প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৮:৪১ এএম আপডেট: ৩১.১০.২০২৬ ৮:৪১ এএম
ছবি : সংগৃহীত টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমানো হয়েছে। একই সঙ্গে কমেছে রুপার দামও।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ১২৫ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে এ ক্যাটাগরির সোনার দাম কমেছে ১ হাজার ৬৩৩ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছে।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
সময়ের আলো/এসএকে