ফরেস্ট বাথিং : শরীর-মন সুস্থ রাখার জাদুকরী কৌশল

সময়ের আলো ডেস্ক

ফিচার

ব্যস্ত নাগরিক জীবনে মানসিক চাপ ও ক্লান্তি যেন নিত্যসঙ্গী। এমন পরিস্থিতিতে কিছুটা সময় প্রকৃতির সান্নিধ্যে কাটানো শরীর ও মনের জন্য

2026-11-24T13:41:47+00:00
2026-11-24T13:43:33+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ফিচার
ফরেস্ট বাথিং : শরীর-মন সুস্থ রাখার জাদুকরী কৌশল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:৪১ পিএম  আপডেট: ২৪.১১.২০২৬ ১:৪৩ পিএম
প্রকৃতির সান্নিধ্যে কাটানো শরীর ও মনের জন্য উপকারী হতে পারে। ছবি : সংগৃহীত
প্রকৃতির সান্নিধ্যে কাটানো শরীর ও মনের জন্য উপকারী হতে পারে। ছবি : সংগৃহীত
ব্যস্ত নাগরিক জীবনে মানসিক চাপ ও ক্লান্তি যেন নিত্যসঙ্গী। এমন পরিস্থিতিতে কিছুটা সময় প্রকৃতির সান্নিধ্যে কাটানো শরীর ও মনের জন্য উপকারী হতে পারে। জাপানে প্রচলিত এমনই একটি পদ্ধতির নাম ‘শিনরিন-ইয়োকু’, যা বিশ্বজুড়ে পরিচিত ‘ফরেস্ট বাথিং’ বা বন-স্নান হিসেবে।

ফরেস্ট বাথিং মানে শুধু বনে হাঁটা নয়; বরং চোখ, কান, নাক ও স্পর্শের অনুভূতি কাজে লাগিয়ে প্রকৃতিকে গভীরভাবে উপলব্ধি করা। গাছের সবুজ, পাখির ডাক, পাতার মর্মর শব্দ কিংবা বাতাসের স্পর্শ- সবকিছুর মধ্য দিয়ে প্রকৃতির সঙ্গে সময় কাটানোই এই পদ্ধতির মূল কথা।

১৯৮০-এর দশকে জাপানে ‘শিনরিন-ইয়োকু’ ধারণার প্রচার শুরু হয়। জাপানি ভাষায় ‘শিনরিন’ অর্থ বন এবং ‘ইয়োকু’ অর্থ স্নান। অর্থাৎ, বনের পরিবেশে নিজেকে ডুবিয়ে রাখার অভিজ্ঞতাই ফরেস্ট বাথিং।


প্রযুক্তিনির্ভর ও ব্যস্ত জীবন থেকে মানুষকে কিছুটা সময় প্রকৃতির কাছে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যেই জাপানে এই ধারণা জনপ্রিয়তা পায়। পরবর্তী সময়ে ইউরোপ ও আমেরিকাতেও এর চর্চা ছড়িয়ে পড়ে। মানসিক প্রশান্তি ও চাপ কমানোর সহায়ক অনুশীলন হিসেবে অনেক জায়গায় এটি গুরুত্ব পাচ্ছে।

বিজ্ঞানীদের মতে, বনের পরিবেশে থাকা গাছপালা থেকে ‘ফাইটনসাইড’ নামের কিছু জৈব যৌগ বাতাসে ছড়ায়। এসব যৌগ এবং প্রাকৃতিক পরিবেশের অন্যান্য উপাদান মানুষের শরীর ও মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

জাপানের নিপ্পন মেডিকেল স্কুলের কিছু গবেষণায় দেখা গেছে, বনের পরিবেশে সময় কাটানোর পর শরীরে প্রাকৃতিক ঘাতক বা ‘এনকে’ কোষের সক্রিয়তা বাড়তে পারে। এসব কোষ ভাইরাসে আক্রান্ত ও অস্বাভাবিক কোষ শনাক্ত করে ধ্বংস করতে ভূমিকা রাখে।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, প্রকৃতির মধ্যে ৯০ মিনিট হাঁটলে মস্তিষ্কের দুশ্চিন্তা ও নেতিবাচক চিন্তার সঙ্গে সম্পর্কিত কার্যকলাপ কমতে পারে। প্রকৃতির সান্নিধ্য মানসিক প্রশান্তি বাড়াতে এবং চাপ কমাতে সহায়তা করে।

শান্ত ও সবুজ পরিবেশে সময় কাটানো রক্তচাপ ও হৃদ্‌স্পন্দন কমাতে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নিয়মিত হাঁটার সঙ্গে প্রকৃতির সান্নিধ্য যুক্ত হলে তা সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে।


তরুণদের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের অভ্যাস কমাতেও ফরেস্ট বাথিং সহায়ক হতে পারে। প্রকৃতির মধ্যে কিছুক্ষণ ফোন থেকে দূরে থাকলে মনোযোগ ধরে রাখা এবং দৈনন্দিন ব্যস্ততা থেকে বিরতি নেওয়া সহজ হয়।

পাশাপাশি প্রকৃতির মধ্যে নিয়মিত হাঁটা শারীরিক সক্রিয়তা বাড়ায়। এটি ডায়াবেটিসসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি নিয়ন্ত্রণে সহায়ক জীবনযাপনের অংশ হতে পারে।

ফরেস্ট বাথিংয়ের জন্য বিশেষ কোনো সরঞ্জাম বা প্রশিক্ষণের প্রয়োজন নেই। প্রকৃতির কাছাকাছি গিয়ে সচেতনভাবে চারপাশের পরিবেশ অনুভব করাই যথেষ্ট। গাছের ছায়ায় কিছুক্ষণ চুপচাপ বসে পাখির ডাক, ঝিঁঝিঁ পোকার শব্দ কিংবা বাতাসে পাতার নড়াচড়া শুনুন। চেষ্টা করুন বাইরের শব্দের বদলে প্রকৃতির শব্দে মনোযোগ দিতে।

গাছের পাতা, ফুল, ঘাস কিংবা পাতার ফাঁক দিয়ে আসা সূর্যের আলো মনোযোগ দিয়ে দেখুন। গাছের বাকল, পাতা কিংবা ঘাসের স্পর্শ অনুভব করুন। তবে, গাছপালা বা পরিবেশের কোনো ক্ষতি করা যাবে না। নিরাপদ ও পরিচ্ছন্ন জায়গায় থাকাই গুরুত্বপূর্ণ।

ফরেস্ট বাথিংয়ের সময় ফোনের ব্যবহার কমিয়ে দিন। ছবি তোলা বা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত না থেকে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন।

ফরেস্ট বাথিংয়ের জন্য দূরের কোনো পাহাড়ি বন কিংবা পর্যটনকেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই। বাড়ির পাশের বাগান, ছায়াঘেরা পুকুরপাড় কিংবা কাছের কোনো পার্কেও শুরু করা যায় এই অভ্যাস। মূল বিষয় হলো, কিছুটা সময় দৈনন্দিন ব্যস্ততা থেকে দূরে থেকে প্রকৃতিকে মন দিয়ে অনুভব করা।

মানসিক চাপ কমানো ও সুস্থ জীবনযাপনের জন্য প্রকৃতির সান্নিধ্য হতে পারে সহজ একটি অভ্যাস। তাই কৃত্রিম পর্দার জগৎ থেকে কিছুটা বিরতি নিয়ে ফিরে যেতে পারেন সবুজের কাছে। কখনো কখনো শরীর ও মনের প্রশান্তির জন্য এর চেয়ে সহজ উপায় আর হয় না।

সময়ের আলো/মহু

  বিষয়:   ফরেস্ট বাথিং  শরীর  মন  স্বাস্থ্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: