঠা-বসা করতে পারেন, তা দেখে।
শরীরের ভারসাম্য পরীক্ষায় এক পায়ে সর্বোচ্চ ৩০ সেকেন্ড দাঁড়িয়ে থাকতে বলা হয়। আর দ্রুত চলাফেরার সক্ষমতা যাচাইয়ে চেয়ার থেকে উঠে আট ফুট দূরে গিয়ে ঘুরে আবার চেয়ারে বসার পরীক্ষা নেওয়া হয়। পাশাপাশি শরীর বাঁকানো ও প্রসারিত করার ক্ষমতাও মূল্যায়ন করা হয়।
২০১৫ ও ২০১৬ সালে এসব পরীক্ষা নেওয়ার পর সাত বছর ধরে অংশগ্রহণকারীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন গবেষকেরা। এ সময়ে মারা যান ১ হাজার ৬৩১ জন।
গবেষণার ফলাফলে দেখা যায়, হৃদযন্ত্র ও ফুসফুসের কর্মক্ষমতা, পেশির শক্তি এবং ভারসাম্য ও দ্রুত চলাফেরার পরীক্ষায় ভালো করা ব্যক্তিদের মৃত্যুঝুঁকি সবচেয়ে কম নম্বর পাওয়া ব্যক্তিদের তুলনায় ৬১ শতাংশ কম। পরীক্ষিত বিষয়গুলোর মধ্যে ভারসাম্য ও দ্রুত চলাফেরার সক্ষমতার সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক সবচেয়ে বেশি পাওয়া গেছে। এরপর রয়েছে পায়ের পেশির শক্তি এবং হৃদযন্ত্র ও ফুসফুসের কর্মক্ষমতা। তবে, শরীরের নমনীয়তার সঙ্গে আয়ুষ্কালের উল্লেখযোগ্য কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
বয়স বাড়লে শরীরের ভারসাম্য কেন জরুরি
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের হাঁটাচলা ও শরীরের ভারসাম্য ধরে রাখার ক্ষমতা কমতে থাকে। ফলে পড়ে গিয়ে গুরুতর আহত হওয়ার ঝুঁকিও বাড়ে। ৬৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে পড়ে যাওয়া গুরুতর আঘাত এবং আঘাতজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ।
হার্ভার্ড-সংশ্লিষ্ট ব্রিগহাম অ্যান্ড উইমেনস হাসপাতালের ফিজিক্যাল থেরাপিস্ট ক্রিস্টিনা ডানলিয়া বলেন, ‘পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গেলে পরবর্তী এক বছরের মধ্যে মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।’
তাই শরীরের ভারসাম্য ধরে রাখার অনুশীলন শুধু পড়ে যাওয়ার ঝুঁকি কমায় না, বরং বয়স বাড়ার পরও স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কাজ করার সক্ষমতা বজায় রাখতে সহায়তা করে।
এক পায়ে দাঁড়িয়ে যাচাই করুন শরীরের ভারসাম্য
শরীরের ভারসাম্য কেমন, তা যাচাইয়ের সহজ উপায় হলো এক পায়ে দাঁড়ানোর চেষ্টা করা। এ জন্য প্রথমে সোজা হয়ে দুই পায়ের ওপর সমান ভর দিয়ে দাঁড়াতে হবে। নিরাপত্তার জন্য পাশে একটি মজবুত চেয়ার বা টেবিল রাখা ভালো। এরপর একটি পা মাটি থেকে কয়েক ইঞ্চি ওপরে তুলে অন্য পায়ের ওপর ভর দিয়ে পাঁচ থেকে ৩০ সেকেন্ড দাঁড়িয়ে থাকার চেষ্টা করুন। পরে পা পরিবর্তন করে একইভাবে অনুশীলন করুন। সামনে নির্দিষ্ট কোনো জায়গায় দৃষ্টি স্থির রাখলে ভারসাম্য ধরে রাখা সহজ হয়। শরীর দুলতে শুরু করলে দুই হাত দুই পাশে ছড়িয়ে দিতে পারেন।
যারা শুরুতেই এক পায়ে দাঁড়াতে অসুবিধা বোধ করেন, তারা প্রথমে মজবুত চেয়ার বা টেবিল ধরে শরীরের ওজন এক পাশ থেকে অন্য পাশে নেওয়ার অনুশীলন করতে পারেন। এ ছাড়া, চেয়ার ধরে গোড়ালি উঁচু করে দাঁড়ানোর ব্যায়ামও করা যায়। তবে, আগে থেকেই ভারসাম্যজনিত সমস্যা থাকলে এসব অনুশীলন শুরুর আগে ফিজিক্যাল থেরাপিস্টের পরামর্শ নেওয়া উচিত।
দৈনন্দিন কাজের ফাঁকেও বাড়াতে পারেন ভারসাম্য
শরীরের ভারসাম্য বাড়াতে প্রতিদিন আলাদা করে দীর্ঘ সময় ব্যায়াম করার প্রয়োজন নেই। দাঁত ব্রাশ করার সময় কিংবা পানি গরম হওয়ার অপেক্ষায় এক পায়ে দাঁড়ানোর অনুশীলন করা যেতে পারে। তবে, পড়ে যাওয়ার ঝুঁকি এড়াতে পাশে মজবুত কোনো অবলম্বন রাখা জরুরি।
এ ছাড়া তাই চি, যোগব্যায়াম ও নাচ শরীরের ভারসাম্য, শক্তি এবং সহনশীলতা বাড়াতে সহায়ক। নিয়মিত হাঁটাচলা ও সিঁড়ি দিয়ে ওঠানামার অভ্যাসও এ ক্ষেত্রে উপকারী।
গবেষণার ফলাফল বলছে, দীর্ঘদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে শুধু হাঁটা কিংবা পেশির শক্তি বাড়ালেই চলবে না। শরীরের ভারসাম্য বজায় রাখা এবং দ্রুত ও স্বাভাবিকভাবে চলাফেরার সক্ষমতাও ধরে রাখতে হবে। কারণ, দীর্ঘায়ুর পাশাপাশি নিজের দৈনন্দিন কাজগুলো স্বাধীনভাবে করতে পারাও সুস্থ জীবনের গুরুত্বপূর্ণ শর্ত।
সূত্র : হার্ভার্ড হেলথ পাবলিশিং
সময়ের আলো/মহু