একই গ্রামে ২০৮ পরিবারের বিরুদ্ধে মামলা দিলেন এসআই

জামালপুর সংবাদদাতা

সারাদেশ

জামালপুরের একটি গ্রামের ৩০৮টি পরিবারের মধ্যে ২০৮টি পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে।

2026-10-30T21:28:22+00:00
2026-10-30T21:28:22+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ
একই গ্রামে ২০৮ পরিবারের বিরুদ্ধে মামলা দিলেন এসআই
জামালপুর সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:২৮ পিএম 
ছবি : সংগৃহীত
জামালপুরের একটি গ্রামের ৩০৮টি পরিবারের মধ্যে ২০৮টি পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত এসআই আনোয়ার হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে জামালপুর সদর উপজেলার ১২ নম্বর তিতপল্লা ইউনিয়নের চরশী খলিফাপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত এসআই আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত আতাউর রহমান আতাবালীর ছেলে। বর্তমানে তিনি নওগাঁর বদলগাছী থানায় কর্মরত।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, গ্রামের ৩০৮টি পরিবারের মধ্যে ২০৮টি পরিবারের সদস্যদের বিবাদী করে জামালপুর জজ আদালতে একটি বাঁটোয়ারা মামলা করেছেন এসআই আনোয়ার হোসেন। জমি নিয়ে বিরোধের জেরে মাওলানা ওবায়দুর রহমানের জমি দখলের চেষ্টা, ফসল নষ্টের হুমকি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানোর অভিযোগও করেন তারা।

মানববন্ধনে ভুক্তভোগী মমতা বেগম বলেন, ‘আমাদের গ্রামের ২০৮টি পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন আনোয়ার দারোগা। আমি একজন নারী। এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে আমাকে কেন মামলায় জড়ানো হলো? আমি এর বিচার চাই।’

এলাকার বাসিন্দা শহীদ বলেন, ‘আমাদের এলাকার ছোট-বড়, নারী-পুরুষ সবাইকে মামলায় জড়ানো হয়েছে। সবাইকে হয়রানির মধ্যে রাখা হচ্ছে। আমার নামে মামলা না দিলেও প্রতিবাদ করলে আমার বিরুদ্ধেও মামলা দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। আমরা আনোয়ার দারোগার বিচার চাই।’


তিতপল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হানি শেখ বলেন, ‘আমাদের এলাকার ছেলে আনোয়ার দারোগা হয়ে গ্রামের ৩০৮টি পরিবারের মধ্যে ২০৮টি পরিবারকে মামলায় জড়িয়েছেন। আমাকে গালিগালাজ ও অপপ্রচার চালিয়ে মামলায় জড়ানোর চেষ্টা করেছেন। এত মানুষের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে সরকারের কাছে অনুরোধ জানাই। আমরা এ ঘটনার বিচার চাই।’

অভিযোগের বিষয়ে এসআই আনোয়ার হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে যে মানববন্ধন করা হয়েছে, সেখানে মূলত লোক ভাড়া করে আনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ওবায়দুর রহমান দীর্ঘদিন ধরে আমার জমি দখল করে ভোগদখল করে আসছেন। আমাদের সম্পত্তি নিয়ে বিরোধের কারণে আদালতে বাঁটোয়ারা মামলা করেছি। এলাকার আরও কয়েকজন আমাদের সম্পত্তি দখল করে রেখেছেন। এ কারণেই আমরা মামলা করেছি।’

সময়ের আলো/এসএকে
  বিষয়:   গ্রাম  পরিবার  মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: