পার্সোনাল কমফোর্ট সিস্টেম : নিজের আরাম নিজেই নিয়ন্ত্রণ করুন

সময়ের আলো ডেস্ক

ফিচার

অফিস কিংবা বাসায় একই জায়গায় কেউ শীতে কাঁপছেন, আবার কেউ গরমে ঘামছেন। কারও কাছে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ঠিকঠাক, অন্যজনের কাছে

2026-11-24T13:06:20+00:00
2026-11-24T13:08:37+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ফিচার
পার্সোনাল কমফোর্ট সিস্টেম : নিজের আরাম নিজেই নিয়ন্ত্রণ করুন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:০৬ পিএম  আপডেট: ২৪.১১.২০২৬ ১:০৮ পিএম
ব্যক্তিগত চাহিদার কথা মাথায় রেখেই জনপ্রিয় হয়ে উঠছে পার্সোনাল কমফোর্ট সিস্টেম। ছবি : সংগৃহীত
ব্যক্তিগত চাহিদার কথা মাথায় রেখেই জনপ্রিয় হয়ে উঠছে পার্সোনাল কমফোর্ট সিস্টেম। ছবি : সংগৃহীত
অফিস কিংবা বাসায় একই জায়গায় কেউ শীতে কাঁপছেন, আবার কেউ গরমে ঘামছেন। কারও কাছে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ঠিকঠাক, অন্যজনের কাছে সেটি বেশি ঠান্ডা। প্রতিনিয়ত এমন অভিজ্ঞতার সম্মুখীন হন অনেকেই। আসলে সবার শরীর ও আরামের অনুভূতি এক নয়। এই ব্যক্তিগত চাহিদার কথা মাথায় রেখেই জনপ্রিয় হয়ে উঠছে পার্সোনাল কমফোর্ট সিস্টেম।

এটি এমন এক প্রযুক্তি, যার মাধ্যমে পুরো ঘরের তাপমাত্রা না বদলে একজন ব্যক্তি নিজের আশপাশের পরিবেশকে প্রয়োজনমতো ঠান্ডা বা উষ্ণ রাখতে পারেন। ছোট ফ্যান, ব্যক্তিগত হিটার, তাপ নিয়ন্ত্রণ করা চেয়ার কিংবা ডেস্ক- এসবই পার্সোনাল কমফোর্ট সিস্টেমের উদাহরণ। ব্যক্তিগত ফ্যান মুখ বা শরীরের নির্দিষ্ট অংশে বাতাস দিয়ে গরমের অস্বস্তি কমায়। হিটিং চেয়ারের আসন ও পিঠে থাকা তাপ উৎপাদনকারী অংশ শরীরকে উষ্ণ রাখে। হিটিং ডেস্ক ও ফুট ম্যাট হাত-পা ঠান্ডা হয়ে গেলে প্রয়োজনমতো উষ্ণতা দেয়। আবার তাপ নিয়ন্ত্রণকারী পরিধেয় যন্ত্র যেমন- ব্রেসলেট বা বিশেষ পোশাকের মাধ্যমে শরীরের কাছাকাছি তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। মূলত ঘরের সবাইকে নিজের আরামের পরিবেশ বেছে নেওয়ার সুযোগ দেয় এই ব্যবস্থা। কিছু উন্নত ব্যবস্থায় ব্যবহারকারী নিজেই নিয়ন্ত্রণ বোতাম বা স্মার্ট প্রযুক্তির সাহায্যে তাপমাত্রা ও বাতাসের প্রবাহ ঠিক করতে পারেন।


পার্সোনাল কমফোর্ট সিস্টেমের প্রতি আগ্রহ বাড়ার অন্যতম কারণ ব্যক্তিভেদে আরামের চাহিদার পার্থক্য। একই তাপমাত্রায় একজন স্বস্তি পেলেও অন্যজন অস্বস্তি বোধ করতে পারেন। বয়স, পোশাক, শারীরিক গঠন ও দৈনন্দিন কাজের ধরনও এতে প্রভাব ফেলে।

বিশেষ করে অফিসে এই প্রযুক্তি বেশ কার্যকর হতে পারে। একটি কক্ষে অনেক কর্মী থাকলে সবার পছন্দ অনুযায়ী শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা নির্ধারণ করা কঠিন। ব্যক্তিগত ব্যবস্থায় প্রত্যেকে নিজের প্রয়োজন অনুযায়ী উষ্ণতা বা শীতলতা নিয়ন্ত্রণ করতে পারবেন। এতে কর্মক্ষেত্রে স্বস্তি বাড়ার পাশাপাশি তাপমাত্রা নিয়ে মতবিরোধও কমতে পারে।

এই প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জ্বালানি সাশ্রয়ের সম্ভাবনা। প্রচলিত শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থায় পুরো ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু ব্যক্তিগত ব্যবস্থায় শুধু ব্যবহারকারীর কাছাকাছি জায়গায় শীতলতা বা উষ্ণতা তৈরি করা হয়। ফলে, কেন্দ্রীয় শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর নির্ভরতা কমিয়ে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।


২০২২ সালে ‘এনার্জি অ্যান্ড বিল্ডিংস’ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় কম তাপমাত্রার অফিসে ব্যক্তিগত উষ্ণতা নিয়ন্ত্রণের ব্যবস্থা পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, হিটিং ডেস্ক প্যাড ও পায়ের উষ্ণতা নিয়ন্ত্রণের যন্ত্র একসঙ্গে ব্যবহার করলে কর্মীদের আরাম বাড়তে পারে। গবেষণায় পরিবেশের তাপমাত্রা তুলনামূলক কম রেখেও প্রায় ৭০ শতাংশ পর্যন্ত জ্বালানি সাশ্রয়ের সম্ভাবনার কথা উঠে আসে। তবে, এই ফলাফল নির্দিষ্ট গবেষণার পরিবেশ ও ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য।

প্রযুক্তির উন্নতির সঙ্গে পার্সোনাল কমফোর্ট সিস্টেম আরও ছোট, সহজে বহনযোগ্য ও ব্যক্তিনির্ভর হয়ে উঠছে। ভবিষ্যতে স্মার্ট চেয়ার, তাপ নিয়ন্ত্রণকারী পোশাক কিংবা শরীরে পরার যন্ত্রের মাধ্যমে মানুষ নিজের আরামের পরিবেশ আরও সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   পার্সোনাল কমফোর্ট সিস্টেম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: