প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৮:২৪ পিএম
ছবি : সংগৃহীত গত ১৭ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নয়নের নানা কথা শোনা গেলেও দায়িত্ব নেওয়ার পর বাস্তবে তেমন কোনো অগ্রগতি চোখে পড়েনি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ভালুকায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) বাস্তবায়নাধীন ডোমেস্টিক রুফটপ সোলার (ডিআরএস) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘১৭ বছর উন্নয়নের গণতন্ত্রের গল্প শুনেছি। উন্নয়নের গণতন্ত্র ছিল নির্বাচন ছাড়া সরকার গঠন করা। সেই উন্নয়নের কথা বলে মুখে ফেনা তুলে ফেলা হয়েছে। কিন্তু আমরা দায়িত্ব গ্রহণ করার পর বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো উন্নয়ন দেখতে পাইনি।’
তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নয়নের নামে আতশবাজি জ্বালানো হয়েছিল। শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেওয়া হয়েছিল। আমি এসে দেখলাম, ময়মনসিংহ পাওয়ার স্টেশন চালানোর জন্য যে গ্যাস প্রয়োজন, তা-ও নেই। আমরা পরিস্থিতির উন্নয়নের চেষ্টা করছি।’
ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আমি, প্রতিমন্ত্রী, বিদ্যুৎ সচিব ও চেয়ারম্যান ২৪ ঘণ্টা সতর্ক থাকি, কখন প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপ থেকে বার্তা আসে যে দেশের কোনো গ্রামে বিদ্যুৎ নেই। প্রধানমন্ত্রী দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে সবার আগে নিজের বাড়িতে সোলার লাগিয়েছেন। আমরা মানুষের উন্নয়নে কাজ করছি। অথচ বিরোধী দল সরকারের বিরুদ্ধে লংমার্চ করছে। বিএনপি কাজে বিশ্বাস করে।’
তিনি বলেন, ‘আমরা আমাদের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি।’
উপজেলা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ। সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মো. আশফাকুল আমিন মুকুট, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আনিছুজ্জামান এবং ইডকলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম মনিরুল ইসলাম।
এর আগে মন্ত্রী ভালুকার সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বাসা এবং পৌরসভার ভান্ডাব গ্রামের সোহেল রানার বাসায় ডোমেস্টিক রুফটপ সোলার (ডিআরএস) কর্মসূচির উদ্বোধন করেন।
সময়ের আলো/জেডি