শপিং করলে কি সত্যিই নারীদের মন ভালো হয়?

সময়ের আলো ডেস্ক

ফিচার

পছন্দের পোশাক, প্রসাধনী কিংবা শখের কোনো জিনিস কেনার পর অনেকেই মানসিক প্রশান্তি অনুভব করেন। বিশেষ করে নারীরা বেশি শপিং করে

2026-11-24T14:39:25+00:00
2026-11-24T14:42:48+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ফিচার
শপিং করলে কি সত্যিই নারীদের মন ভালো হয়?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:৩৯ পিএম  আপডেট: ২৪.১১.২০২৬ ২:৪২ পিএম
নিজের পছন্দ অনুযায়ী পণ্য বাছাই ও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ মানুষের মন ভালো করতে পারে। ছবি : সংগৃহীত
নিজের পছন্দ অনুযায়ী পণ্য বাছাই ও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ মানুষের মন ভালো করতে পারে। ছবি : সংগৃহীত
পছন্দের পোশাক, প্রসাধনী কিংবা শখের কোনো জিনিস কেনার পর অনেকেই মানসিক প্রশান্তি অনুভব করেন। বিশেষ করে নারীরা বেশি শপিং করে থাকেন। শপিং করলে সত্যিই মন ভালো হয় কি না, এর পেছনে রয়েছে মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যাও। 

গবেষণায় দেখা গেছে, কেনাকাটার সময় নিজের পছন্দ অনুযায়ী পণ্য বাছাই, বিভিন্ন বিকল্প যাচাই এবং সিদ্ধান্ত নেওয়ার সুযোগ মানুষের মন ভালো করতে পারে। এমনকি বাস্তবে কোনো পণ্য না কিনেও কেনাকাটার পরিকল্পনা বা কাল্পনিক কেনাকাটার মাধ্যমেও সাময়িক স্বস্তি পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের রস স্কুল অব বিজনেসের এক গবেষণায় দেখা গেছে, নিজের পছন্দ অনুযায়ী কেনাকাটার সিদ্ধান্ত নেওয়া মন খারাপের অনুভূতি কমাতে পারে। এমনকি কিছু না কিনে শুধু কাল্পনিকভাবে কেনাকাটার সিদ্ধান্ত নিলেও একই ধরনের প্রভাব দেখা যায়। গবেষকদের মতে, নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ মানুষের মধ্যে নিয়ন্ত্রণবোধ ফিরিয়ে আনে, যা মন খারাপের রেশ কমাতে সাহায্য করে। তবে, রাগ কমানোর ক্ষেত্রে এর কার্যকারিতা পাওয়া যায়নি।

মন খারাপ বা মানসিক চাপের সময় কেনাকাটার মাধ্যমে ভালো লাগার অভিজ্ঞতাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘রিটেইল থেরাপি’।


২০২৪ সালে ‘সায়েন্স সোশিও হিউম্যানিওরা’ সাময়িকীতে প্রকাশিত ‘দ্য ইমোশনাল ডাইমেনশনস অফ রিটেইল থেরাপি: আ লিটারেচার রিভিউ’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, কেনাকাটা কেবল প্রয়োজন মেটানোর মাধ্যম নয়, আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণের একটি উপায়ও হতে পারে।

মন খারাপ, একাকিত্ব কিংবা মানসিক চাপের সময় নিজের পছন্দের কিছু কেনা সাময়িক স্বস্তি দিতে পারে। পণ্য বাছাই, কেনাকাটার সিদ্ধান্ত নেওয়া, বন্ধু বা পরিবারের সঙ্গে শপিং কিংবা অনলাইনে পণ্য খোঁজার মধ্যেও এই আনন্দ কাজ করে। অনেকের কাছে নিজের জন্য কিছু কেনা একধরনের পুরস্কার কিংবা আত্মযত্নের অংশ। তবে, এই ভালো লাগা সাধারণত সাময়িক। আবেগের বশে অতিরিক্ত কেনাকাটা করলে পরবর্তী সময়ে আর্থিক চাপ তৈরি হতে পারে।

কেনাকাটা করলে মন ভালো হয় যেসব কারণে

পছন্দের কোনো পণ্য চোখে পড়লে কিংবা সেটি কেনার পরিকল্পনা করলে মস্তিষ্কের পুরস্কার-সংশ্লিষ্ট স্নায়বিক কার্যক্রম সক্রিয় হয়। এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে ডোপামিন নামের নিউরোট্রান্সমিটার। এটি মানুষের প্রেরণা, প্রত্যাশা এবং পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা তৈরিতে ভূমিকা রাখে।

অর্থাৎ, শুধু পণ্য কেনার পরই নয়, সেটি পাওয়ার প্রত্যাশা থেকেও আনন্দ ও উত্তেজনা তৈরি হতে পারে। পছন্দের পণ্য খোঁজা, দাম যাচাই, বিভিন্ন বিকল্পের তুলনা কিংবা কেনার সিদ্ধান্ত নেওয়ার সময়ও এই অনুভূতি কাজ করে।

স্নায়ুবিজ্ঞানী কেন্ট বেরিজ তার গবেষণায় ডোপামিনের ভূমিকা ব্যাখ্যা করতে ‘ওয়ান্টিং’ ও ‘লাইকিং’-এই দুটি ধারণার পার্থক্য তুলে ধরেছেন। তার মতে, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি এবং সেটির জন্য আগ্রহ নিয়ে চেষ্টা করার ক্ষেত্রে ডোপামিন গুরুত্বপূর্ণ। তবে, আনন্দ অনুভবের একমাত্র নিয়ন্ত্রক এটি নয়।

জীবনের বিভিন্ন পরিস্থিতিতে মানুষ যখন অসহায় কিংবা নিয়ন্ত্রণহীন বোধ করেন, তখন নিজের ছোটখাটো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও স্বস্তি দিতে পারে। 

২০১৪ সালে ‘জার্নাল অব কনজিউমার সাইকোলজি’ সাময়িকীতে প্রকাশিত ‘দ্য বেনিফিটস অফ রিটেইল থেরাপি: মেকিং পারচেজ ডিসিশনস রিডিউসেস রেসিডিউয়াল স্যাডনেস’ শীর্ষক গবেষণায় বিষয়টি উঠে এসেছে। স্কট আই. রিক, বিট্রিজ পেরেইরা ও ক্যাথরিন এ. বারসনের পরিচালিত ৩টি পরীক্ষায় দেখা যায়, কেনাকাটার ক্ষেত্রে নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া মানুষের মন খারাপের রেশ কমাতে পারে। এমনকি বাস্তবে কিছু না কিনে কাল্পনিক কেনাকাটার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও একই ধরনের প্রভাব দেখা গেছে।

গবেষকদের ব্যাখ্যা, নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ব্যক্তিগত নিয়ন্ত্রণবোধ ফিরিয়ে আনতে সাহায্য করে। তবে, এই প্রভাব সব ধরনের নেতিবাচক আবেগের ক্ষেত্রে সমান নয়।

মন খারাপ থাকলে অনেকেই একই বিষয় নিয়ে বারবার ভাবতে থাকেন। মনোবিজ্ঞানে এ ধরনের পুনরাবৃত্ত নেতিবাচক চিন্তাকে বলা হয় রুমিনেশন। কেনাকাটার সময় পণ্যের রং, নকশা, দাম ও মান যাচাইয়ের পাশাপাশি বিভিন্ন বিকল্পের তুলনা করতে হয়। এতে কিছু সময়ের জন্য মনোযোগ অন্যদিকে চলে যায়।


২০২১ সালে প্রকাশিত ‘ডাজ অনলাইন শপিং মেক পিপল ফিল বেটার?’ শীর্ষক একটি গবেষণায় দক্ষিণ কোরিয়ার নারী ক্রেতাদের ওপর অনলাইন কেনাকাটার প্রভাব পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, অনলাইন শপিংয়ে অংশ নেওয়া ব্যক্তিদের নেতিবাচক অনুভূতি কমেছে। শুধু পণ্য কেনা নয়, অনলাইনে বিভিন্ন পণ্য দেখা বা ব্রাউজ করার ক্ষেত্রেও মেজাজের উন্নতি লক্ষ্য করা গেছে।

অর্থাৎ, কেনাকাটার অভিজ্ঞতা অনেক সময় দৈনন্দিন দুশ্চিন্তা ও একঘেয়েমি থেকে সাময়িক বিরতি দিতে পারে। তবে, এটি দীর্ঘমেয়াদি মানসিক সমস্যার চিকিৎসা নয়।

নিজের পছন্দের পোশাক, প্রসাধনী কিংবা শখের জিনিস কেনার মধ্যেও অনেকে আত্মযত্নের অনুভূতি খুঁজে পান। ব্যস্ততার মধ্যে নিজের পছন্দকে গুরুত্ব দেওয়া কিংবা নিজের জন্য কিছু করার সুযোগ ইতিবাচক অনুভূতি তৈরি করতে পারে।

২০২১ সালের ওই গবেষণায় অনলাইন কেনাকাটার পর অংশগ্রহণকারীদের আত্মকার্যকারিতার অনুভূতিতেও উন্নতি দেখা যায়। আত্মকার্যকারিতা বলতে নিজের সক্ষমতা ও সিদ্ধান্তের ওপর বিশ্বাসকে বোঝায়। তবে এই ইতিবাচক প্রভাব সবার ক্ষেত্রে একই রকম হবে, এমন নিশ্চয়তা নেই।

কেনাকাটা সাময়িকভাবে মন ভালো করতে পারে। কিন্তু মন খারাপ হলেই শপিংকে সমাধান হিসেবে বেছে নেওয়া কিংবা প্রয়োজনের বাইরে বারবার পণ্য কেনার অভ্যাস বিপদের কারণ হতে পারে। বিশেষ করে আবেগের বশে কেনাকাটা বা ইমপালস বায়িং ব্যক্তিগত আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

২০১৮ সালে ‘সাইকোলজি অ্যান্ড মার্কেটিং’ সাময়িকীতে প্রকাশিত ‘অ্যান্টিসিডেন্টস অ্যান্ড কনসিকোয়েন্সেস অফ ক্রনিক ইমপালসিভ বায়িং’ শীর্ষক গবেষণায় যুক্তরাজ্যের ১ লাখ ৯ হাজার ৪৭২ জনের তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা গেছে, আবেগ নিয়ন্ত্রণে যাদের সমস্যা বেশি, তাদের মধ্যে হঠাৎ কেনাকাটার প্রবণতাও বেশি। পাশাপাশি অতিরিক্ত ইমপালসিভ কেনাকাটার সঙ্গে প্রতিকূল আর্থিক পরিস্থিতির সম্পর্ক পাওয়া গেছে।

অর্থাৎ, মন ভালো করার উদ্দেশ্যে কেনাকাটা করতে গিয়ে অতিরিক্ত খরচ, ঋণ কিংবা আর্থিক অনিশ্চয়তা তৈরি হলে সেই কেনাকাটাই পরবর্তী সময়ে নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে।

সময়ের আলো/মহু
  বিষয়:   শপিং  নারী  মন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: